“গিলক্রিস্টকে নিয়ে ওরা বাজে বকছে”
অ্যাডাম গিলক্রিস্টের জন্য কৌশলটা নতুন কিছু নয়। অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ বব মিউলেম্যান কয়েক বছর আগে গ্লাভসের মধ্যে স্কোয়াশ বল রেখে গ্রিপ ঠিক রাখার এই অভিনব কৌশল শিখিয়েছিলেন ‘গিলি'কে।
অথচ বিশ্বকাপের ফাইনালে সেই কৌশল অবলম্বন করে অবিস্মরণীয় এক ইনিংস খেলার পর ব্যাপারটাকে ক্রিকেট স্পিরিটের পরিপন্থী বলছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মাথিভানান। তার মন্তব্য শুনে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মতো মিউলেম্যানও বিস্মিত, ক্ষুব্ধ। তার মতে এটা মোটেও অনৈতিক কোনো কাজ নয়। পশ্চিম অস্ট্রেলিয়ার সাবেক কোচ ওয়েইন ক্লার্ক ও আম্পায়ার বব পেরিও তার সঙ্গে পুরোপুরি একমত।
গিলক্রিস্টকে এবারের বিশ্বকাপের যে কোনো একটা ম্যাচে ব্যাট করার সময় গ্লাভসের মধ্যে স্কোয়াশ বল রাখার পরামর্শ দিয়েছিলেন মিউলেম্যান। ফাইনালে সেই পরামর্শ অনুসরণ করে গিলক্রিস্ট বিধ্বংসী এক ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করলেও মাথিভানান সেই কৌশলের সমালোচনায় মুখর। তবে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন মিউলেম্যান। তার মতে এটা খুবই দুঃখজনক এক অভিযোগ,“কেউ কেউ এর মধ্যে খারাপ উদ্দেশ্য খুঁজে পাচ্ছে। এটা বেশ দুঃখজনক ঘটনা।”
এখন অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের হয়ে খেললেও এক সময় পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন গিলক্রিস্ট। তখন পশ্চিম অস্ট্রেলিয়ার কোচ ওয়েইন ক্লার্ক। সাবেক শিষ্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনিও ব্যথিত। কৌশলটা গিলক্রিস্টকে কোনো অন্যায় সুবিধা দিয়েছে বলে মানতে রাজি নন ক্লার্ক,“তারা উল্টো-পাল্টা কথা বলছে।” অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আম্পায়ার বব পেরির কণ্ঠেও একই সুর। গত মৌসুমে পার্থে কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে গ্লাভসের মধ্যে স্কোয়াশ বল নিয়ে ব্যাট করে সেঞ্চুরি করেছিলেন গিলক্রিস্ট। সেই ম্যাচে আম্পায়ার থাকা পেরিও ব্যাপারটাকে ক্রিকেটের পরিপন্থী বলে মানতে নারাজ,“আমি মনে করি না খেলাটার স্পিরিট-বিরোধী কোনো কাজ এটা। এটা অনেকটা ব্যাটিং গ্লাভসের মধ্যে অতিরিক্ত কিছু পরার মতোই ব্যাপার।”
