ম্যাচের আগে উইকেটটা দেখে নিল বাংলাদেশ
দেশের মাটিতে শেষ ওয়ানডে সিরিজ খেলবেন ভারতের বিপক্ষে। তার আগেও বিশ্বকাপ থেকে চলে আসা হাবিবুল বাশারের ব্যাটে রানখরা কাটার লক্ষণ নেই। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচে অন্তত সেটাই দেখা গেছে।
বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের পাশাপাশি আরো কয়েকজন তরুণ ক্রিকেটারকে ডেকে এনে দাঁড় করানো হয় এ ম্যাচের জন্য বাংলাদেশ লাল ও সবুজ একাদশ নামের দুটো দল। এতে লাল দলের অধিনায়ক হাবিবুল বাশার করেছেন মাত্র ৯ রান। তার দলেই খেলা বাংলাদেশ দলের নতুন সহ-অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কোনো রানই করতে পারেননি। তবুও ৫০ ওভারে ৭ উইকেটে ২০৭ রান তোলা লাল দল তুষার ইমরানের নেতৃত্বাধীন সবুজ দলকে (১৯৬/১০) হারিয়েছে ১১ রানে।
যদিও ম্যাচ নয়, মিরপুরের চার নাম্বার উইকেটটা দেখে নেওয়ার দিকেই বেশি ঝোঁক ছিল টিম ম্যানেজমেন্টের। ম্যাচের মাঝপথে এসে সেকথাই জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ,“আসলে এই মাঠে অনেকদিন খেলা হয়নি ওদের। তাই এখানকার উইকেটের আচরণ বোঝানোর জন্যই এই ম্যাচটা আয়োজন করা।” ম্যাচশেষে অধিনায়ক হাবিবুল বাশারও সম্যক ধারণা দিতে পারলেন ওই উইকেটের আচরণ সম্পর্কে,“পরে যারা ব্যাট করেছে, তাদের জন্য স্ট্রোক খেলা কঠিন হচ্ছিল। বল নীচু হয়ে আসছিল।” যতোদূর জানা গেছে, ১০ মে মিরপুরে ভারত সিরিজের প্রথম ওয়ানডেটা হবে এই চার নাম্বার উইকেটেই। তাই প্রথম ম্যাচের আগেই উইকেট কেমন তা জানা হয়ে গেল হাবিবুল বাশারদের।
সকালে লাল দলকে ১০৫ রানের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জাভেদ ওমর এবং তামিম ইকবাল। ৪৮ রান করে তামিম অবসর নেন। জাভেদ ৮৯ বলে ৪৬ রান করে সবুজ দলের সফলতম বোলার মোহাম্মদ রফিকের (৩/৩১) অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফ্লাইটেড ডেলিভারিতে রফিককেই রিটার্ন ক্যাচ দিয়েছেন হাবিবুল। আর আশরাফুল মুখোমুখি হওয়া প্রথম বলেই মিডউইকেটে ফিল্ডারের দিকে ঠেলেই রানের জন্য ছুটলেন। ভুল বুঝে পরে ফিরে আসার আগেই সব শেষ। আফতাব আহমেদও (২৬) রান আউট হয়েছেন। এছাড়া বলার মতো স্কোর ফরহাদ রেজা (২১) এবং ওয়ানডে দলে অপাংক্তেয় হয়ে যাওয়া খালেদ মাসুদের (৩৩ বলে অপরাজিত ২৫)। হাবিবুল-আশরাফুল রান না পেলেও রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন সবুজ দলের ওপেনার শাহরিয়ার নাফীস। মাত্র ২৪ বলে ৫ বাউন্ডারিতে ২৯ রান করে শাহাদাত হোসেন রাজীবের (৩/৫১) বলে বোল্ড হয়ে যান তিনি। ৮৯ রানে ৫ উইকেট হারানো সবুজ দল যে শেষপর্যন্ত ম্যাচটা জমিয়ে তুলতে পারলো, তার কারণ মাশরাফি বিন মর্তুজার ৪৯ রানের ম্যাচ সর্বোচ্চ ইনিংস। বল হাতে ৩৯ রান খরচায় কোনো উইকেট না পেলেও তার এই ৬৩ বলের ইনিংসে চার বাউন্ডারির পাশাপাশি একটা ছক্কাও ছিল। আফতাব আহমেদকে (৩/২৮) রিটার্ন ক্যাচ দিয়ে মাশরাফি অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় সবুজ দলের রান ১৮৮। ম্যাচের তখনো ২২ বল বাকি, জেতার জন্য দরকার ছিল ২০ রানের। মাশরাফি আউট হওয়ার পরও সবুজ দলের জেতার আশা জিইয়ে ছিল। কারণ অলক কাপালি ছিলেন। কিন্তু শেষ ব্যাটসম্যান হিসেবে অলকও (১৮) রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়ায় আর জেতা হয়নি সবুজ দলের। তবে এই ম্যাচের জয়-পরাজয় নয়, চার নাম্বার উইকেট দেখে নেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ শিবিরের।
