২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরিতে পড়লে আরও বেশি বোঝা যায় মাশরাফির গুরুত্বটা

দলে থাকলে তো অবশ্যই বোঝা যায়, কিন্তু না থাকলে তো যেন আরও বেশি বোঝা যায় তার গুরুত্বটা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এই আফসোসের নাম মাশরাফি বিন মুর্তজা, যিনি প্রথম ওয়ানডে ম্যাচের দলে না থেকেও ছিলেন সবার মুখে মুখে। ছিলেন হাবিবুল বাশারে মনেও। তার আফসোস, প্রয়োজনের সময় নিজের সেরা অস্ত্রটাকে ব্যবহার করতে পারেননি। আর সাধারণ ক্রিকেটপ্রেমীরা বাড়ি ফিরেছে খন্ডিত শক্তির বাংলাদেশের লাড়াই করার সান্ত¡না নিয়ে।

মাশরাফি থাকলে কী হতো ? সেটা যে কতো বড় আতংকের তা ভারতীয়রা ভালো করেই জানতো। ভারতের বিপক্ষে যে জয় পাওয়া দুটো ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ এই বাংলাদেশী ফাস্ট বোলার। তাছাড়া বিশ্বকাপের ঘা তো এখনো শুকোয়নি তাদের, ত্রিনিদাদে সেই ম্যাচে ভারতীয় ব্যাটিং গুড়িয়ে দিয়েছিলেন তিনি ৩৮ রান ৪ উইকেট নিয়ে। তাই শনিবারের ম্যাচে মাশরাফি খেলতে পারবেন কিনা, এটাই ভারতীয় মিডিয়ার কাছে লাখ টাকার প্রশ্ন। তাদের অবশ্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রেখেছেন বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার, “তার অবস্থা এখন অনেক ভাল। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে ফিটনেস পরীক্ষার পর।” যদি শেষ পর্যন্ত সেই ফিটনেস পরীক্ষায় তিনি উতরাতে না পারেন? “আসলে মাশরাফিকে মিস করা মানে সত্যিকারের বিশেষ কিছু মিস করা। সে সবসময়ই স্পেশাল”-এই ফাস্ট বোলারের গুরুত্বটা ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন হাবিবুল। প্রকাশ্যে যতোই ‘আমরা দল হিসেবে খেলি’ এই বুলি জপা হোক, আড়ালে-আবডালে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে আক্ষেপ করতেই হবে এই স্ট্রাইক বোলারের জন্য।

ইনজুরি এই ফাস্টবোলারের ক্যারিয়ার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এজন্য নিজের উদাসীনতা যেমন আছে তেমনি বহু ব্যবহারে জীর্ণ করে দেওয়ার অভিযোগও শোনা যায় বিশেষজ্ঞ মহল থেকে। এই দায়টা হাবিবুল বাশার প্রত্যক্ষভাবে স্বীকার না করে বলছেন, “গত এক বছর তো সে সুস্থ ছিল, ইনজুরি মুক্ত ছিল।” কিন্তু শরীরের ওপর এত ঝড়-ঝাপ্টা যাওয়ার পর টানা ম্যাচ খেলে যাওয়ার চাপটা সইবার ক্ষমতা এই ফাস্টবোলারের আছে কিনা সেটাও তো একটা ব্যাপার।

কিন্তু কী আর করা যাবে! তাকে তো সবসময়ই লাগে। তিনি যে আমাদের ফাস্ট বোলিংয়ের আঁধার ঘরে একমাত্র প্রদীপ। তিনি থাকলেই যে একমাত্র ভারতকে হারানো সম্ভব। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের সম্ভাবনার সবচেয়ে বড় পূর্বশর্ত কিন্তু তার মাঠে ফিরে আসা।