২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির ক্রিকেট কমিটিতে এক সঙ্গে জয়াবর্ধনে ও মুডি

শ্রীলঙ্কার হয়ে আর একসঙ্গে কাজ করা হচ্ছে না, কিন্তু মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টম মুডির জুটিটা একেবারে ভেঙ্গে যাচ্ছে না তাতে! ভাঙ্গতে দিচ্ছে না আইসিসি। বিশ্বক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা নতুন করে ঢেলে সাজিয়েছে তাদের ক্রিকেট কমিটি, আর সেখানে একই সঙ্গে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জয়াবর্ধনে আর মুডি। শুধু মুডিকেই নয়, আরো দুজন কাছের লোককেও সেখানে পাচ্ছেন জয়াবর্ধনে, ১৩ সদস্যের এই কমিটিতে আছেন দুই সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিলীপ মেন্ডিস আর রঞ্জন মাধুগালেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:26 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ক্রিকেটের আইন-কানুনস খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করাই এই কমিটির কাজ। সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের সভাপতিত্বে এই কমিটিতে এতদিন আইসিসির সবগুলো পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং কয়েকটি সহযোগী সদস্য দেশের মনোনীত প্রতিনিধিরাই সদস্য হিসেবে থাকতেন। নতুন ব্যবস্থায় তার পরিবর্তে ক্রিকেট সংশ্লিষ্ট সকল মহলের প্রতিনিধিত্ব রাখার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখন কমিটিতে থাকছেন দুজন সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটারদের দুজন প্রতিনিধি এবং পূর্ণাঙ্গ সদস্য দেশের কোচ, ম্যাচ রেফারি, ক্রিকেট বোর্ড, সহযোগী সদস্য দেশসমূহ থেকে ও মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসির পক্ষ থেকে একজন করে প্রতিনিধি। এদের সঙ্গে একজন সংবাদকর্মী ও একজন পরিসংখ্যানবিদও থাকবেন।

জয়াবর্ধনে মনোনীত হয়েছেন বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অফস্পিনার ও ক্রিকেটারদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকার প্রধান টিম মে। শ্রীলঙ্কার চাকরি ছেড়ে দিলেও মুডি মনোনয়ন পেয়েছেন কোচদের প্রতিনিধি হিসেবে, বোর্ডকর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে এসেছেন ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান নির্বাহী মেন্ডিস আর ম্যাচ রেফারিদের প্রতিনিধি হিসেবে মাধুগালে। এদের সঙ্গে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর, আম্পায়ার হিসেবে গত বছরে বর্ষসেরার পুরস্কার পাওয়া সাইমন টফেল, আর মিডিয়ার প্রতিনিধি হিসেবে স্কাই স্পোর্টসের কর্মী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। এছাড়া এমসিসির প্রতিনিধি হিসেবে কিথ ব্র্যাডশ, পরিসংখ্যানবিদ হিসেবে এলজি আইসিসি র‌্যাংকিংয়ের প্রবক্তা ডেভিড কেনডিক্স আর সহযোগী সদস্য দেশসমূহের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন স্কটল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রেগ রাইট।

আগামী ৩০ ও ৩১ মে দুবাইয়ে আইসিসির সদর দফতরে প্রথম বৈঠকে বসবে এই নতুন কমিটি।