২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে গেইল

বিশ্বকাপটা মোটেই ভালো কাটেনি, কিন্তু শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঠিকই একটা বিধ্বংসী হাফসেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। আর ক্রিস গেইল জানাচ্ছেন, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে বিশ্বকাপের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার কথাই ভাবছেন তিনি!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

“বিশ্বকাপটা ছিল খুবই হতাশার, অনেকেই আশা করেছিলেন আমরা ভালো কিছু করবো কিন্তু আমরা সেটা করতে পারিনি। ব্যক্তিগতভাবে আমার ফর্মটাও ভালো যায়নি। জানি না কেন, কিন্তু কোনো কিছুই যেন ঠিকঠাকমতো হচ্ছিল না”--- ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বিগস্টার ক্রিকেট ডট কমকে বলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ওপেনার।

বিশ্বকাপে এমন হতাশ করা পারফরম্যান্সের জন্য ক্যারিবিয়ান ক্রিকেটের ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। আর সঙ্গে জানিয়েছেন, ইংল্যান্ড সফরে সেটা খানিকটা হলেও পুষিয়ে দেওয়ার ইচ্ছে, “আশার কথা, অন্তত শেষ ম্যাচে হলেও একটা হাফসেঞ্চুরি করতে পেরেছি। আমার মনে হয় একটু দেরি হলেও সময়টা বদলাতে পেরেছি। ওই ব্যর্থতা এখনো খানিকটা পোড়াচ্ছে আমাকে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তাই আমাদের এখন ইংল্যান্ড সফরের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।”

ইংল্যান্ডের জন্য সেটা দুঃসংবাদই বটে। বিশ্বকাপে তারাও কিন্তু এমন কিছু ভালো করেনি, ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ষষ্ঠ স্থান আর তারা হয়েছে পঞ্চম। তার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাশেজ খুইয়ে এসেছে ৫--০ হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবে। গেইল মনে করিয়ে দিয়েছেন সেটাও, “ইংল্যান্ডও তো অস্ট্রেলিয়ার কাছে ৫--০ ম্যাচে সিরিজ হারার পর এই প্রথম টেস্ট খেলবে, তারা কি ভাবে ঘুরে দাঁড়ায় সেটাও দেখার বিষয়।” সঙ্গে দিয়েছেন একটু সতর্কবাণীও, “তবে ওদের দলে ফ্লিন্টফ, পিটারসেন আর বেলের মতো প্রতিভাবান ক্রিকেটাররা আছেন, আমরা সে ব্যাপারে সচেতন।”

এদিকে এই সফরের জন্য ওয়েস্ট ইন্ডিয়ান দলের সহ অধিনায়ক মনোনীত হয়েছেন ওপেনিংয়ে গেইলের সম্ভাব্য পার্টনার ড্যারেন গঙ্গা। ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদের  এই ডানহাতি ব্যাটসম্যানকে এক সময় লারার উত্তরসূরীও মনে করা হচ্ছিল কিন্তু তার বিদায়ের পর অভিজ্ঞতার বিচারে দায়িত্বটা পেয়েছেন রামনরেশ সারওয়ান। ইংল্যান্ড সফরে গঙ্গাকে ছাড়াও টিম ম্যানেজমেন্টে আরো দুজন নতুন সঙ্গী পাচ্ছেন সারওয়ান, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড একাডেমীর ফিজিওলজিস্ট রিচার্ড স্মিথকে ‘স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ’ এবং ডেভিড স্কট নামে আরেকজনকে ‘পারফরম্যান্স এনহান্সমেন্ট কনসালট্যান্ট’ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ৬ সপ্তাহের চুক্তিতে ওয়েস্ট ইন্ডিয়ান দলের সঙ্গে যোগ দিয়ে স্কট আসলে কাজ করবেন দলের খেলোয়াড়দের মানসিক দিক নিয়েই।