শত দুশ্চিন্তা, তাই নিজের ভাবনা আসছেইনা হাবিবুলের মনে!
“আপনার তো ভারতের বিপক্ষে এই চট্টগ্রামেই ৬৬ রানের একটা ইনিংস আছে।” কেউ একজন তা মনে করিয়ে দেওয়ার পরও হুট করে তা স্মৃতিসীমায় আনতে পারলেন না হাবিবুল বাশার। তাই উল্টো জিজ্ঞেস করলেন,“কবে?”
“কবে আবার? ২০০৪ সালে ভারত যখন এখানে এসেছিল! প্রথম ওয়ানডেতে।” এবার বাংলাদেশ অধিনায়কের স্মৃতির চাতাল ছেড়ে বেরুলো ওই ইনিংসটা,“ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম।” আসলে তার মনে এখন এত দুশ্চিন্তা এসে ভর করেছে যে, ওরকম সুখস্মৃতি নিয়ে মেতে থাকার ফুরসতই মিলছে না। তিনি বরং পারলে সতীর্থদের নিয়ে কোনো এক আরোগ্য নিকেতনে চলে যান!
বাংলাদেশ শিবিরে ভাইরাসজনিত জ্বরের প্রথম শিকার ছিলেন আব্দুর রাজ্জাক রাজ। এই বাঁ-হাতি স্পিনারের দ্বিতীয় ওয়ানডেতে খেলারই কথা ছিল না। শেষপর্যন্ত খেলেছিলেন। এরপর ঢাকায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি মোহাম্মদ আশরাফুলও ছিটকেই গেছেন সিরিজের শেষ ম্যাচ থেকে। নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের কাছে রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা আছে কিনা জানতে চেয়েছিলেন। বলে দেয়া হয়েছিল, লাগবে না। আশরাফুলের জায়গায় খেলবেন ফরহাদ রেজা। কিন্তু সোমবার সকালে এই অলরাউন্ডারও জ্বরের জ্বালা অনুভব করতে শুরু করেছেন বলে জানিয়েছেন। একা নন। সঙ্গে আছেন শাহরিয়ার নাফীস এবং শাহাদাত হোসেনও। মানে মঙ্গলবার শেষ ওয়ানডেতে এগারোজন মাঠে নামানো নিয়েই সমস্যা।
তাই ভাইরাস জ্বরের প্রকোপে আতঙ্কগ্রস্ত টিম ম্যানেজমেন্টকে ঢাকায় পাঠাতে হয়েছে ‘এসওএস’। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা শেষ করেই ফ্লাইট ধরে রাতে চট্টগ্রামে চলে আসছেন তুষার ইমরান, রাজিন সালেহ এবং মেহরাব হোসেন জুনিয়র। বাংলাদেশ দলকে জ্বরে কাবু করে ফেলার খবর শুনে কলকাতার এক সাংবাদিক বলেই ফেললেন,“হোটেল পেনিনসুলা নাকি এখন রীতিমতো একটা হসপিটাল হয়ে গেছে!”
এমন হলে তো পথ হারানোর ভয় পাবেনই হাবিবুল। গত আড়াই বছরে এক অস্ট্রেলিয়া সিরিজ বাদ দিলে প্রতিটা হোম সিরিজেই অন্তত একটা করে ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ২০০৪-এর ২৬ ডিসেম্বর ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু হয়েছিল সেই ধারা। এমনকি সেবার সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশ খেলতে নেমেছিল ১-১ এর সমতা নিয়ে। অর্থাৎ সিরিজ জেতার স্বপ্নও উঁকি মারছিল। আর এবার শেষ ম্যাচের আগেই হেরে বসে আছে তার দল। হাবিবুল অবশ্য অতীতকে গুরুত্ব দেওয়ার পক্ষপাতী নন। তাছাড়া একটা মৌলিক পার্থক্যও খুঁজে বের করেছেন,“অতীত নিয়ে ভাবছি না। আগের সিরিজে আমরা একটা ম্যাচ জিতেছিলাম ঠিকই, কিন্তু সব ম্যাচে কিন্তু আমরা ভালো খেলিনি। এবার দেখুন, দুটো ম্যাচেই আমরা ওদের ধাক্কা দিতে পেরেছি।” চাইছেন শেষ ম্যাচেও তার চেয়ে বড় কিছু ঘটুক,“ভালো কিছু করতে চাইবো। সম্ভব হলে জিততে চাইবো। যদিও সিরিজ থেকে আমরা ছিটকে গেছি। তবু শেষ ম্যাচে জয় টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ অনুপ্রেরণার কাজ করবে।”
একদিকে যখন এমন ভাবছেন, তখন অন্যদিকে সেই ভাবনা থেকে তাকে বিচ্যুত করে ফেলছে ভাইরাস জ্বরের থাবা। “কেমন আছেন?” সোমবার সকাল থেকেই কেউ তা জিজ্ঞেস করলেই বলছেন,“ভালো নেই। ভীষণ দুশ্চিন্তায় আছি।” সংবাদ মাধ্যমের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতার ফাঁকে একটা হাঁচি দিয়ে ফেলতেই সেই আশঙ্কা গ্রাস করলো তাকে,“আমাকেও না আবার পেয়ে বসে!” এর সঙ্গে আবার সাত নম্বর মহাবিপদ সংকেতজনিত অবিরাম বৃষ্টিও এঁকে দিয়েছে সিরিজের শেষ ম্যাচের সামনে প্রশ্নচিহ্ন।
এই রিপোর্ট লেখার সময়ও চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের কিউরেটর শফিউল আলম বেলাল দুপুরে বৃষ্টিতে ভিজতে ভিজতেই বলছিলেন,“বিকালবেলা বৃষ্টি থেমে গেলে তবু কাল (মঙ্গলবার) সকালে সময়মতো খেলা শুরুর সম্ভাবনা আছে। আর এভাবেই চলতে থাকলে কোনো সুযোগই নেই। এই মাঠটা তো মিরপুরের মতো নয়। আউটফিল্ড খুব ভারী হয়ে যাবে।” একটু পরেই হোটেল পেনিনসুলার কনফারেন্স রুমের স্বচ্ছ কাচের সামনে দাঁড়ানো হাবিবুলকেও উদাস করে দিচ্ছিল বাইরের মন খারাপ করা আবহাওয়া,“বৃষ্টিটা যে কেন থামছে না!”
ওদিকে তার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ক্ষণ জানা নিয়েও কারো কৌতুহল থেমে নেই। এই সিরিজ শুরুর আগেই বলে দিয়েছিলেন,“এটাই আমার ওয়ানডেতে শেষ হোমসিরিজ। বাকীটা আপনারা এই সিরিজ শেষ হওয়ার আগেই জানবেন।” কিন্তু সোমবারও সেটা জানানোর মতো অবস্থায় নেই তিনি,“আমি নিজেই আসলে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। বিশ্বকাপ খেলার পর খুবই হতাশ ছিলাম। তবে এখন চাইছি সিরিজটা আগে শেষ হোক। কারণ আগে দল। তারপরে আমি।” অন্যান্য ভাবনা তার মনোজগতকে এমন দখলে নিয়েছে যে, নিজের কথা হাবিবুলের মনে এখন আসতেই পারছে না।
