শ্রীলঙ্কার সান্ত্বনার জয়
সিরিজের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচটা তাই ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা আর মর্যাদার লড়াই। মঙ্গলবার আবুধাবিতে ওয়ারিদ কাপ সিরিজের সেই মর্যাদার লড়াইয়ে সান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে ১১৫ রানের বড় ব্যবধানেই হারিয়েছে বিশ্বকাপ রানার্স আপরা।
টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েছে তারা। তারপর ৭ ওভার ১ বল বাকি থাকতে পাকিস্তানের ইনিংস গুঁড়িয়ে দিয়েছে মাত্র ১৮১ রানে।
অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ৮৩ আর চামারা সিলভার ৬৪ রানের ইনিংসদুটিতে ভর করেই গড়ে উঠেছে শ্রীলঙ্কার ইনিংস। চতুর্থ উইকেটে ১২৪ রানের জুটি গড়েছেন তারা। ৮১ বলের ইনিংসে দুটি ছক্কা আর সাতটি বাউন্ডারি মেরেছেন জয়াবর্ধনে, সিলভার ৮৭ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। এছাড়া উপুল থারাঙ্গা ৩৭ বলে ৪০ এবং শেষ দিকে তিলকরতেœ দিলশান মাত্র ১৪ বলে ২৮ রানের দুটি কার্যকর ইনিংস খেলেছেন। পাকিস্তানের পক্ষে রাও ইফতিখার আঞ্জুম ৫৩ রানে নিয়েছেন তিন উইকেট।
জবাব দিতে নামা পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে মূল ভূমিকা রেখেছেন মিডিয়াম পেসার দিলহারা ফার্নান্ডো। মাত্র ২০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ফারভিজ মাহারুফ ৪৩ রানে এবং কৌশল লোকুয়ারাচ্চি ৩২ রানে নিয়েছেন দুটি করে উইকেট। শ্রীলঙ্কান সাঁড়াশি আক্রমণের সামনে পাকিস্তানের হয়ে লড়াই করেছেন কেবল অধিনায়ক শোয়েব মালিক, ৮৫ বলে চারটি বাউন্ডারি ও চারটি ছক্কাসহ ৭৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে ওপেনার মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে।
প্রথম দুটি ম্যাচে ৫ উইকেট ও ৯৮ রানে হারার পর এই জয় বিদায়ী কোচ টম মুডিকেই উৎসর্গ করেছেন শহিদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার পাওয়া জয়াবর্ধনে। ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটি পেয়েছেন ফার্নান্ডো।
