২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন স্পিড

এবারের বিশ্বকাপটা মানুষ মনে রাখবে কেন? খোদ আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম স্পিডই মানছেন, ক্রিকেটীয় কোনো কারণ নয়, বব উলমারের মৃত্যু আর ফাইনালের সন্ধ্যায় মঞ্চস্থ হওয়া প্রহসনই মানুষের স্মৃতিতে থাকবে সবচেয়ে বেশি করে!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

শনিবার ব্রিজটাউনে এক সংবাদ সম্মেলনে এই অস্ট্রেলিয়ান স্বীকার করে নিয়েছেন, “দুঃখজনক হলেও সত্যি, এই টুর্নামেন্টে মনে রাখার মতো ম্যাচ খুব বেশি ছিল না। ইতিহাস এই টুর্নামেন্টকে কি ভাবে দেখবে, এটা এখনই বলা মুশকিল। কিন্তু এটা ঠিক, এই টুর্নামেন্টের গতিপথ অনুসরণ করেছেন যারা, তাদের স্মৃতিতে যে দুটি জিনিস সবচেয়ে বেশি ছাপ ফেলবে, সেগুলো হলো, বব উলমারের মৃত্যু আর ফাইনালের অনাকাক্সিক্ষত সমাপ্তি।”

বিরক্তিকর রকমের দীর্ঘ, আকর্ষণহীন আর দর্শকদের জন্য দারুণ ব্যয়বহুল হিসেবে বিবেচিত এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ঘটেছে বড় দুটি অঘটন। কিন্তু বাংলাদেশ আর আয়ারল্যান্ড যেদিন ভারত ও পাকিস্তানকে হারিয়ে জন্ম দিয়েছে ওই ‘ক্রিকেটীয়’ অঘটনের, তার পরদিনই ঘটেছে টুর্নামেন্টের সবচেয়ে বড় ‘অক্রিকেটীয়’ অঘটনটি। নিজের হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় পাকিস্তানের কোচ বব উলমারকে। এখানেই শেষ নয়, জ্যামাইকান পুলিশ পরে এই ঘটনাকে হত্যাকান্ড হিসেবে চিহ্নিত করেছে।

উলমারের মৃত্যু দিয়ে যার শুরু, তার শেষটা হয়েছে ব্রিজটাউনের মাঠেÑ আম্পায়ার ম্যাচ রেফারিদের ভুলে ফাইনাল ম্যাচটি সন্ধ্যার অন্ধকারে শেষ করতে হওয়ায়। স্পিড মানছেন, “ওটা এমন এক মৌলিক ভুল ছিল, যা হওয়া উচিত হয়নি কোনোমতেই।”

এটাই তার দেখা কোনো ক্রিকেট ম্যাচে সবচেয়ে প্রহসনের সমাপ্তি কি না, এই প্রশ্ন করা হলে হ্যাঁ সূচক জবাবই দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী, “হ্যাঁ, আমার তাই মনে হয়। ক্রিকেটের জন্য দারুণ একটা দিনের এমন সমাপ্তি সত্যিই দুঃখজনক। ব্যাপারটা মূল্যায়ন করা কঠিন, কিন্তু বলতেই হচ্ছে, খেলাটির ইমেজের জন্য এটা মোটেই ভালো কিছু নয়।”

এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন তিনি, “এই খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে আমরা আন্তরিকভাবেই ক্ষমা চাইছি।”

তবে সেই সঙ্গে তিনি এ কথাও জানিয়েছেন, এর জন্য দায়ী আম্পায়ার-ম্যাচ রেফারিদের কোনো রকম শাস্তি দেওয়ার কথা ভাবছে না আইসিসি। এবং আরো জানিয়েছেন, আগামীতে টুর্নামেন্টের দৈর্ঘ কমানোর কথা ভাবলেও দল কমানোর কথা ভাবছেন না তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ডেভ রিচার্ডসন জানিয়েছেন, আসলে চাপ সহ্য করতে না পেরেই এমন একটা গন্ডগোল বাঁধিয়ে বসেছেন তারা। “ব্যাপারটা নিয়ে তারা একটু বিব্রত, ক্ষমাপ্রার্থী এবং আমার ধারণা দুঃখিতও”Ñ বলেছেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক।