ধোনির ব্যাটই কেড়ে নিয়ে গেল বাংলাদেশের ম্যাচটা
১৪৪ রানে ভারতের ৫ উইকেট নেই। উইকেটে স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জুটি। তার মধ্যে আবার ধোনির বাঁ পায়ে লেগেছে টান। মানে ভারতীয় ড্রেসিং রুমে আবারো ত্রিনিদাদের দুঃস্বপ্নের ঘনঘটা।
কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করেই এই উইকেটকিপার ব্যাটসম্যান সব আশঙ্কা মিথ্যা করে দিলেন! ৫ উইকেটে ভারতের জয় নিশ্চিত করে সেই ড্রেসিংরুমে বইয়ে দিলেন আনন্দের বন্যা। এই আনন্দ প্রতিশোধের, এই আনন্দ বিশ্বকাপের চরম হতাশা কাটিয়ে ভারতকে জয়ের পথে ফেরানোর।
এমনই এক মহামূল্য জয় উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি যে সংবাদ সম্মেলনে কোচ-কাম ম্যানেজার রবি শাস্ত্রীর গলার স্বর একেবারে সপ্তমে চড়ে গেলো, “যেভাবে ধোনি ও কার্তিক ম্যাচ বের করে এনেছে তাতে আমি গর্বিত। সত্যিকারের ম্যাচ উইনার ধোনি, যে কোনো জায়গায় ব্যাট করতে পারে সে।”
ব্যাটিং অর্ডারে তার নিদিষ্ট জায়গা কোনটা, এটা অবশ্য বলা মুশকিল। যেমন বৃহস্পতিবার তাকে পাঠানো হলো তিন নম্বরে এবং সেখানে ব্যাটিং করতে নেমে একেবারেই অন্য চেহারা। মেরে খেলার জন্যই তার সুনাম, কিন্তু এদিন পরিস্থিতির দাবি মেনে স্ট্রোকের মুখে বাঁধ দিয়ে ফেললেন। শেবাগ-দ্রাবিড়-যুবরাজরা ফিরে যাওয়াতে চাপ আরও বাড়ল, কিন্তু চাপ যত বাড়ে তত বাড়ে ধোনির প্রত্যয়।
আর সেজন্যই অধিনায়ক রাহুল দ্রাবিড়ের চোখে, “ধোনি সত্যিই আসাধরণ খেলেছে। ওই চাপের মধ্যে, ওই কন্ডিশনে ব্যাটিং করে ধোনি ও কার্তিক দলকে যেভাবে জিতিয়েছে এটা দুর্দান্ত!”
সংবাদ সম্মেলনে অধিনায়কের ধোনিতে মোহিত হওয়া দেখে যেন মনে হচ্ছিল পরাজয়ের হাতছানিটা দ্রাবিড় খুব কাছ থেকেই দেখেছেন। ধোনি ও কার্তিক দুজনেরই মূল পরিচয় উইকেট কিপার। এই ম্যাচে সেই ভূমিকা তাদের মুখ্য নয়, ব্যাট হাতেই তারা জ্বলে উঠেছেন এবং ষষ্ঠ উইকেট জুটিতে ১০৭ রান যোগ করে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে।
যে ইনিংস খেলেছেন ধোনি সেটাই বীরত্ব প্রকাশের জন্য যথেষ্ট। কিন্তু এর সঙ্গে যখন যোগ হচ্ছে ইনজুরি এবং রানার নিয়ে খেলা তখন ইনিংসটা আরও বীরত্বব্যঞ্জক। ব্যাটিংয়ের সময় মাংসপেশিতে টান পড়ায় সিংহভাগ সময় খেলতে হয়েছে রানার নিয়ে, লড়াইটা হয়ে গেছে আরও কঠিন। সে অভিজ্ঞতা শুনুন ধোনির মুখেই, “আমি লড়াই করতেই পছন্দ করি। শেষ পর্যন্ত লড়াইয়ে জিতেছি সেটাই তৃপ্তির ব্যাপার।” ক্যারিয়ারের ত্রয়োদশ হাফ সেঞ্চুরিটি নিজের কাছে আর দশটা ইনিংসের মতো নয়, “আমার ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি এটা। কারণ তখন পুরো কন্ডিশন ছিল বোলারদের পক্ষে।”
জানা কথাই লাঞ্চের পর বল নীচু হয়ে আসবে, স্পিনাররা ভাল করবে। ধোনির মাথায়ও সেটা ছিল। ছিল স্পিন মোকাবেলার প্রস্তুতি। সেই প্রস্তুতি দিয়ে, স্পিনারদের উইকেট না দিয়ে যে ব্যাটিংটা করলেন তাতেই এই ম্যাচের জয়ী দলের নাম বাংলাদেশ না হয়ে ভারত।
