২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতির দ্বিতীয় পর্ব শুরু করছে বাংলাদেশ

বিশ্বকাপে খেলে দেশে ফেরার পর সপ্তাহখানেকের মতো বিশ্রামে কেটেছে ক্রিকেটারদের। বিশ্রাম শেষে বৃহষ্পতিবার থেকে তারা আবার ভারত সিরিজের প্রস্তুতিতে নেমে পড়ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 08:14 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

‘আবার’ বলার কারণটা শোনা যাক হাবিবুল বাশারের কাছ থেকেই,“আমরা ওয়েস্ট ইন্ডিজে থাকতেই ভারত সিরিজের প্রস্তুতি শুরু করেছিলাম। তাই কাল থেকে আমাদের মাঠে নামাকে প্রস্তুতির দ্বিতীয় দফা বলা যেতে পারে।”

১৯ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলার পর দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরার বিমান টিকেট মিলছিল না। অগত্যা বার্বাডোজে বাড়তি কয়েকটা দিন থাকতে হয়। সেসময় তিনদিন ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে কঠোর অনুশীলনেই ব্যস্ত ছিল বাংলাদেশ দল।

প্রস্তুতির দ্বিতীয় পর্বের প্রথম দিনটাও কঠোর অনুশীলন-সূচিতে ঠাসা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঘন্টাখানেকের ফিটনেস সেশন দিয়ে সকাল আটটায় গা ঘামাতে শুরু করবেন ক্রিকেটাররা। এরপর নেটে চলবে ব্যাটিং-বোলিং। তারপর মধ্যাহ্নভোজ সেরে নামতে হবে ফিল্ডিং অনুশীলনে। ক্লান্তিকর এই দিন শুরুর আগেই সতীর্থদের কাছে একটা দাবি রাখবেন অধিনায়ক হাবিবুল,“আমি ওদেরকে বলবো যেন কোনো চাপ না নেয়।” যদিও আগে বলে রেখেছেন, ওয়ানডে সিরিজে ভারতকে হারানো সম্ভব। সেই লক্ষ্যপূরণের চেষ্টায়ও অবিচল থাকবেন হাবিবুল। কিন্তু এখন থেকেই সেই ভাবনায় বেশি আচ্ছন্ন হলে পা হড়কানোর ভয়ও আছে। তাই অগ্রীম সতর্কতা হিসেবেই এখন আর সিরিজ জেতার কথা ঘটা করে বলতে চাইছেন না তিনি,“সিরিজ জেতা অবশ্যই সম্ভব আমাদের পক্ষে। ছেলেরা যাতে সিরিজ জেতার কথা ভেবে নিজেদের চাপে ফেলে না দেয়, সেকথাও ভাবতে হচ্ছে। তাই আপাতত আমি আগে সিরিজের একটা ম্যাচ জেতার কথা ভাবছি। তারপর অন্য কিছূ ভাবা যাবে। জানি, ভারতও খুব চাপে থাকবে। আমরা যদি চাপ না নিয়ে নিজেদের কাজগুলো ঠিকঠাকমতো করতে পারি, তাহলেই হবে। চাইবো সবাই এদিকটাতেই মনযোগ দিক।”

মনোযোগী হতে হচ্ছে নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতাহীনতা নিয়েও। আর ধারাবাহিকতার সমস্যাটা ব্যাটসম্যানদেরই সবচেয়ে বেশি। প্রস্তুতির দ্বিতীয় পর্বে এগুলো নিয়েই সবচেয়ে বেশি কাজ হবে বলে জানালেন হাবিবুল, “সবকিছু মিলিয়ে বিশ্বকাপে আমাদের ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। তাছাড়া আমাদের পারফরম্যান্সও ধারাবাহিক নয়। এই দিকগুলো নিয়েই কাজ করতে হবে এখন।” তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দল ঢাকায় পা রাখছে ৭ মে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১০ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।