২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারদের পাশে চান কপিল

বাংলাদেশ সফরে ওয়ানডে দলে নেই শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। টেস্ট-ওয়ানডে কোনো দলেই রাখা হয়নি হরভজন সিং ও ইরফান পাঠানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:30 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সামনে অখন্ড অবসর বলেই ভারতীয় ক্রিকেটের এই তারকাদের অন্যভাবে কাজে লাগাতে আগ্রহী কপিল দেব। ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক চাইছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরুণ শিক্ষার্থীদের প্রশিক্ষণে টেন্ডুলকার-সৌরভদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে। এই অ্যাকাডেমির বর্তমান চেয়ারম্যান কপিলের বিশ্বাস, তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে তরুণরা লাভবান হবে দারুণভাবে। তার ফলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটেরই লাভ হবে।

অনূর্ধ্ব-১৭ বছর বয়সী প্রশিক্ষণার্থীদের একটি দলের পরিচিতিমূলক অনুষ্ঠানে কপিলের মন্তব্য,“এই ক্রিকেটারদের মধ্যে কয়েক জন বেশ দেরিতে বাংলাদেশে যাবে। কয়েকজন তো যাবেই না। সেজন্যই আমি নিশ্চিত, এনসিএতে তরুণদের সঙ্গে ব্যয় করার মতো কিছুটা সময় তাদের হাতে আছে।” তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ কাইফের কথাও উল্লেখ করেছেন তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে এই ডানহাতি ব্যাটসম্যান দলের বাইরে।

টেন্ডুলকার-সৌরভদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার ব্যাপারেও আশাবাদী কপিল। তারুণ্যের সেইসব উচ্ছ্বল দিনগুলোর স্মৃতিচারণ করে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারের আশাবাদ,“বেড়ে ওঠার সময়টায় ভারতের তখনকার ক্রিকেটাররা ছিলেন আমাদের চোখে নায়ক। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অর্থাৎ এখানকার (এনসিএর) তরুণদের ক্ষেত্রেও তো একই কথা খাটে। প্রশিক্ষণের সময় মনযোগী হওয়ার পাশাপাশি তা উপভোগও করতে হয়। এখন ভালোভাবে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেলে একজন তরুণ জীবনের পরের অংশটা অনেকখানি উপভোগ করতে পারবে।”

ক্রিকইনফো’র সহায়তায়