২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের উইকেট আশার, আশংকারও

কীধরনের উইকেট, মিরপুর স্টেডিয়ামের উইকেট না ওয়েস্ট ইন্ডিজের? এই প্রশ্নে বাংলাদেশের বোলাররা নিশ্চিতভাবেই চাইবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট। ওয়েস্ট ইন্ডিজে স্পিনারদের সাফল্যে এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে স্পিনাররা বাংলাদেশকে ওয়ানডে জেতাতে পারেন।মানে সম্ভাবনার নতুন একটা দুয়ার। কিন্তু সেই দুয়ার দিয়ে যদি আবার ভারতীয় স্পিনাররা হানা দিয়ে বসে !

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আপাতত সেই দুশ্চিন্তা নেই। বাংলাদেশ নিজেদের সামর্থ্যরে দিকটাকেই প্রাধান্য দিয়ে রণকৌশল সাজাতে ব্যস্ত। সেই পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে আছে স্পিনার এবং তাদের সাফল্যের জন্য স্পিন সহাকায়ক উইকেটও জরুরী একটি অনুষঙ্গ। বাংলাদেশের ক্রিকেটের নতুন ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চার নম্বর উইকেটে বৃহস্পতিবার হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ক্রিকেট স্টেডিয়াম হিসেবে এটি নতুন, নতুন তার উইকেটও। যার চরিত্র নির্ধারণ করতে গিয়ে কিউরেটর বদিউল আলম বলেছেন, “এটা ভাল একটা ওয়ানডে উইকেট।” কতোটা ভাল তা দেখার জন্য দুদিন আগের প্র্যাকটিস ম্যাচের স্কোরের দিকে চোখ বুলাতে হবে। যে ম্যাচে ২০৭ রান করে ১১ রানে জিতেছে হাবিবুল বাশারের দল। কিউরেটরের চোখে ‘ভাল’ মানে রান হবে কম, লাঞ্চের পর স্পিনাররা ভাল করবে।

সেদিনের ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশারের উপলব্ধি হচ্ছে, “এই উইকেটে লাঞ্চের পর ব্যাটিং করা কঠিন হবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল নীচু হবে।” মানে দ্বিতীয় ইনিংসে ম্যাচে আধিপত্য করবে স্পিনাররাই। সেই সুযোগটাই নিতে চাইবে বাংলাদেশের তিন বাঁহাতি স্পিনার। আব্দুর রাজ্জাক (১৩), মোহাম্মদ রফিক (৮) ও সাকিব আল হাসান (৭) ----তিনে মিলে ২৮ উইকেট নিয়েছেন বিশ্বকাপের ৯ ম্যাচে। ত্রিনিদাদে এই ভারতের বিপক্ষেই ৩টি করে উইকেট নিয়েছিলেন রাজ্জাক ও রফিক । এসবই অনুপ্রেরণা এবং সোজা তত্ত্ব হচ্ছে, দেশেও স্পিন---বান্ধব উইকেট পেলে ভয়ংকর হয়ে উঠবেন এই স্পিনত্রয়ী।এবং ওই কৌশলে আবারো ভারত----বধের নীলনকশা করছে বাংলাদেশ।

কিন্তু সেটা যে ধরে ফেলেছেন ভারতীয় দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়। উইকেট দেখার পর সংবাদ সম্মেলনে তিনি বলেই ফেলেছেন, “আমি এক নজর উইকেট দেখেছি। এখনো ম্যাচের বাকি ৪৮ ঘন্টা, এই মুহুর্তে কিছু বলা ঠিক হবে না। উইকেটে অনেক ঘাস আছে তবে সময়ের সঙ্গে সঙ্গে বল নীচু হয়ে আসতে পারে। দুদলের জন্যই এই উইকেট।” দুদলের জন্যই যে এই উইকেট সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ। যেখানে ভারতীয়রাও স্পিন বোলিং করার সুযোগ পাবে এবং সেজন্য বেশকিছু স্পিনার নিয়েও এসেছে তারা। লেগ স্পিনার পীযূষ চাওলা, অফ স্পিনার রমেশ পাওয়ার তো আছেনই, এছাড়া অফ স্পিন করেন অলরাউন্ডার মনোজ তিওয়ারি ও বীরেন্দর শেবাগ। কাল প্র্যাকটিস সেশন দেখে যা বোঝা গেলো তাতেও পরিস্কার ভারত স্পিনকে কেন্দ্রবিন্দুতে রেখেই ওদের রনসজ্জা সাজাচ্ছে।

বোঝাই যাচ্ছে প্রতিপক্ষও স্পিন মারণাস্ত্রে সজ্জিত হয়ে এসেছে। তাই বাংলাদেশের স্পিন আক্রমণের রণকৌশলটাই না নিজেদের জন্য বুমেরাং হয়ে যায়, সেই ভয় থেকেই যাচ্ছে। সঙ্গে কিউরেটর বদিউল আলমের শেষকথাটাও মনে রাখুন, “এই উইকেটে ২৫০ নিরাপদ স্কোর।” এই নিরাপত্তার জন্য তো বাংলাদেশের টস জেতা এবং আগে ব্যাটিং করার শর্তও জড়িয়ে আছে।