২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুল মানছেন টেন্ডুলকার--সৌরভ যোগ হওয়াতে টেস্টে কাজটা অনেক কঠিন

টেন্ডুলকার---সৌরভ যোগ হওয়াতে বাংলাদেশ দলের কাজটা একটু কঠিন হয়ে গেলো। সেটাকে আরও কঠিণ করে দিচ্ছে ১৩ মাস টেস্ট খেলার বিরতিজনিত অনভ্যস্ততা। হাবিবুল সেটা মানছেন। আর হাবিবুলের জন্য যেটা অসুবিধা, রাহুল দ্রাবিড়ের জন্য সেটাই সুবিধা। তিনি মনে করেন, টেন্ডুলকার---সৌরভ যোগ হওয়াতে দল এখানে অনেক বেশি অভিজ্ঞ এবং সেটা তার দলের জন্য একটা সুবিধার দিক। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 02:01 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

‘টেন্ডুলকার--সৌরভ অনেক অভিজ্ঞ খেলোয়াড়। তাদের রেকর্ডই তাদের পক্ষে কথা বলবে। তারা যোগ হওয়াতে ভারতের টেস্ট দল অবশ্যই এখন বেশি ভারসাম্যপুর্ন দল। কাজেই আমাদের কাজটা অনেক কঠিণ।’ কাল প্র্যাকটিস সেশন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার ভারতকে সেই এগিয়ে থাকার স্বীকৃতিটা দিয়ে স্বীকার করে নিলেন গত কয়েক মাস যে বাংলাদেশ টেস্ট খেলেনি সেটা একটা সমস্যাই,‘গত ১৩ মাস আমরা কোনো টেস্ট খেলেনি। এই সময়ে কিছু টেস্ট খেলতে পারলে ভালো হতো। এই সময়ে আমরা অবশ্য অনেক ওয়ানডে খেলেছি।’ এসব সমস্যার চেয়েও বড় সমস্যা অবশ্য এখন জ্বর এবং ঠাণ্ডা। হাবিবুল বাশারের নিজেরই ঠাণ্ডা লেগে কাহিল অবস্থা, বৃহস্পতিবার অবস্থার কিছু উন্নতি হওয়াতে তিনি খেলবেন, কিন্তু তুষার ইমরানের অবস্থা এত খারাপ যে তাকে ঘোষিত ১২ জনে রাখা সম্ভব হয়নি। তুষার এবং সৈয়দ রাসেলকে বাদ দিয়ে বাংলাদেশ ঘোষণা করেছিল ১২ জনের দল, তাদের মধ্যে মেহরাব হোসেন জুনিয়রকে বাদ দিয়েই তৈরি বাংলাদেশের একাদশ। জ্বরের সঙ্গে সঙ্গে সমস্যা হলেন ডেভ হোয়াটমোর। মোটামুটি নিশ্চিত তিনি ভারতের পরবর্তী কোচ হচ্ছেন, এখানেই ভারতীয় বোর্ডের সঙ্গে তার চূড়ান্ত কথাবার্তা হবে। এসব কিছু দলের মনযোগ অন্যদিকে সরিয়ে নেয়ারই কথা। হাবিবুল বাশার সেটা মনে করছেন না,‘আমি সেরকম কিছু মনে করি না। আমরা সবাই পেশাদার। খেলোয়াড়রা শুধু খেলা নিয়েই ভাবছে।’ সে---ই খেলাটা হবে যে উইকেটে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে ব্যাটিং উইকেট হবে। হাবিবুল বাশারেরও তাই মনে হচ্ছে,‘এটা ব্যাটিং উইকেট হবে। তবে শুরুতে কিছু বাউন্স থাকবে এবং সেই বাউন্সটা মিরপুরের চেয়ে বেশি হওয়ারই কথা।’

রাহুল দ্রাবিড়ও মনে করেন এটা একেবারেই ব্যাটিং উইকেট। ‘উইকেটে ঘাস---টাস একদম নেই। আমার মনে হয় প্রথম তিনদিন ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। তারপর ভাঙ্গতে পারে।’ টেন্ডুলকার---সৌরভের অন্তর্ভূক্তি তার দলের শক্তি বাড়িয়ে দিচ্ছে এটা রাহুল দ্রাবিড়ও বিশ্বাস করেন স্বাভাবিক, কিন্তু তিনি মনে করেন না যে ওরা দুজন দলে ঢোকাতেই ভারত ম্যাচটা জিতে গেলো,‘ওরা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেক রান ওদের। কিন্তু মনে রাখতে হবে মাঠে খেলা শুরু হলে এসব কিছুই আর কারো মাথায় থাকে না। খেলা শুরু হবে ০---০ থেকে। আশরাফুল এই চট্টগ্রামেই ২০০৪ সালে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, বিশ্বকাপেও আশরাফুলের অসাধারণ কীর্তি আছে, তবু দ্রাবিড় তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করছেন না,‘না। কাউকে নিয়ে আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা বাংলাদেশের পুরো দলকেই প্রতিপক্ষ হিসাবেই দেখছি।’ এবং সেই প্রতিপক্ষ দল যে ঠাণ্ডা সমস্যায় আক্রান্ত সেটা নিয়েও তার বিশেষ কোনো মাথাব্যথা নেই,‘বাংলাদেশের কী হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি আমাদের নিয়ে। আমাদের খেলাটা খেলা নিয়ে।’ এবং ডেভ হোয়াটমোর বিষয়ে ভাবনা তো দূরের কথা তিনি নাকি বিষয়টা জানেনই না! ‘আমি তোমার কাছেই প্রথম শুনলাম ডেভ ভারতের কোচ হচ্ছেন’ হোয়াটমোরের ভারতের কোচ হওয়া সংক্রান্ত প্রশ্নে এমন একটা উত্তর দিয়ে রাহুল দ্রাবিড় আর দাঁড়ালেনই না! এমন কথা বলার পর বোধহয় আর পরের প্রশ্নের অপেক্ষা করা যায় না!

বাংলাদেশের একাদশ : জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, রাজিন সালেহ, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন।