ড্রাগ রাখার অভিযোগে মনিন্দর গ্রেফতার
ড্রাগ রাখার দায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মনিন্দর সিং। গত মঙ্গলবার রাতে দিল্লির পুলিশ নিজের বাসা থেকে দেড় গ্রাম পরিমাণ কোকেনসহ গ্রেফতার করে নিয়ে যায় তাকে। বুধবার অবশ্য আদালত থেকে জামিন পেয়েছেন এক সময়ের এই বাঁহাতি স্পিনার।
ভারতের হয়ে ৩৫ টেস্টে ৮৮ উইকেট পাওয়া মনিন্দর খেলা ছেড়ে দিলেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত আছেন এখনো। ধারাভাষ্যকার হিসেবে কাজ করার পাশাপাশি দিল্লীর ক্লাব ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করেন তিনি। তারই ক্লাবের একজন ক্রিকেটার সায়াম সিদ্দিকীকেও গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে। তার কাছে পাওয়া গেছে ১০০ গ্রাম চরশ।
পুলিশ কর্মকর্তা রাজন ভগতের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপির একটি রিপোর্টে জানানো হয়েছে, তারা ওই ড্রাগস বিনিময় করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মনিন্দরের কাছ থেকে যে পরিমাণ ড্রাগস উদ্ধার করা হয়েছে তাতে তাকে ড্রাগস বিক্রির দায়ে অভিযুক্ত করা যায় না, ব্যক্তিগতভাবে ড্রাগস নেওয়ার অভিযোগই আনা যায়। এই অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের জেল অথবা জরিমানা অথবা দুটো শাস্তিই পেতে পারেন তিনি।
পুলিশের অন্য একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্দো---এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে ৪১ বছর বয়সী মনিন্দর স্বীকার করেছেন পারিবারিক অশান্তির কারণে তিনি ড্রাগে আসক্ত হয়ে পড়েছেন। ১০ বছর আগে নেদারল্যান্ডস সফরে গিয়ে প্রথম ড্রাগস নিয়েছিলেন তিনি।
