২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পেশাদার ক্রিকেট লিগে কপিল, টনি গ্রেগরা

নতুন পেশাদার ক্রিকেট লিগকে সফল করতে আঁট-ঘাট বেঁধেই মাঠে নামছে ভারতীয় ক্রিকেট লিগ (আইসিএল) বোর্ড। ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে এই প্রতিযোগিতার নির্বাহী বোর্ডে রাখার কথা ঘোষণা করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কপিল ছাড়াও নির্বাহী বোর্ডে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টনি গ্রেগ। ভারতের সাবেক প্রধান নির্বাচক ও উইকেট কিপার কিরণ মোরে ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডিন জোন্সকেও রাখা হয়েছে এই বোর্ডে।

এ বছরের শেষ দিকে টুয়েন্টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এই লিগের আয়োজক ভারতের সবচেয়ে বড় মিডিয়া ফার্ম জি নেটওয়ার্কের নিয়ন্ত্রক সংস্থা এসেল গ্রুপ। এসেলের চেয়ারম্যান সুভাষ চন্দ্র জানিয়েছেন,“এই টুর্নামেন্ট সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এমন ক্রিকেটারদের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিৎ। সে কারণেই নির্বাচিত করা হয়েছে তাদের।”

অবশ্য এই লিগ নিয়ে বিতর্ক চলছে শুরু থেকেই। সত্তরের দশকের বহুল আলোচিত ক্যারি পেকার সিরিজের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন কেউ কেউ! যদিও টনি গ্রেগের বিশ্বাস, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ভারতীয় ক্রিকেট লিগের কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না,“এটা হবে আন্তর্জাতিক ক্রিকেটের তারকা ও সারা ভারত থেকে উঠে আসা তরুণদের এক সঙ্গে খেলার একটা প্ল্যাটফর্ম। তরুণরা তারকাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং আত্মবিশ্বাস অর্জন করবে।”