সিরিজ জেতার পর উদ্ধত শাস্ত্রী
প্রথম ম্যাচে তবু সর্বোচ্চ শ্রম নিংড়ে জয় তুলে নিতে হয়েছিল ভারতকে। কিন্তু পরের ম্যাচে? বাংলাদেশ খারাপ খেললো।
তাতে ভারতের সিরিজ জেতার সুযোগ মিলে গেল। ৩-০ করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম যাওয়ার আগে রবি শাস্ত্রীও পেয়ে গেলেন ঔদ্ধত্য প্রকাশের সুযোগ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গলার স্বর চড়িয়ে বলে দিলেন,“বাংলাদেশকে কোনো দয়া-দাক্ষিন্য নয়। আমরা ৩-০ তে জিততে চাই।”
একটু আগেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ থেকে ডেভ হোয়াটমোর যে কথাটা বলে বেরিয়ে গেছেন, সেটা তাকে বলতেই তেলেবেগুনে চটেও গেলেন। কেউ একজন বর্তমান ভারতীয় আর বাংলাদেশ দলের পার্থক্য নির্নয় করার অনুরোধ করেছিলেন বাংলাদেশ কোচকে। এই সিরিজ শেষেই বাংলাদেশের সঙ্গে সব হিসাব চুকাতে যাওয়া অস্ট্রলিয়ান বলছিলেন,“ভারতীয় দল সামান্য এগিয়ে।” শাস্ত্রীও তাই মনে করেন কিনা, জানতে চাওয়াতেই বিপত্তি। প্রশ্নকর্তা ভারতীয় সাংবাদিককে বললেন,“দুদিন বাদে তাকে (ডেভ) গিয়েই জিজ্ঞেস করবেন।” ভাবটা এমন যেন এখনই তারা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বসে আছেন! ক্রিকেট ম্যানেজারের এমন আচরনকে ভালো চোখে দেখতে পারলেন না সিরিজ কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকরাও।
রাহুল দ্রাবিড় যতই অস্বীকার করুন, শাস্ত্রীর কথায় একটা ব্যাপার পরিষ্কার বোঝা হয়ে গেল। বিশ্বকাপে হারের জ্বালা জুড়োতেই তারা এসেছেন। এবং সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর ‘সময়ে সরব’ হওয়ার চোস্ত উদাহরণ হয়ে গেলেন শাস্ত্রী। এজন্য নিজেদেরই কেবল দোষারোপ করতে পারে বাংলাদেশ শিবির। সেগুলো অবলীলায় স্বীকারও করে নিলেন হোয়াটমোর,“আমরা দ্রুত খুব বেশ্ ্উইিকেট হারিয়েছি।” প্রথম ম্যাচে ভারতীয় দলের সামর্থ্যরে সর্বোচ্চ পরীক্ষা নেওয়ার পর সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রত্যয় ঘোষিত হয়েছিল। কিন্তু কাজের বেলায় শুরুর ধ্বসের সেই পুরনো রোগ! নিজেদের দোষ স্বীকার করলে প্রতিপক্ষকে কৃতিত্ব দেওয়াটাও বোধহয় নিয়ম। হোয়াটমোর তাই দিলেন,“আমরা আজকে আমাদের চেয়ে ভালো দলের কাছে হেরেছি। প্রথম ম্যাচে আমরা ২৫০ রান করে ওদেরকে চেপে ধরেছিলাম। কিন্তু তারা ফিরে আসতে পেরেছিল। এই ম্যাচে ওরা আগে ব্যাট করে ২৮৪ রান তোলার পর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার লক্ষ্য ছিল আমাদের। সেটা করতে পারলে তাদেরকে ধরার সুযোগ থাকতো।” আর প্রতিদ্বন্দ্বিতা গড়ার জন্য বাংলাদেশ দলের পরিকল্পনার অংশ ছিল,“আমরা পাওয়ার প্লের সুবিধাটা যতোটা সম্ভব কাজে লাগাতে চেয়েছিলাম। সেজন্য আজ ব্যাটিং অর্ডারে পরিবর্তনও আনা হয়েছিল।”
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোয় তামিম ইকবালের দিকেই বেশি তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু তিনি যেভাবে রান আউট হয়েছেন, সেটাকে ভারতীয় দলকে দেয়া তামিমের উপহারই বলছেন বাংলাদেশ কোচ,“ওই উইকেটটা উপহার দেওয়া হয়েছে।” পরে আফতাবরাও কোচের ভয়কে যথার্থ বলে প্রমাণ করেছেন,“আফতাব ৩০-এর ঘরে গেলেই আমি ভয়ে থাকি, কখন আউট হয়ে যায়। ইদানীং হাবিবুল আর মুশফিককে নিয়েও একই অবস্থা হচ্ছে আমার।” তার এই কথায় সবাই খুব একচোট হেসে নিলেও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যর্থতার কারণ কিছুটা লুকিয়ে আছে ওখানেই। শেষ বিকেলে দীনেশ মঙ্গিয়ার টানা চার বলে ছক্কা হাঁকিয়ে মাশরাফি বিন মুর্তজা বিনোদনের খোরাক জোগালেও তাতে ম্যাচের ফলে হেরফের হওয়ার কোনো সুযোগ ছিল না। কোচ ওই ব্যাটিং বিনোদন উপভোগ করেছেন বটে, সঙ্গে এ-ও বলছেন,“মাশরাফিকে বলা হয়েছিল ৪৫ ওভারের আগেই মারতে (চার ছক্কা ৪৭-তম ওভারে)।” তাহলে হয়তো ভারতের ২৮৪ রানের আরো কাছে যাওয়া যেতো।
তা হয়তো যেতো। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় এর অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজ থেকেও। কোচকে এমন বিদায়ী উপহার নিশ্চয়ই দিতে চাননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সুযোগ তবু আছে, চট্টগ্রামে শেষ ওয়ানডেতে শাস্ত্রীর ঔদ্ধত্বের জবাব দিয়ে কোচের কথার মান রাখার। সেটা প্রথম ওয়ানডের সময় আরেকটু হলেই রাখা হয়ে যেতো। সেটা নিয়ে খোদ শাস্ত্রীও তো কোনো রাখঢাক করতে পারেননি,“বাংলাদেশ আমাদেরকে ধরার সেরা সুযোগটা হারিয়েছে প্রথম ওয়ানডেতে। ওই ম্যাচের সময় টেনশনে ছিলাম না, এটা বললে মিথ্যে বলা হবে।” এমন সত্য তাকে দিয়ে আরেকবার বলানো গেলে বাংলাদেশের কোচকে একটা বিদায়ী উপহারও দেওয়া হয়!
