বৃষ্টির কবলে প্রিমিয়ার ক্রিকেট লিগ
প্রথম দিনই বৃষ্টির কবলে পড়েছে কাই-এলটেক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ। প্রথম পর্বের খেলাশেষে সাড়ে তিন মাস বন্ধের পর শুরু হওয়া সুপার লিগে সোমবার তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচের ফল হয়েছে।
তাতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সোনারগাঁও ক্রিকেটার্স এক উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। অন্য দুই ম্যাচে একটি করে ইনিংস শেষ হয়েছে। ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আবাহনী ২২৪ রান এবং মোহামেডানের বিপক্ষে বিমান ২৫৭ রান করেছে। বৃষ্টির কারণে ম্যাচ যেখানে শেষ হয়েছে মঙ্গলবার সেখান থেকেই আবার খেলা শুরু হবে ।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস জয়ী ভিক্টোরিয়া প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রান করেছে। কিন্তু তারা জিততে পারেনি। সোনারগাঁও ক্রিকেটার্স ৩১ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে বৃষ্টি আইনে এক উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে।
এজন্য আক্ষেপ হতে পারে ভিক্টোরিয়ার। কারণ বৃষ্টি না হলে, সোনারগাঁওকে ৫০ ওভার ব্যাট করতে হলে ফল অন্যরকমও হতে পারতো। টস জয়ী ভিক্টোরিয়া ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতেই ৭০ রান তোলে। ওপেনার নাসির উদ্দিন ২৮ রান করে ফাহিমের বলে অলকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেও অন্য ওপেনার ইমরুল কায়েস একদিক আকঁড়ে ছিলেন। ইমরুল অলক কাপালির হাতে রির্টান ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সময় ভিক্টোরিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ১৩২ রান। তার ১০৭ বলে ৭৮ রানের ইনিংসে আছে ১০টি চার ও একটি ছক্কা। ইমরুলের পর মাহমুদ উল্লাহ ব্যাটিংয়ের হাল ধরেছেন এবং তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভারে ২৬৭ রানে পৌঁছে যায় ভিক্টোরিয়া। মাহমুদ উল্লাহর ৬৯ বলে ৮৮ রানের ইনিংসে আছে ৫টি করে চার ও ছক্কা।
ব্যাটিংয়ে ঝড় তোলা মাহমুদ উল্লাহ পরে বল হাতে ৩ উইকেট নিয়েও জেতাতে পারেননি ভিক্টোরিয়াকে। মেহরাব হোসেন (৫৭), ইলিয়াস সানি (৩৭) ও অন্যদের ছোট ছোট সংগ্রহই বৃষ্টি আইনে নির্ধারিত নতুন টার্গেট ১৮৩ রানে পৌঁছে দেয় সোনারগাঁও ক্রিকেটার্সকে। ১ উইকেট হাতে রেখেই ৩১ ওভারে টার্গেটে পৌঁছে তারা। ৮০ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে মেহরাব হোসেন রান আউট হয়ে যাওয়ার পর বৃষ্টির আশংকা দেখে অন্যরা দ্রুত গতিতে রান তোলার দিকে মনযোগী হন। সোনারগাঁও ক্রিকেটার্স জিতলেও ব্যাটে-বলে বড় অবদান রেখে ভিক্টোরিয়ার মাহমুদ উল্লাহ হয়েছেন ম্যন অব দ্য ম্যাচ।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া আবাহনী ৪৯.২ ওভারে ২২৪ রান করে অলআউট হয়েছে। এই সংগ্রহে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার উপুল চন্দনা ( ৬০) এবং টেস্ট দলে ডাক পাওয়া তুষার ইমরান (৪৬) ও উইকেট কিপার খালেদ মাসুদ (৩২)। টস জিতে আবাহনীর ব্যাটিংয়ের সিদ্ধান্ত হুমকির মুখে পড়ে শুরুতেই। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলেন অধিনায়ক তুষার ইমরান । তার ৫টি চার ও একটি ছক্কায় সাজানো ৪৮ বলে ৪৬ রানের ইনিংস বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করেছে আবাহনীকে। এর পর ষষ্ঠ উইকেট জুটিতে চন্দনা ও মাসুদ ৯৬ রান যোগ করায় আবাহনীর স্কোর দু শ’ পেরিয়েছে। চন্দনা ৬৫ বলে ৬০ রান করেছেন ৬টি চারের সাহায্যে। তিনি আউট হয়ে গেলেও খালেদ মাসুদ ৫২ বলে অপরাজিত ৩২ রান করে ২২৪ রানে নিয়ে গেছেন আবাহনীকে। জবাবে ওল্ড ডিওএইচএস ৪ ওভারে ১৮ রান তুলতেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচ বন্ধ হয়ে যায়।
একই পরিণতি হয়েছে মোহামেডান-বিমান ম্যাচেও। মোহামেডান ৪.২ ওভারে ২২ রান করার পর ম্যাচ বন্ধ হয়ে যায়। তার আগে বিমান ৫০ ওভারে ২৫৭ রান তুলেছে ৮ উইকেট হারিয়ে। জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল ৮৮ বলে ৮০ রান তুলেছেন ১০ চার ও ১টি ছক্কার সাহায্যে। নাফিস ও রাকিবুল হাসানের (৩৪) উদ্বোধনী জুটিতে ১০০ রান ওঠার পর দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়ার কাজটা করেছেন সাজ্জাদ কাদির (৪২), সানোয়ার হোসেন (৩০) ও হাসানুজ্জামান (২৮)। মঞ্জুরুল ইসলাম ও রেজাউল ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট।
