‘দীর্ঘ বিশ্বকাপ’-এর সমালোচনায় আলিম দারও
এতদিন সমালোচনাটা শোনা যাচ্ছিল দর্শক, আর খেলোয়াড়দের কণ্ঠে। এবার সেই সুরে গলা মেলালেন বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার আলিম দারও।
এবারের বিশ্বকাপটা একটু বেশিই দীর্ঘ হয়ে গেছে বলে সমালোচনা করলেন এই পাকিস্তানি আম্পায়ারও। এই কারণে শেষের দিকে খেলোয়াড়-আম্পায়ার সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন তিনি। তবে ফাইনালের শেষ বিকেলে তিনি ও তার সঙ্গীদের করা অমার্জনীয় ভুলের ব্যাখ্যা হিসেবে এটাকে দাঁড় করাননি তিনি।
বরং আলিম দারের দাবি, ভুলটা আসলে তার আর মাঠের সঙ্গী স্টিভ বাকনরের ছিল না। শেষ বিকেলে আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ‘বাইরে থেকে’ পাওয়া নির্দেশনাই অনুসরণ করেছেন তারা।
“আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে। আমি ও স্টিভ বাইরে থেকে পাওয়া নির্দেশনাই অনুসরণ করেছি। তবে ভাবনাটা ছিল ম্যাচটা রিজার্ভ ডেতে গড়াবে। তখনই দু দলের খেলোয়াড়রা আমাদের জানায় আসলে আইনটা অন্য রকম”- ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকিনফোকে বলেছেন তিনি। পরে এ ব্যাপারে ক্ষমা চেয়ে আইসিসি আর ম্যাচ অফিসিয়ালরা ঠিক কাজই করেছেন বলে মনে করেন তিনি।
তবে সেই সঙ্গে এ ধরনের ভুল এড়াতে ভবিষ্যতে বিশ্বকাপের দৈর্ঘ কমানোর পরামর্শই দিয়েছেন ৩৭টি টেস্ট আর ৮৮টি ওয়ানডে পরিচালনাকারী এই আম্পায়ার, “আসলে এবারের আসরটা একটু বেশিই লম্বা হয়ে গেছে, যে কারণে শেষ দিকে আম্পায়ার-খেলোয়াড় সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিল। আমার মনে হয় ভবিষ্যতে বিশ্বকাপের দৈর্ঘ আরো ছোট হওয়া উচিত।”
