আবার ইনজুরিতে মাইকেল ভন
ইনজুরির সঙ্গে তার সখ্য (!) অনেক দিন ধরে। হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়া অ্যাশেজ সিরিজের একটিও টেস্ট খেলতে পারেননি মাইকেল ভন।
এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট মিস করার আশঙ্কা। বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের বিপক্ষে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন ইয়র্কশায়ারের এই ব্যাটসম্যান। চিকিৎসকদের ধারণা অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ভনকে। আর তা হলে আগামী ১৭ মে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট নিশ্চিতভাবেই মিস করবেন তিনি। এমনকি ২৫ মে থেকে ‘হোম গ্রাউন্ড’ হেডিংলিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরে থাকার আশঙ্কা রয়েছে ইংল্যান্ড অধিনায়কের।
আগেও ইনজুরিতে পড়েছেন বেশ কয়েক বার। তবে ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য তার মাঠের বাইরে চলে যাওয়ার সূচনা ২০০৫-এর শেষ দিকে পাকিস্তান সফরে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে হাঁটুর পুরনো ব্যথার কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ইনিংসের মাঝপথেই ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল তাকে। তার পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই শুরু ভনের। শুধু ড্রেসিংরুমই নয়, সেবার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দেশে ফিরে যেতে হয়েছিল তাকে। যেতে পারেননি এরপরের ভারত সফরেও । গত জুনে হাঁটুতে চতুর্থ বারের মতো অস্ত্রোপচার করানোর কিছু দিন পর ‘আর কখনোই বোধহয় খেলতে পারবো না’ জাতীয় হতাশাজনক মন্তব্যও শোনা গিয়েছিল ভনের কণ্ঠে। অ্যাশেজে খেলতে না পারা তার সেই হতাশাই বাড়িয়ে দিয়েছিল আরো। সেটাই স্বাভাবিক। ২০০৫-এ তার নেতৃত্বেই তো অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৮ বছর পর অ্যাশেজ ফিরিয়ে এনেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে ইংল্যান্ডের টানা ১৫টা টেস্ট মাঠের বাইরে থাকার যন্ত্রণাও এ সময়টায় সইতে হয়েছে তাকে।
তবে অ্যাশেজশেষে অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন, ঐ টুর্নামেন্ট জয়ে নেতৃত্বও দিয়েছেন দলকে। এর পর বিশ্বকাপে তার অধিনায়কত্বেই পঞ্চম হয়েছে ইংলিশরা। ইনজুরিজনিত দুঃস্মৃতিকে পেছনে ফেলে যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত ঠিক তখনই আবার আঘাত। হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রান করে ভাল ফর্মে থাকারই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৬ রান করার পর সেই ‘দুর্ঘটনা’! অস্ট্রেলিয়ার পেসার স্টুয়ার্ট ক্লার্কের একটি বল সরাসরি এসে আঘাত হেনেছে তার ডান হাতের মধ্যমায়। ব্যথা নিয়েই পরের ওভারের প্রথম দুই বল খেলেছেন, তবে তার পরে আর পারেননি। মাঠ থেকে সোজা চলে গেছেন হাসপাতালে।
সেখান থেকে রিপোর্ট পেয়ে ইয়র্কশায়ারের ফিজিও স্কট ম্যাকঅ্যালিস্টার দিয়েছেন দুঃসংবাদটা, “প্রথম দেখে আমার মনে হয়েছিল ইনজুরিটা তেমন গুরুতর কিছু নয়। তবে হাসপাতালে করা টেস্টের রিপোর্টে দেখা গেছে তার (ভনের) আঙুলে সামান্য চিড় ধরেছে। মনে হচ্ছে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে কবে নাগাদ সে ফিরতে পারবে তা নিশ্চিতভাবে বলার জন্য আরো কিছুটা সময় দরকার আমাদের।”
ক্রিকইনফো’র সহায়তায়
