ম্যাকগ্রা-ওয়ার্নবিহীন যাত্রায় অস্ট্রেলিয়ার প্রথম পদক্ষেপ
বিশ্বকাপ শেষ। অস্ট্রেলিয়ারও শেষ হয়েছে বিশ্বকাপ মিশন। মিশন যে সফল তাতে আর সন্দেহ কি!
বিশ্বকাপে টানা দ্বিতীয়বার অপরাজিত থেকে, হ্যাটট্রিক শিরোপা জিতে দেশে ফিরেছে রিকি পন্টিংয়ের দল। দেশে ফিরে তারা আনন্দের জোয়ারে ভাসবেন, এটাই স্বাভাবিক। তবে আনন্দে ভেসে যাওয়ার উপায় নেই। সামনে কঠিন সময়। সেই সময়টা কেমন কাটবে তাদের? যেভাবে বিশ্বকাপ জিতেছে তাতে ওয়ানডেতে পন্টিংয়ের দলের সামর্থ নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু টেস্ট ক্রিকেটের কঠিন জগতে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, জাস্টিন ল্যাঙ্গার, ড্যামিয়েন মার্টিনদের মতো ক্রিকেটারের অভাব ভুলিয়ে এগিয়ে যেতে পারবে তো? মঙ্গলবার ২০০৭-০৮ মৌসুমের জন্য ২৫ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে নতুন-পুরোনো বা অভিজ্ঞতা-তারুণ্যের চমৎকার ভারসাম্য। সুতরাং, অস্ট্রেলিয়া ঠিক পথেই এগোচ্ছে, এ কথা বলা যেতেই পারে।
লেগ স্পিনার কালেন বেইলি, ব্যাটসম্যান ক্রিস রজার্স এবং বেন হিলফেনহস-চুক্তিবদ্ধদের তালিকায় এই তিনজনই নতুন মুখ। অলরাউন্ডার জেমস হোপস আর অ্যাডাম ভোগসও আছেন এই ভাগ্যবান পঁচিশের তালিকায়। সিনিয়র অথচ এখন দলে অনিয়মিতদের মধ্যে চুক্তি নবায়ন করা হয়েছে ফাস্টবোলার মাইকেল কাসপ্রোভিচ ও ব্যাটসম্যান মাইকেল ক্যাটিচের সঙ্গে।
তবে চুক্তিবদ্ধ ২৫ জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জেসন গিলেস্পির অন্তর্ভুক্তি। এমনিতে ক্যারিয়ারের সর্বশেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট ও বল হাতে (অপরাজিত ২০১, ৩/১১,০/১৪) সফলই ছিলেন। কিন্তু পরের এক বছরে তার আর অস্ট্রেলিয়ার হয়ে খেলা হয়নি। ওয়ানডেতেও একই অবস্থা। দু বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৭ উইকেটের জয় এনে দিতে ৪৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তারপরও ওয়ানডে দলে আর সুযোগ পাননি ৭১ টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলা গিলেস্পি। তবে চুক্তিবদ্ধ ২৫ জনের তালিকায় তার নামও আছে।
অস্ট্রেলিয়ার ২০০৭-০৮ মৌসুমের চুক্তিবদ্ধ খেলোয়াড় : কালেন বেইলি, নাথান ব্র্যাকেন, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ড্যানিয়েল কালেন , অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেস্পি, ব্র্যাড হ্যাডিন, ম্যাথু হেইডেন, বেন হিলফেনহস, ব্র্যাড হজ, ব্র্যাড হগ, জেমস হোপস, মাইকেল হাসি, ফিল জ্যাকস, মিশেল জনসন, ব্রেট লি, স্টুয়ার্ট ম্যাকগিল, রিকি পন্টিং, ক্রিস রজার্স, অ্যান্ড্রু সাইমন্ডস, শন টেইট, শেন ওয়াটসন, অ্যাডাম ভোগস, ক্যামেরন হোয়াইট।
