২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

‘শর্ট লিস্ট’ বলা হলেও বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য কোচদের তালিকাটা রীতিমতো লম্বা। সেখানে ছিল পাঁচটি দেশের দশজন কোচের নাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 05:42 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তালিকাটা এখন ছোটো হয়ে এসেছে বটে, কিন্তু নামগুলো কিছুতেই বলতে চাইছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম। প্রশ্নের ঢংয়ে তার ব্যাখ্যা,“আলোচনা অগ্রসর হওয়ার আগেই কী করে বলি!” তাছাড়া মিডিয়ায় নাম প্রকাশ পেয়ে গেলে সবকিছু ভেস্তে যাওয়ার ভয়ও আছে। তবু কিছু কিছু নাম ঠিকই বেরিয়ে এসেছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জন রাইটের নাম যেমন আছে, তেমনি আছে খোদ বাংলাদেশেরই সাবেক কোচ গর্ডন গ্রিনিজের নামও। মাত্রই ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে ইস্তফা দেওয়া বেনেট কিং ছাড়াও শোনা যাচ্ছে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করে যাওয়া রিচার্ড ম্যাকিন্সের কথাও।

এদের মধ্যে রিচার্ড ম্যাকিন্সের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে , কোনো কোনো সংবাদমাধ্যম এমন খবরও পরিবেশন করেছে। এ ব্যাপারে বিসিবির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, এই অস্ট্রেলিয়ানের সঙ্গে বিসিবির আলোচনার খবর। তবে তা ‘কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে’ বলার মতো নয় বলেও জানিয়েছেন। ওই সূত্রের ভাষ্য,“সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়েই আছে। ম্যাকিন্সের সঙ্গে যেমন কথা হয়েছে, তেমনি তালিকার অনেকের সঙ্গে এখনো কথা বলা বাকী। সবার সঙ্গে আলোচনার পরেই না আসবে কোনো একজনকে বেছে নেওয়ার প্রশ্ন।”

বিসিবি আগেই জানিয়ে দিয়েছিল, নতুন কোচ ব্যাটিংয়ে বিশেষজ্ঞ হলে একজন বোলিং কোচ নেওয়া হবে, আর বোলিংয়ে বিশেষজ্ঞ হলে তার সঙ্গী হিসেবে একজন ব্যাটিং কোচকে দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, হাবিবুল বাশারদের নতুন কোচ একজন ব্যাটিং বিশেষজ্ঞই হতে যাচ্ছেন। কেননা বিসিবির কাছ থেকে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার ব্যাপারে আকিব জাভেদের প্রস্তাব পাওয়ার পাকা খবর দিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারকে উদ্ধৃত করেই খবরটা দিয়েছে তারা। মাত্রই পাকিস্তান একাডেমী দলের কোচ হিসেবে বাংলাদেশ সফর করে যাওয়া আকিব বলেছেন,“আমরা যখন ঢাকায় ছিলাম, তখনই অনানুষ্ঠানিক কথাবার্তার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আমাকে প্রস্তাবটা দেন। আমি তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, বিষয়টা নিয়ে ভাবার জন্য আমাকে কয়েকটা সপ্তাহ সময় দিতে হবে।”

ওদিকে পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার হাতছানিও আছে আকিবের সামনে। তাই সময় তো লাগবেই। আকিবের পাশাপাশি আরো কয়েকজনের কাছে বিসিবির বোলিং কোচের প্রস্তাব নিয়ে যাওয়ার খবরও আছে। এতেই মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে, একজন ব্যাটিং বিশেষজ্ঞই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন কোচ।

মাহবুব আনাম মুখে সম্ভাব্যদের নাম আনবেন না, সেটাই স্বাভাবিক। তিনি আনছেনও না। বরং বলছেন,“পাঁচ-সাতজনের সঙ্গে আমি কথা বলবো বলে ঠিক করে রেখেছি। এদের মধ্যে কারো কারো সঙ্গে কথা বলতে পেরেছি। আগে আমাকে সবার সঙ্গে কথা বলতে হবে। সবার সঙ্গে কথা বলার পরেই একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তাই এখনই কারো নাম বলা যাচ্ছে না। এমনও তো হতে পারে, এমন একজন কোচ হয়ে গেলেন যার নাম মিডিয়াতে আসেইনি।”