মাশরাফি বাংলাদেশ দলে আছে বলেই.....
মাশরাফির মতো একটা খেলোয়াড় যদি আমাদের থাকত! এই কথাটাই শুধু রাহুল দ্রাবিড় বলতে বাকি রাখলেন। নইলে প্রতিপক্ষের একজন খেলোয়াড় সম্পর্কে যত বেশি বলা যায় ততোটাই বলে তবে থামলেন রাহুল দ্রাবিড়। ড্র হওয়া ম্যাচে কে কী পেলো না পেলো, কী হলে কী হতো না হতো হিসাব --- মেলানোর চেষ্টা চলে সংবাদ সম্মেলনে, এখানেও চলছিল, তার মধ্যেই এল মাশরাফি প্রসঙ্গ। এবং সেটা বলতে গিয়ে দ্রাবিড় এমন গদগদ হয়ে গেলেন যে প্রায় সব বাংলাদেশী সাংবাদিকদের লেখার শিরোনাম হয়ে গেলো।
“মাশরাফিকে তো আপনি দেখলেন। তার পারফরম্যান্সটাকে আপনি কীভাবে মুল্যায়ন করেন?” প্রশ্নটা ছিল এরকম। উত্তরটাও ক্রিকেট অধিনায়কদের চিরন্তন ফ্রেমের মধ্যে থেকেই দিতে পারতেন, কিন্তু দ্রাবিড় যেন মাশরাফির প্রশংসা করার জন্য মুখিয়ে ছিলেন। এখন সেই বাঁধটা খুলে দেয়া হয়েছে। “সত্যি বললে সে অসাধারণ। দারুণ বল করছে, তারপর লেট অর্ডারে নেমে নিয়মিত রান করছে, সত্যিকারের অলরাউন্ডার। উপমহাদেশেই এরকম কার্যকর পেস বোলিং অলরাউন্ডার নেই। পেস বোলিং অলরাউন্ডার থাকলে একটা দলের জন্য সেটা খুব ভালো হয়। দলের গঠণপ্রনালীতে তা খুব কাজে আসে।” একটানা বলে গেলেন দ্রাবিড় এবং পেছনে অব্যক্ত থাকল সেই আফসোস, “আহ! এরকম একটা বোলার যদি থাকত আমাদের।” দ্রাবিড় আফসোসটা বোঝাতে টেনে আনলেন বর্তমান বিশ্বের সেরা পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকেও। ফ্লিনটফ দলে থাকায় ইংল্যান্ডের কী সুবিধা হয় সেটা ব্যাখ্যা করে বোঝালেন সেই দিন দূরে নয় যেদিন মাশরাফির কারণে সবগুলো দল বাংলাদেশকে ঈর্ষা করবে। সেটা শুরু হচ্ছে অবশ্যই ভারতকে দিয়ে, হওয়ারই কথা। ভাবা যায় ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটো জয়েই তিনি ম্যান অব দ্য ম্যাচ এবং তারপর এই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চার ছক্কা মারার কৃতিত্বের পর এখানে ব্যাট ---বল দুটো হাতেই অসাধারণত্ব দেখিয়ে আবার ম্যান অব দ্য ম্যাচ।
আগের দিনের বৃষ্টির কুপ্রভাবে শেষ দিনের জন্য তৈরি মঞ্চটায় খুব জম্পেশ নাটক দেখা গেলো না, কিন্তু দ্রাবিড় বাংলাদেশকে ৪৩ ওভারে ২৫০ রানের টার্গেট দিয়ে শেষ দিনটাকে নি®প্রাণও রাখলেন না। আসলে কী ছিল তার পরিকল্পনা? “আমি আসলে চেয়েছিলাম ম্যাচটাকে একটু জমিয়ে তুলতে। তাছাড়া মনে হচ্ছিল শুরুতে যদি কয়েকটা উইকেট ফেলে দেই তাহলে একটা কিছু হলেও হতে পারে।” এবং হাবিবুলেরও মনে হচ্ছিল একটা কিছু হলেও হতে পারে, “না। ডিক্লারেশনটাতে আমরা অবাক হইনি। জানতাম একটা সময়ে তারা সুযোগও নেবে। তা সেই সুযোগ আমাদের সামনেও খানিকটা ছিল। আমরা ঠিক