আবুধাবি সিরিজে খেলবেন না ভাস-মুরালি-সাঙ্গাকারা
আগামী কয়েক মাস ইংলিশ কাউন্টি ক্রিকেটের জন্য ব্যস্ত থাকতে হবে তাদের।
তাই আবুধাবিতে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস ও কুমার সাঙ্গাকারা। অর্থাৎ দলের তিন তারকাকে ছাড়াই পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৮ মে থেকে। বাকি ম্যাচ দুটো হবে ২০ ও ২২ মে।
৯ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কার অনুরোধে পিছিয়ে গেছে সিরিজটা। কারণ বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশে ফেরার পথে বিশ্বকাপ রানার্সআপদের বিড়ম্বনা। বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের বিমান হামলার কারণে আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস ও ক্যাথে প্যাসিফিক কলম্বোতে তাদের সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সেজন্য দুদিন লন্ডনে আটকে থেকে ৩ মে দেশে ফিরেছে মাহেলা জয়াবর্ধনের দল। আর তাই আবুধাবির সিরিজটা কয়েক দিন পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিল তারা। এই সিরিজের আয়োজক আবুধাবি ক্রিকেট কাউন্সিলও (এডিসিসি) সে অনুরোধে সাড়া দিয়েছে।
ক্রিকইনফো-এর সহায়তায়
