২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কোচ হিসেবে হোয়াটমোরের শেষ ম্যাচ

বিদায়ী টেস্টেও হোয়াটমোর নিরাবেগ ! এতদিনের পরিচিত সঙ্গ-অনুষঙ্গ ছেড়ে যাওয়ার ব্যাপারটাও এতটুকু নাড়া দেয় না তাকে!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটির মধ্য দিয়েই শেষ হয়ে যাচ্ছে ডেভ হোয়াটমোরের বাংলাদেশ অধ্যায়। তাতে তিনি এতটুকু আবেগাক্রান্ত নন, “৪ বছর এখানে ছিলাম। এখন একটা বিরতি দরকার। তবে এখানকার পরিবেশ আমার পছন্দ হচ্ছে না, ব্যাপারটা এমন নয়। আমার ছেড়ে যাওয়ার সময়টা খুব ভালো। কারণ, খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।”

২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ডেভ হোয়াটমোর। তার হাতে বাংলাদেশের ক্রিকেট অনেক পরিণত হয়েছে। তা অকুন্ঠচিত্তে স্বীকারও করে বাংলাদেশের মানুষ। কিন্তু বাংলাদেশের মানুষ অবাকও হয়েছে গত বিশ্বকাপে হোয়াটমোর চরিত্রের নতুন দিক দেখে। টুর্নামেন্টের মাঝপথেই নিজেকে নিলামে তুলে দিয়ে চাকরির বাজার যাচাই করতে শুরু করেছিলেন। তারপর এই সিরিজ চলাকালীনও ভারতের কোচ হওয়ার জন্য মরীয়া হয়ে উঠেছেন। এক দেশের কোচ হয়েও সিরিজের মাঝপথে প্রতিপক্ষের কাছে যাওয়ার জন্য তার অমন অস্থিরতা এ দেশবাসীকে খানিকটা লজ্জিতই করেছে।

নিজেকে এতটা বিজ্ঞাপিত করেও অবশ্য এখন পর্যন্ত নিজের পরবর্তী ঠিকানা নিশ্চত করতে পারেননি বাংলাদেশের এই বিদায়ী কোচ।