এখনো ভবিষ্যৎ স্থির করেননি টম মুডি
শোনা যাচ্ছিল, ইংল্যান্ডের কোচ হতে নাকি নিজেও খুব আগ্রহী।
শোনা কথায় কান দিয়ে টম মুডি তখন মুখ খোলেননি। ধরে নেয়া হলো, বিশ্বকাপ শেষ হলে নিশ্চয়ই শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ বলে দেবেন তার ভবিষ্যৎ ঠিকানা। বিশ্বকাপ শেষ, কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলছেন না ১৯৮৭ ও ১৯৯৯ বিশ্বকাপ-জয়ী অস্ট্্েরলিয়া দলের সদস্য মুডি। তার একটাই কথা,“শ্রীলঙ্কায় ফিরে গিয়ে শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত আমি আমার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।”
বিশ্বকাপ থেকে বড় দলগুলোর বিদায় শুরু হওয়ার পর থেকেই চলছে কোচ বিদায় আর কোচ অনুসন্ধান করার পর্ব। ভারত আপাতত রবি শাস্ত্রীকে দিয়ে কাজ চালালেও বাংলাদেশ সফরের পর থেকে মোটামুটি দীর্ঘ মেয়াদে দায়ীত্ব দেয়ার জন্য একজনকে খুঁজছে। পাকিস্তান তো বিজ্ঞাপনই দিয়ে ফেলেছে বব উলমারের উত্তরসুরী বেছে নেয়ার জন্য। ওদিকে পদত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ বেনেট কিং। তার জায়গায় একজনকে চাই। ডানকান ফ্লেচার সরে দাঁড়ানোয় ইংল্যান্ডেরও চাই নতুন একজন। গুজব ছিল, ইংল্যান্ডেই নাকি যাচ্ছেন টম মুডি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার সঙ্গে তার চুক্তি শেষ। সুতরাং নিজের ইচ্ছে থাকলে আইন সেখানে বাধা হয়ে দাঁড়াতো না। তবে সবাই তো আর ডেভ হোয়াটমোর নন যে চুক্তিবদ্ধ বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অন্য দলে যোগ দেওয়ার আগ্রহের কথা আগ বাড়িয়ে বলে বসবেন!
এতদিন মুডি শত আলোচনার মাঝেও নিবেদিত থেকেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন সফল করার কাজে। এমন কি এখনো বাইরের কোনো দলের দায়িত্ব নেবেন, নাকি ফিরে যাবেন জন্মভূমি অস্ট্রেলিয়ার নিজের রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়-সেটাও স্পষ্ট করে বলছেন না। ৪১ বছর বয়সী মুডি শুধু বলেছেন তার পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেখানে কাজ করা যাবে সেই জায়গাটাই অগ্রাধিকার পাবে।
