নিয়ম মেনে মাঠে যাবেন আম্পায়াররা, তারপর ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শত চেষ্টাতেও কাজ হলো না।
চট্টগ্রামে সাত নম্বর বিপদ সংকেত, উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার মানুষকে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে অবিরাম-তারপরও মঙ্গলবার অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটিকে আগাম পরিত্যক্ত ঘোষণা করতে পারলেন না ম্যাচ রেফারি রোশন মহানামা। নিয়মের কাছে অসহায় তিনি, জানালেন সকালে পিচ পর্যবেক্ষনের পরই জানানো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি আদৌ হবে কিনা।
সাত নম্বর বিপদ সংকেত ঘোষণার পর থেকে আমূল বদলে গেছে চট্টগ্রামের পরিস্থিতি। উপকুল থেকে নিরাপদ আশ্রয়ে সরে আসছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় বিসিবি চেয়েছিল মঙ্গলবারের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে ‘ম্যাচ হচ্ছে না’ এ সিদ্ধান্ত নিয়ে ফেলতে। এমন ভাবনা থেকে ম্যাচ রেফারি রোশন মহানামার সঙ্গে কথাবার্তা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী মাহমুদুর রহমান আশাবাদী ছিলেন, আলোচনা থেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। বাস্তবে তা হয়নি। মহানামা সবার জানা নিয়মের কথা মনে করিয়ে দিয়েই বলেছেন, আগে-ভাগে ম্যাচ পরিত্যক্ত করা সম্ভব নয়। সুতরাং সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। প্রকৃতি তখন কেমন আচরণ করে তা তো বলা যায়না, ভোরে সূর্য হাসলে, সারাদিন আলো ছড়ালে খেলা তো হতেও পারে! সে সম্ভাবনা অবশ্য নেই বললেই চলে,তবু নিয়ম তো আশাবাদী হয়েই চলে!
