শুরুতেই বিপদে শ্রীলঙ্কা
বিশ্বকাপের ব্যর্থতাকে মুছে ফেলার জন্য এই সিরিজে সাফল্যের ভীষণ প্রয়োজন পাকিস্তানের। শোয়েব মালিকের নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমে সেই লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে তারা। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তবে পাকিস্তানের পেসারদের তোপের মুখে শুরুতেই ব্যাকফুটে বিশ্বকাপের রানার্সআপরা। ২৫ ওভারশেষে তাদের স্কোর ৪ উইকেটে ১০১ রান। চামারা সিলভা ১৯ ও দিলশান ১৪ রান নিয়ে ব্যাট করছেন।
তৃতীয় ওভারে জয়াসুরিয়াকে (১) এলবিডাব্লুর ফাঁদে ফেলে আসিফ যে ধাক্কা দিয়েছেন ইনিংসের মাঝামাঝি পর্যন্ত তা কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। অন্য ওপেনার থারাঙ্গাও বেশি দূর এগোতে পারেননি। রান আউট হওয়ার আগে এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে ১৭ রান। বাকি দুটো উইকেটই উমর গুলের। কাপুগেদারাকে (২৮) বোল্ড করার পর অধিনায়ক জয়াবর্ধনেকে (১৮) কট বিহাইন্ড করেছেন তিনি।
