২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলও গিলক্রিস্টের পাশে!

১০৪ বলে ৮টা বিশাল ছক্কা ও ১৩টা বাউন্ডারিতে ১৪৯ রান। বল আর রানের ব্যবধানেই পরিষ্কার সেদিন কতটা বিধ্বংসী ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সেদিন অর্থাৎ ২৮ এপ্রিল। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সেদিন বিশ্বকাপ ফাইনালে খেলা তার সেই ঝড়ো ইনিংস নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক । ফাইনাল শেষে গিলক্রিস্ট জানিয়েছিলেন, গ্রিপ ঠিক রাখতে গ্লাভসের ভেতর একটা স্কোয়াশ বল নিয়ে ব্যাট করে সুফলও পেয়েছেন সেদিন। তখন ব্যাপারটা নিয়ে শ্রীলঙ্কা দলও মাথা ঘামায়নি। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি কাঙ্গাদারান মাথিভানান এখন ব্যাপারটা নিয়ে বেশ ক্ষুব্ধ। তার মতে গ্লাভসের ভেতর স্কোয়াশ বল রেখে ‘অনৈতিক’ কাজ করেছেন গিলক্রিস্ট। মাথিভানানের অভিযোগটাকে অবশ্য পাত্তাই দিচ্ছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্মকর্তারা।

২৮ এপ্রিলের আগ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন রিকি পন্টিং। চার বছর পর ২০০৩-এ তার গড়া ১৪০ রানের রেকর্ডটা ভেঙ্গে যেতে দেখে অস্ট্রেলীয় অধিনায়কের কিন্তু একটুও মন খারাপ হয়নি। বরং মুগ্ধ বিস্ময়ে তিনি দেখেছেন গিলক্রিস্টের তান্ডব। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ইনিংসটা সম্পর্কে বলতে গিয়ে বার বার শুধু ‘অবিশ্বাস্য’ শব্দটাই উচ্চারণ করেছেন পন্টিং। সেই অবিশ্বাস্য ইনিংস নিয়েই গিলক্রিস্টের দিকে সমালোচনার তীর ছুড়েছেন মাথিভানান,“আমরা মনে করি না যে সে (গিলক্রিস্ট) কোনো অবৈধ কাজ করেছে। তবে ব্যাপারটা অনৈতিক কিংবা খেলাটার স্পিরিটের বিরোধী কি না, তা নিয়ে প্রশ্ন তুলছি আমরা। আগামী জুনে আইসিসির সভায় এই ইস্যুটা তোলার পরিকল্পনা করেছি, যেন গ্লাভসের ভেতরে কোনো কিছু রেখে তা ব্যবহার করা যাবে কি না সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি।”

আশির দশকের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ট্রেভর চ্যাপেলের সেই কুখ্যাত ‘আন্ডার আর্ম’ বোলিংয়ের সঙ্গেও ব্যাপারটাকে তুলনা করেছেন মাথিভানান।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেক্রেটারির এই অভিযোগ একেবারে হেসেই উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র পিটার ইয়াং যেমন বলছেন,“এটা কি চায়ের কাপে ঝড় তোলার জন্য করা হচ্ছে! কেউ যদি তার গ্লাভসে স্কোয়াশ বল রেখে অ্যাডাম গিলক্রিস্টের মতো ব্যাট করতে পারে তাহলে আইসিসির উচিৎ এটাকে বাধ্যতামূলক করে দেয়া।”

মাথিভানান যতই গিলক্রিস্টের গ্লাভসে রাখা বল নিয়ে চেঁচামেচি করুন না কেন শ্রীলঙ্কা দল কিন্তু এ সম্পর্কে এখনো নির্বিকার। মুত্তিয়া মুরালিধরন নির্বিকার নন, বরং সবাইকে অবাক করে সর্বকালের সেরা অফস্পিনার বরং মাথিভানানের বক্তব্যের বিরুদ্ধেই সোচ্চার। তার মতে গিলক্রিস্ট গ্লাভসের ভেতরে স্কোয়াশ বল রেখে কোনো অনৈতিক কাজ করেননি, “এটা তার (মাথিভানানের) ব্যক্তিগত মতামত। আমাদের দল তা মনে করে না।”