অস্ট্রেলিয়ার আরো উন্নতি করার সুযোগ আছে : জন বুকানন
‘অন্য গ্রহের’ ক্রিকেট খেলে এবারের বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কোনো ম্যাচে প্রতিপক্ষকে বলতে গেলে দাঁড়াতেই দেয়নি। তবে অস্ট্রেলিয়ার পক্ষে এর চেয়েও ভালো খেলা সম্ভব! আর কেউ নয়, স্বয়ং জন বুকাননেরই এমন বিশ্বাস।
‘ক্রিকইনফো ম্যাগাজিন’-কে দেয়া সাক্ষাতকারে সেই বিশ্বাসের কথাই জানালেন অস্ট্রেলিয়ার সদ্যবিদায়ী কোচ। বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা ৫টি ওয়ানডেতে পরাজয় যে রিকি পন্টিংয়ের দলকে পরোক্ষে সাহায্য করেছিল সে কথাও খোলাখুলিভাবে বললেন তিনি।
২০০৩ বিশ্বকাপেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবে সেবার গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে বেশ লড়াই করেই জিততে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপে কিন্তু কোনো প্রতিপক্ষই অস্ট্রেলীয়দের সামনে পাত্তা পায়নি। টানা ১১ ম্যাচ হেসে-খেলে জিতে তারা এখন বিশ্বকাপের হ্যাটট্রিক শিরোপাজয়ী। তার পরও বুকাননের বিশ্বাস, অস্ট্রেলিয়ার পক্ষে আরো উন্নতি করা সম্ভব,“নিঃসন্দেহে আমাদের ব্যাটিং অনেক বেশি ধারাবাহিক হয়েছে। বিশেষ করে আমাদের টপ অর্ডার। কি দারুণভাবেই না তারা খেলাটা নিয়ন্ত্রন করে আক্রমণাত্মক ব্যাটিং করলো। খেলোয়াড়দের ধরন এবং খেলাটার প্রতি তাদের চিন্তাভাবনার জন্যই আমাদের দলটা এতখানি এগোতে পেরেছে। এবং কেউ যদি মনে করে যে এটাই খেলাটার সর্বোচ্চ সীমা, তাহলে তা হবে ভুল। কারণ খেলাটা এগিয়ে যাবেই, এগোতেই হবে।”
বিশ্বকাপের ঠিক আগে নিজেদের মাঠে অনুষ্ঠিত কমনওয়েলথ ব্যাংক সিরিজের প্রথম দুটো ফাইনালেই ইংল্যান্ডের কাছে হার মেনেছিল অস্ট্রেলিয়া। তারপর নিউজিল্যান্ড সফরে চ্যাপেল-হ্যাডলি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাতেও ডুবতে হয়েছে তাদের। সেজন্য আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হওয়ার পাশাপাশি বিশ্বকাপে একক ফেভারিটের সম্মানও খুইয়ে বসেছিল পন্টিংয়ের দল। অথচ ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডের সেরা আসর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া গেল সেই চিরপরিচিত অস্ট্রেলিয়াকে। মোক্ষম সময়ে সব ঠিক হয়ে যাবার রহস্যটা শোনা যাক বুকাননের মুখে,“কোথায় কোথায় দুর্বলতা আছে তা খুঁজে বের করার দরকার ছিল আমাদের। কমনওয়েলথ ব্যাংক ও চ্যাপেল-হ্যাডলি সিরিজে আমাদের বেশ কিছু দুর্বলতা প্রকাশ হয়ে গিয়েছিল। আমাদের ঠিক কোন কাজটা করতে হবে সেটা ভালোমতোই জানা হয়ে গিয়েছিল। আর তা দারুণ সাহায্য করেছে আমাদের।”
ক্রিকইনফো-এর সহায়তায়
