বাংলাদেশের ভুল স্বীকারের পর আফসোস
সেঞ্চুরিয়ান ওয়াসিম জাফরও বিস্মিত হয়েছিলেন টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়েছে দেখে। বিস্মিত হয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। বাংলাদেশ দলও বিস্মিত হয়েছে, তবে সেটা দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দিয়ে।
তাই দিন শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে আসামীর কাঠগড়ায় ডেভ হোয়াটমোর। নিজের বাংলাদেশ অধ্যায়ের একেবারে শেষভাগে এসে অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত কোচকে দুঃখ --- আফসোস করতে হচ্ছে, “এই সিদ্ধান্তের জন্য আমরা দুঃখিত। উইকেট এরকম আচরণ করবে জানলে আমরা অবশ্যই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতাম না। আমরাও প্রথমে ব্যাট করতে পারতাম,তখন কন্ডিশন ওদের জন্যও কঠিন হতে পারতো।”
প্রশ্নটা সেখানেই, টস জিতে ফিল্ডিং নেওয়া কেন? যখন অধিনায়ক আগেই জানিয়ে রেখেছিলেন টস জিতলে ব্যাটিং নেবে বাংলাদেশ! কিন্তু শুক্রবার সকালে এসে পাল্টে গেল এই সিদ্ধান্ত। হোয়াটমোরের ব্যাখ্যা, “সিদ্ধান্ত নেওয়ার আগে হাবিবুল অবশ্যই আমার সঙ্গে আলাপ করেছে। আমরা সবার সঙ্গেই আলাপ করেছি, সহ -- অধিনায়ক, নির্বাচকরাও ছিল ---- সবাই মিলে আলাপ করেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তার ফল হচ্ছে বাংলাদেশের জন্য নিষ্ফলা একটি দিন, তিন পেসার তো অবশ্যই, সবাই মিলে শত চেষ্টা করে ভারতের একটি উইকেটও নিতে পারেননি।
নিজেদের ভুল সিদ্ধান্ত, ক্যাচ ফেলার মহড়া --- সব মিলিয়ে প্রতিপক্ষের হাতে ম্যাচ তুলে দেওয়ার পরও ম্যাচে ফেরার স্বপ্ন দেখছেন বাংলাদেশের কোচ ! “ব্যাটসম্যান হলে এই উইকেট পছন্দ হবে আর বোলারদের জন্য এটা খুব কঠিন। তাই বাংলাদেশী ব্যাটসম্যানদের এই সুযোগটা নিতে হবে”---- বলেছেন হোয়াটমোর। যদিও চট্টগ্রাম টেস্টের অভিজ্ঞতা বলে ভিন্নকথা, বলে --- বাংলাদেশের টপ অর্ডার হুড়মুড় করে ভেঙ্গে পড়ার কথা।
তাছাড়া বাংলাদেশের ইনিংস শুরুর আগে তো ভারতের ইনিংস কোথায়, কখন শেষ হয় সেজন্যও অপেক্ষা করতে হবে। সেটা ভেবে যেন কোচ আবার শংকার মধ্যে পড়ে গেছেন, “আগামী দিনটি আরো কঠিন হবে বোলারদের জন্য। ভারতের ১০ উইকেট তুলে নেওয়া খুব কঠিন কাজ। বোলারদের সেরাটাই দিতে হবে।” ভারত ইনিংস ঘোষনা না করলে ১০ উইকেটই নিতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কাজ হচ্ছে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশী ব্যাটসম্যানদেরও ভালো ব্যাটিং করতে হবে। যারা বেশিরভাগ ক্ষেত্রে একটা কাজ ভালোভাবে করতে গেলে অন্যটায় তালগোল পাকিয়ে ফেলে তাদের কাছেই ‘সর্বাঙ্গ সুন্দর’ চাওয়া হচ্ছে। আর এটাকেই কোচ বলছেন “আসল পরীক্ষা”।
