শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার আগেই জানা হয়ে যাবে নতুন কোচের নাম
রতœাকর শেঠি, রাজীব শুক্লা এবং নিরঞ্জন শাহ--- ভারতীয় এই তিন কর্তা রোববার রাতে ডেভ হোয়াটমোরের রুমে গিয়েছিলেন। কথাও বলেছেন তার সঙ্গে। কিন্তু কী কথা হয়েছে সে বিষয়ে দু---পক্ষই চুপ। তাই হোয়াটমোরের ভারতের কোচ হচ্ছেন কি হচ্ছেন না সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তবে খুব সম্ভব তার আগেই হোয়াটমোরের উত্তরসূরীর নামটা জানা হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মাহবুব আনাম জানিয়েছেন, “৪ জুন শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল ঘোষিত হবে। আশা করছি তার আগেই আমরা বাংলাদেশের নতুন কোচের নাম জানাতে পারব।”
নতুন কোচের নাম কী হবে সেটা নিয়ে অনেক গুঞ্জন, সম্ভাব্যদের অনেক তালিকা বাতাসে, কিন্তু মাহবুব আনাম বলছেন, “আমরা অনেককে চেষ্টা করেছি, যোগাযোগ করছি, কিন্তু এখনও নিশ্চিত হয়নি কিছুই।” এমনিতে সফরের আগে অধিনায়ক---সহ-অধিনায়ক এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু হাবিবুল বাশারের ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্নবোধক থাকায় ওই সফরের অধিনায়ক, সহ---অধিনায়ক কারা হচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এবার দল ঘোষণার আগেই অধিনায়ক----সহ অধিনায়কের নাম জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশের কোচ হিসেবে কে হচ্ছেন হোয়াটমোরের উত্তরসূরি সেটার চেয়েও চট্টগ্রামের আকাশে---বাতাস বেশি ভারি করছে এই অস্ট্রেলিয়ানের নিজের ভবিষ্যত। সফরে আসা ভারতীয় ক্রিকেট বোর্ডের বড়কর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে তার নির্লজ্জ চেষ্টা চোখে পড়েছে সবারই। বিসিসিআই কর্মকর্তাদের সামনে নিজের যোগ্যতা সম্পর্কে একটা ‘প্রেজেন্টেশন’ও নাকি করেছেন তিনি। কিন্তু বোর্ড কর্তাদের যতোই মোহিত করুন না কেন, ভারতীয় দলের খেলোয়াড়দের ভোট কিন্তু পাচ্ছেন না তিনি। আগেরই দিনই এক ভারতীয় চ্যানেলকে শচীন টেন্ডুলকার বলে দিয়েছেন, কোচ নিয়োগের ব্যাপারে খেলোয়াড়দের মতামতকেও বিবেচনা করা হবে বলে আশা করেন তিনি। আর ভেতরের খবর হলো টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলীরা নাকি চাইছেন সাবেক কোচ জন রাইটকে ফিরিয়ে আনা হোক!
শুভেচ্ছা সফরে আসা ভারতের বিশাল বহরের কাছ থেকে শুভেচ্ছার বাইরে আর কী পেলো বাংলাদেশ! শুভেচ্ছার আবরণে ঢাকা এসব সফরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কিছু কথাবার্তা হবে স্বাভাবিক, তেমন কথাবার্তা এখানেও হয়েছে। এবং তাতে বাংলাদেশের কিছু কিছু লাভের জায়গাও থাকছে। ভারতের একাডেমিগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়মিত যাওয়া, বাংলাদেশের স্কোরার, কিউরেটর, পরিসংখ্যানবিদদেরকে ভারতে প্রশিক্ষণ দেয়ার বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। ইতিবাচক সাড়া দিয়েছে তারা আগামী বছর বাংলাদেশে এসে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারে। ফেব্র“য়ারিতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফর করে যাওয়ার পর একটা ফাঁকা সময় থাকবে বাংলাদেশের, সেই সময়ে ভারত এবং পাকিস্তানকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা বিসিবির। ভারতকে অনানুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে এবং ভারত রাজিও হয়েছে।
খেলোয়াড়দের চোখে অবশ্য তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের ভারত সফর। কিন্তু সে বিষয়ে কোনো অগ্রগতি নেই। কারণ ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত ভারতের যে ঠাসা সূচি তাতে এর মধ্যে কোনো সুযোগ নেই। এরপর দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে হয়ত একটা সময় নির্ধারিত হবে।
