ভারতীয় ক্রিকেট দলের সফরকে ঘিরে চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা
ভারতীয় ক্রিকেট দলের সফর উপলক্ষে চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মইনুর রহমান চৌধুরী রোববার সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এজন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া স্টেডিয়াম এলাকা, হোটেলসহ নগরীতে কড়া পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, “যেকোনও পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের চট্টগ্রাম সফরকালে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের নজরদারি এবং সতর্কতা আগের চেয়ে অনেক বাড়ানো হবে।”
তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, গত বছর অস্ট্রেলিয়ার চট্টগ্রাম সফরকালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল এবার তার পুনরাবৃত্তি হবে না।
একটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট খেলতে ১৩ মে ভারতীয় ক্রিকেট দলের চট্টগ্রাম আসার কথা রয়েছে।
