নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার বন্ড
ইনজুরির কারণে টেস্ট খুব একটা খেলা হয়নি। তাতে কি, ওয়ানডের পারফরম্যান্স দিয়েই শেন বন্ড জিতে নিয়েছেন নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।
নিউজিল্যান্ডের ক্রিকেটারদের এই পুরস্কারটা দেওয়া হয় মৌসুমভিত্তিক পারফরম্যান্সের জন্য। আর সেই মৌসুমের শুরুটা ধরা হয় এপ্রিল থেকে। ২০০৬ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ডের খেলা ৫টি টেস্টের মধ্যে বন্ড খেলেছেন মোটে দুটি। সেই দুটির একটি, ইনজুরি থেকে ফিরে তার প্রথম টেস্টেই অবশ্য শ্রীলঙ্কার পাঁচটি উইকেট নিয়ে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আর ওই সময়ে ওয়ানডেতে ৩৮টি উইকেট পেয়েছেন এই ফাস্ট বোলার। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি হ্যাটট্রিকও। এই পারফরম্যান্সের সুবাদে কেবল বর্ষসেরা ক্রিকেটারই নন, বছরের সেরা ওয়ানডে বোলারের পুরস্কারটাও জিতেছেন তিনিই। দুটি পুরস্কারের ক্ষেত্রেই তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্যানিয়েল ভেট্টরি। গত দু বছর এই পুরস্কার জেতা এই বাঁহাতি স্পিনারের ‘হ্যাটট্রিক’ --- স্বপ্ন মুছে গেছে বন্ডের কাছে হেরে।
ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন বিশ্বকাপে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক স্কট স্টাইরিস। কিউই দলে তাদের এক সময়ের সতীর্থ ক্রিস হ্যারিস পেয়েছেন বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার।