করেছিলাম শুরুতে উইকেট হারানোর ঝুঁকি নেবো না। এবং সেটা যদি হয়ে যায় তাহলে একটা সুযোগ নেবো।” সেই সুযোগ নেয়ার ইচ্ছাটা অন্তত হাবিবুলের ব্যাটের ভাষায় ধরা পড়ছিল। বহুদিন পর বাংলাদেশ অধিনায়কের ব্যাটে দেখা গেলো পুরনো ঝলক, হারানো আত্মবিশ্বাসের ছটা, ফিফটি ---টা পাওয়া হলো না বটে, যেভাবে আউট হলেন সেটাও গ্রহণযোগ্য নয়, কিন্তু হাবিবুলের ব্যাখ্যা শুনলে মনে হচ্ছে ঠিকই আছে, “আমার মনে হচ্ছিল ওই টার্গেটটাতে যেতে হলে আমাদের কেউ একজনকে চালিয়ে খেলতে হবে। যেহেতু আমার ব্যাটে --- বলে হচ্ছিল ঠিকঠাক, বিশ্বাসটাও পাচ্ছিলাম তাই চাচ্ছিলাম চেষ্টা করে দেখার।” ঝুঁকি নিতে গিয়ে ফিফটি হয়নি এবং অসম্ভব টার্গেটকে সম্ভবও করা হয়নি, তাহলেও হাবিবুল মনে করেন, এই ম্যাচ থেকে মনস্তাত্বিক জয়টা বাংলাদেশেরই হয়েছে, “আমি বলব মনস্তাত্বিক জয়টা আমাদেরই হয়েছে। আমরা খেলায় যেভাবে ফিরে এসেছি সেটা দারুণ। প্রথম দিনে তারা ভালো ব্যাট করেছিল, কিন্তু আমরা এরপরই ফিরে এসে ওদের দ্রুত রান তুলতে দেইনি। দ্বিতীয় ইনিংসেও ওরা যেভাবে চেয়েছিল সেভাবে খেলতে দেইনি। ফলো অন থেকে ওভাবে ফিরে আসতে পারাটাও দারুণ একটা ব্যাপার। আর ব্যাটসম্যানরাও দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের ভুলটা করেনি। কাজেই আমি মনে করি সব মিলিয়ে আমরা ভালোই খেলেছি।” রাহুল দ্রাবিড়ের কাছে কথাটা তোলা হলো এবং সঙ্গত কারণেই সমর্থন পাওয়া গেলো না। দ্রাবিড় উড়িয়ে দিয়ে বললেন, “আমি মোটেও মনে করি না বাংলাদেশ এখান থেকে কোনো মনস্তাত্বিক সুবিধা পেয়েছে। কারণ ম্যাচটা যদি দেখেন তাহলে সিংহভাগ ক্ষেত্রে আমরাই এগিয়ে ছিলাম। শুধু মাত্র প্রথম ইনিংসে নবম উইকেট জুটিতে ওরা যেভাবে বেরিয়ে গেছে সেসময়টাই ছিল আমাদের জন্য ব্যর্থতার। কাজেই আমি মনে করি না কেউ কোনো বাড়তি মনস্তাত্বিক সুবিধা পেয়েছে। এটা ড্র ম্যাচ এবং ঢাকায় ম্যাচটা শুরু হবে ০ --- ০ অবস্থা থেকে।”
রাহুল দ্রাবিড় না মানুন, সবমিলিয়ে সত্য এটাই যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নামবে প্রথম টেস্টজাত আত্মবিশ্বাস নিয়ে। ও হ্যাঁ, ০ --- ০ থাকাটাও বাংলাদেশের জন্য বিরাট একটা ব্যাপার। কারণ বেশিরভাগ সিরিজে তো দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে নামতে হয় প্রথম টেস্টে হারের বিশাল বোঝা পিঠে নিয়ে। তার চাপেই নত মানসিকতা এবং সেখানে নির্বিঘেœ তোপ চালায় প্রতিপক্ষ।
কারণ কিন্তু একটাই। বাংলাদেশ দলে এই টেস্টে মাশরাফি ছিলেন। যার না থাকা নিয়ে এখন রাহুল দ্রাবিড়কেও মাথা ঘামাতে হয়। তার সংবাদ সম্মেলন কখনও কখনও হয়ে দাঁড়ায় মাশরাফির উদ্দেশ্যে মানপত্র পাঠের আসর।
