২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, নাকি পাকিস্তানের কোচ হচ্ছেন হোয়াটমোর?

বিশ্বকাপে ভারতকে হারানোর পর থেকেই চলছে এ কথা-ও কথা। প্রসঙ্গ ডেভ হোয়াটমোরের পরবর্তী ঠিকানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 09:24 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

অথচ তখনো হোয়াটমোর বাংলাদেশের সঙ্গেই চুক্তিবদ্ধ! তা এখন তো ‘চুক্তির বাধা’-র বালাই নেই, এ অবস্থায় কি করে থামবে হোয়াটমোরকে নিয়ে আলোচনা? সেটা বরং বাড়ছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতে প্রয়াত বব উলমারের উত্তরসুরী হিসেবে পাকিস্তানের কোচও নাকি হয়ে যেতে পারেন হোয়াটমোর।

অবশ্য এক্ষুনি কোচ নির্বাচনে ঝাঁপিয়ে পড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে যোগ্যতার বিবরণসহ দরখাস্ত আহ্বান করে বিজ্ঞাপন দেয়া হয়েছে। আবেদনপত্র পরীক্ষা-নিরীক্ষা করে, প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নিয়োগ চূড়ান্ত করতে করতে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগবে বলে জানিয়েছেন পিসিবির এক সূত্র। তবে অন্য উদ্যোগও থেমে নেই। বিশ্বকাপের সময় হোয়াটমোর আগ বাড়িয়েই জানিয়েছিলেন, বিসিসিআই চাইলে ভারতের কোচ হতে তার কোনো আপত্তি নেই। জবাবে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো-মন্দ কিছুই বলেনি। তারপরও যে বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও হোয়াটমোর তা করলেন না তার বড় কারণ হয়তো ভারতই। বিসিসিআই তো নতুন কোচ খুঁজছেই। বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করলে নিজেকে ভারতীয় দলের জন্য যে পুরোপুরি উন্মুক্ত রাখা হয় না, সেটা কি হোয়াটমোর বোঝেন না!

২৯ মে’র পর থেকে ডেভ হোয়াটমোর একেবারে মুক্ত। সেদিনই শেষ হওয়ার কথা বাংলাদেশ-্ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপর কোথায় যাবেন-এটা এ মুহুর্তে হোয়াটমোরেরও প্রশ্ন। উত্তরটা হয়তো জেনে যাবেন শিগগিরই। ভারত নীরব থাকলেও পিসিবি একেবারে বসে নেই! শ্রীলঙ্কাকে ’৯৬-এর বিশ্বকাপ জেতানো কোচ নিজেই বলেছেন তার ব্যাপারে ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে পিসিবি, “ যেমনটি বলা হচ্ছে, সেভাবে আসলে এখনো আমি ভারতীয় বোর্ডের কাছে কোনো দরখাস্ত পাঠাইনি। আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকেও পাইনি। তবে বিশ্বকাপের সময় তাদের হয়ে এক লোক আমার চুক্তির বিস্তারিত জানতে চেয়েছিল। তারপর থেকে অবশ্য ওই তরফ থেকে কোনো কথা শুনিনি আমি।”