অস্ট্রেলিয়াকে আইসিসির হুমকি
জরিমানা গুণতে হলেও জিম্বাবুয়ে সফর বাতিল করার পথেই এগোবে অস্ট্রেলিয়া-এ খবরকে গুরুত্ব দিয়ে তার প্রতিক্রিয়াও তাড়াতাড়িই জানিয়েছে ক্রিকেটের সর্বে্চ্চা সংস্থা (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে নির্দিষ্ট কিছু কারণ ছাড়া এ সফর বাতিল করলে সেটা হবে ঘোরতর অন্যায়।
“পরিস্থিতি যদি এমন হয় যে খেলোয়াড় বা কর্মকর্তারা সেখানে মৃত্যু বা চোটগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে বলে মনে করেন” মূলত তাহলেই সফর বাতিল করার দিকে এগোনো যায়-বিবৃতিতে এ কথা জানিয়ে আইসিসি আরো যোগ করেছে , সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকার সফরকে নিষিদ্ধ ঘোষণা করলে সেটা গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু অস্ট্রেলিয়ার সরকার কি সফরকে নিষিদ্ধ ঘোষণা করবে? এমন নজীর নেই বলে সেই সম্ভাবনাকে এক্ষুনি খুব একটা গুরুত্ব দেয়া যাচ্ছে না। তাহলে? কি ব্যাবস্থা নেয়া যাবে?
নেবার মতো ব্যাবস্থা আছে দুটো। এক, জরিমানা। গত শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তো বলেই দিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া রিকি পন্টিংয়ের দলের জিম্বাবুয়ে সফর বাতিল করলে আইসিসি যদি জরিমানাও করে, জরিমানার টাকা দিতে কোনো আপত্তি নেই তার সরকারের। সেক্ষেত্রে প্রথম শাস্তিটা খুব একটা কার্যকর না-ও হতে পারে এমনটি ধরে নিয়েই আইসিসি জানিয়েছে, সফর বাতিল করলে ক্ষতিপূরণ হিসেবে কমপক্ষে ২০ লক্ষ ডলার দিতে হতে পারে অস্ট্রেলিয়াকে। সঙ্গে জিম্বাবুয়ে বোর্ড যদি আরো কিছু ক্ষতির পক্ষে প্রমান দেখাতে পারে তাহলে সেই ক্ষতি পুষিয়ে দেয়ার দায়িত্বও নিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
খোদ জন হাওয়ার্ড জরিমানা দিয়ে সফর বাতিল করার পক্ষে, সেখানে ‘ক্ষতিপূরণ দিতে হবে’ জাতীয় হুমকিকে কিছুটা হাস্যকর বা ফাঁকা বুলি মনে হতেই পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি আইনগত ব্যাবস্থা হতে পারে বহিস্কারাদেশ। কথা হলো, টেস্ট ও ওয়ানডের বিশ্বসেরাদের বিরুদ্ধে সেরকম ব্যাবস্থার কথা ভাবতেও কি পারবে আইসিসি?
