অস্ট্রেলিয়াকে জন হাওয়ার্ডের অভিনন্দন
তার সবচেয়ে বড় পরিচয়, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তবে ক্রিকেটের এক বড় ভক্ত হিসাবেও জন হাওয়ার্ড পরিচিত। রিকি পন্টিংয়ের দলের এমন দুর্দান্ত সাফল্যে হাওয়ার্ড তো উচ্ছ্বসিত হবেনই!
আনন্দের জোয়ারে ভেসে যেতে যেতেই বিশ্বকাপের হ্যাট্রিক শিরোপাধারীদের অভিনন্দন জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা কেভিন রুডও এমন অসাধারণ অর্জনের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন।
কেনসিংটন ওভালে ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। সিডনির স্থানীয় সময় তখন রাত সাড়ে ১১টা। কিন্তু বৃষ্টির তান্ডবে ফাইনাল শুরু হলো প্রায় আড়াই ঘন্টা দেরিতে। টিভির সামনে বসে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ঘুমাতে চলে গিয়েছিলেন হাওয়ার্ড। মাঝরাতে উঠে গিলক্রিস্টের ঝড়ো ব্যাটিং দেখেছেন, সকালে অস্ট্রেলিয়ার বিজয়োৎসবও উপভোগ করেছেন প্রফুল্ল চিত্তে। তারপর পাঠিয়েছেন অভিনন্দন বার্তা,“রিকি (পন্টিং) আর তার দলের ছেলেদের অভিনন্দন। বৃষ্টির জন্য ম্যাচটা বেশ দেরিতে শুরু হয়েছে। তাই শুতে চলে গিয়েছিলাম আমি। তার পর মাঝরাতে উঠে কিছুক্ষণ গিলক্রিস্টের ব্যাটিং দেখে আবার বিছানায় ফিরে গিয়েছিলাম। তবে শেষ দুই ঘন্টা দেখেছি।”
হাওয়ার্ডের মতে এই জয়টা অসাধারণ। আর এই অসাধারণ অর্জনের জন্য গ্লেন ম্যাকগ্রাকে বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তিনি,“নারামাইন থেকে উঠে আসা লিকলিকে মানুষ গ্লেন ম্যাকগ্রাকে অস্ট্রেলীয় ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।”
এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় নির্বাচনে হাওয়ার্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী কেভিন রুড। লেবার পার্টির প্রধান রুডও অস্ট্রেলিয়ার এই অনন্যসাধারণ অর্জনে উচ্ছ্বসিত,“এই দল সম্পর্কে কি মন্তব্য করতে পারেন আপনারা? গত গ্রীষ্মের দুর্দান্ত অ্যাশেজ সিরিজ থেকে তাদেরকে মনযোগ দিয়ে লক্ষ্য করছি আমি। অস্ট্রেলিয়ার ক্রিকেট-পেশাদারিত্বের মানকে নতুন শিখরে পৌঁছে দিয়েছে তারা।”
