উল্টে যাওয়া শচীন টেন্ডুলকার
“১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আসলে প্রমাণ করার কিছু নেই। লোকে অনেক সময় অনেক কথা বলেছে, বলবেও কিন্তু আমি মনে করি না কারো কাছে আমার কিছু প্রমাণ করার আছে।” শচীন টেন্ডুলকারের বক্তব্য এবং সেজন্যই এতখানি বিস্ময়। কারণ এটাতো আমরা জানিই টেন্ডুলকার ব্যাট হাতে যতোটা উদ্ধত মাইক্রোফোনের সামনে ততোটাই মিনমিনে। টেন্ডুলকার বদলে গেছেন।
টেন্ডুলকার সত্যিই বদলে গেছেন। এখন তিনি গ্রেগ চ্যাপেলের বিপক্ষে প্রকাশ্যে অভিযোগ করে বাজার গরম করে ফেলেন এবং এখন তিনি রসিকতাও করেন। এই শব্দটা টেন্ডুলকারের অভিধানে নেই বলেই এতকাল সবাই জানত। কিন্তু এখনকার টেন্ডুলকার আর আগের টেন্ডুলকার। কমিটমেন্ট নিয়ে উঠতে থাকা প্রশ্ন, সামর্থ্য নিয়ে সংশয়ের মুখে দাঁড়িয়ে শুধু ব্যাটে আর চলে না বলে এখন মুখের ব্যবহারের দিকেও যাচ্ছেন।
“বিশ্বকাপের পর এই যে এত বিতর্ক চলছে, আপনাকে নিয়ে এত কথাবার্তা, এগুলো কীভাবে দেখছেন?” খুঁচিয়ে করা প্রশ্নের উত্তরে শচীন টেন্ডুলকারের এই চরিত্রবিরোধী প্রতিক্রিয়া। টেন্ডুলকার তো কথায় সবসময়ই হিসেবি ছিলেন। কিন্তু এ কথাটা ভাবতে ভাবতে আবার দেখছি টেন্ডুলকার আসলে শুধু মাঠের বাইরেই বদলাননি। ভেতরেও বদলের ছাপ। নইলে টেন্ডুলকারের ব্যাটিং মানেই যে স্ট্রোকের অবিরল ফোয়ারা সেটাতো এই ইনিংসে নেই। ধৈর্য, প্রতিজ্ঞা সব ব্যাটেই ফুটিয়ে তুলে যে ব্যাটিংটা করলেন চট্টগ্রাম টেস্টে, তাতে সৌন্দর্যের বাহার নেই, শিল্পীর তুলির চেয়ে শ্রমিকের হাতুড়িই এখানে বেশি ক্রিয়াশীল। তারপরও কি সেঞ্চুরিটা বিশেষ নয়, বিশেষত এই চাপের ফাঁদে দমবন্ধকর অবস্থায়? টেন্ডুলকার সেদিকে গেলেন না, “আসলে যে কোনো সেঞ্চুরিই বিশেষ। এটার অনুভুতি দারুণ। হ্যাঁ, ৩৪-৩৫-৩৬ এগুলো একেকটা সংখ্যাই, কিন্তু তারপরও সেঞ্চুরির সবসময়ই একটা মুল্য আছে।”
যে কারণে মুল্য আছে বলে সবাই মনে করছে সেই কারণটা উহ্য রেখে টেন্ডুলকার বললেন, অন্য একটা কারণের কথা। ভেতরের একান্ত আবেগের কথা, “কাল ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। এই সেঞ্চুরিটা তাই সেদিক থেকেও তৃপ্তির। আমি তাকেই সেটা উৎসর্গ করতে চাই।”
টেন্ডুলকার আর সৌরভ দুজন এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়ে যে একজন বাঁহাতি, আরেকজন ডান হাতি এভাবেই ওদের আলাদা করতে হচ্ছে। ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকায় প্রথম পাঁচ-এ থাকবেন তারা দুজনই, অথচ বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে দিয়ে বিশ্রামের নামে দল থেকে বাদই দেওয়া হয়েছে তাদের। টেস্টে সুযোগ পেয়ে দুজনই করলেন সেঞ্চুরি। দুজনের বিশাল পার্টনারশিপ! টেন্ডুলকার জানাচ্ছেন, সৌরভের সঙ্গে ব্যাটিং করাটা নাকি সবসময়ই তার কাছে খুব উপভোগ্য একটা ব্যাপার, “আমি ওর সঙ্গে ব্যাট করাটা খুব উপভোগ করি। কারণ সে জানে কীভাবে একটা ইনিংস তৈরি করতে হয়। আমরা খেলার সময় নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, একটা লড়াইও ছিল আমাদের মধ্যে। কে কাকে কখন ছাড়িয়ে যায়।”
আরও একটা লক্ষ্য ছিল, ওভার প্রতি সাড়ে চার রান বা কাছাকাছি রান করা। সেটা করতে পেরে সন্তুষ্ট টেন্ডুলকার। মনে করছেন এখন তৃতীয় দিনে উচিত হবে দ্রুতগতিতে ব্যাট চালিয়ে, দ্রুত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে চাপ তৈরি করা।
সেই কৈশোরে, সেই ১৯৮৯ সালে করাচিতে খেলতে নামার পর থেকেই পুষ্পশয্যাই দেখে এসেছেন তিনি। ক্যারিয়ারের শেষ সীমায় এসে এখন দেখছেন তার বিপরীত দিকটা। তবু অর্জন কিন্তু থেমে নেই। গাভাস্কারকে ছাপিয়ে ৩৫ টেস্ট সেঞ্চুরির মালিক হয়ে গেছেন আগেই, এখন নিজেকে উঁচু থেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার বিষয়। টেস্ট আর ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক অবশ্য বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন, “আমরা যখন খেলতাম তখন আমাদের সামনে ছিলেন গাভাস্কার-রিচার্ডসরা। তাদের কীর্তি দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে পরের প্রজন্মের জন্য এমন কিছু রেখে যাওয়া যাতে তারা উদ্ধুদ্ধ হয়।”
বাংলাদেশের বোলিং কেমন সেই প্রশ্নও হলো, সরাসরি কিছু না বলে বিশ্বকাপে বাংলাদেশে সাফল্যের প্রসঙ্গটাই ঘুরিয়ে ফিরিয়ে বললেন এবং উইকেটের আচরণ নিয়েও আর সবার মতো সময়ে স্লো হয়ে যাওয়ার স্বাভাবিক ভবিষ্যদ্বাণীই। এরপরই কে একজন নতুন কোচ সম্পর্কে কী ভাবছেন প্রশ্ন করে টেন্ডুলকার চরিত্রের আরেকটি দিক তুলে আনলেন ঘুম থেকে। রসিকতা! টেন্ডুলকার বললেন, “আপনি কী রবির কথা বলছেন?” বলে রসিকতায় মুগ্ধ হয়ে নিজেই হাসতে থাকলেন। টেন্ডুলকার রসিকতা করছেন এটা এমন বিরল একটা ব্যাপার যে প্রথমে সবাই থতমত। সামলে হাসিও শুরু হলো। টেন্ডুলকার হাসলে তো হাসারই নিয়ম।
দেখে মনে হচ্ছিল টেন্ডুলকার আসলে বদলে যাননি। উল্টে গেছেন। মাঠের উদ্ধত চরিত্র এখন বাক্সবন্দী। আর মাঠের বাইরের একঘেয়ে টেন্ডুলকার এখন অনেক বেশি সাহসী। মাঠে বাউন্সার ডাক করেন, আর বাইরে পেলেই হুক।
