আবাহনীর আপত্তি অগ্রাহ্য, সুপার লিগ শুরু ১৮ মে থেকে
আবাহনীর প্রস্তাব প্রত্যাখ্যান করে সুপার লিগ চালিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
বুধবার সভার পর সিসিডিএম -- এর সদস্য সচিব আদনান রহমান দীপন জানিয়েছেন, “নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ১৮ মে থেকে সুপার লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।” সভায় উপস্থিত ছিলেন বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম, প্রধান নির্বাহী মাহমুদুর রহমান ও বিসিবির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু।
এর আগে আবাহনীর সুপার লিগ পেছানোর দাবিতে সোমবার সভায় বসেছিল সিসিডিএম। তাতে সোনারগাঁও ক্রিকেটার্স দিয়েছিল আবাহনীর শেষ তিনটা ম্যাচ বাংলাদেশ --- ভারত সিরিজ শেষে অনুষ্ঠানের বিকল্প প্রস্তাব। এতে আবাহনী রাজি থাকলেও মোহামেডান ও ওল্ড ডিওএইচএস ‘ভেটো’ দেয়। তাই সমাধানের জন্য বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছিল বিষয়টি। অধিনায়ক তুষার ইমরান, উইকেট রক্ষক খালেদ মাসুদ ও পেসার মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের সঙ্গে থাকায় মারাত্মক খেলোয়াড় সংকটে পড়েছে আবাহনী। এর আগে মাঞ্জারুল রানার মৃত্যু, জহিরুলের ইনজুরি ও শুভর এসএসসি পরীক্ষার জন্য খন্ডিত হয় আবাহনীর শক্তি। তা লিগ পেছানোর দাবি জানিয়েছিল তারা।
তাতে সিসিডিএম রাজি না হওয়ায় আবাহনীর ক্রিকেট কর্মকর্তা গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, “ এই সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।” সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক আরো জানিয়েছেন সিসিডিএম --- এর এই সিদ্ধান্ত হয়তো কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে তাদের, “ বৃহস্পতিবার বোর্ড সভায় আমরা সিদ্ধান্ত নেবো লিগে খেলবো কি----না”।
বোর্ডের সমালোচনা করে এই গাজী আশরাফ লিপু বলেছেন, “বিসিবির প্রয়োজনে ক্লাবগুলো খেলোয়াড় ছেড়ে দিয়ে অনেক সহযোগিতা করেছে, অনেক ছাড় দিয়েছে। কিন্তু বোর্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে কোনো আন্তরিকতা দেখা যায়নি। ঘরোয়া ক্রিকেটের বেলায় তারা যেন উদাসীন।”
