২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় এক দুর্বিষহ রাত

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর থেকেই শ্রীলঙ্কাতে নেমেছিল মন্দিরমুখী মিছিলের ঢল। প্রার্থনা ছিল একটাই, যেন ১৯৯৬-এর সাফল্যের পুনরাবৃত্তি ঘটে। মনে-প্রাণে সেটাই দেখতে টেলিভিশনের সামনে বসা শ্রীলঙ্কানদের উৎসব পরিকল্পনাকে অ্যাডাম গিলক্রিস্টই শুধু ভেস্তে দেননি। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ ইনিংসটি খেলা ‘গিলি’র পাশাপাশি শ্রীলঙ্কানদের তালিকায় খলনায়ক হিসেবে স্থান পেয়েছে মৌসুমী বৃষ্টি এবং তামিল টাইগাররাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শনিবার রাত আনুমানিক একটার দিকে তামিলরা কলম্বোর দুটো তেল স্থাপনায় বিমান থেকে বোমা হামলা চালায়। তাদের রুখতে শ্রীলঙ্কান সেনাবাহিনীও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়ে। সেসময় শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পার্লামেন্টের কাছাকাছি উন্মুক্ত জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে যাওয়া হাজার হাজার শ্রীলঙ্কানকে ভুগিয়েছে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়াও।

অথচ খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে থেকেই গোটা কলম্বো যেন এক ভুতুড়ে নগরীর রুপ নিয়েছিল। রাস্তাঘাট শূন্য করে দিয়ে লোকজন পানশালা, পার্ক, স্পোর্টস ক্লাব এবং নিজ নিজ বাড়ীতে টেলিভিশনের সামনে বসে যান মাহেলা জয়াবর্ধনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার আশায়। কিন্তু বৃষ্টির কারণে বার্বাডোজের কেনসিংটন ওভালে তিন ঘন্টা দেরীতে ফাইনাল শুরু হওয়ার পর থেকেই তাদের সেই আশা মুছে দিতে থাকেন গিলক্রিস্ট। তার মাত্র ১০৪ বলে ১৪৯ রানের বিধ্বংসী ইনিংসই অস্ট্রেলিয়াকে পৌঁছে দেয় ২৮১ রানের উচ্চতায়। পরে সনাৎ জয়াসুরিয়া (৬৩) এবং কুমার সাঙ্গাকারার (৫৪) ১১৬ রানের দ্বিতীয় উইকেট জুটি যখন আশা জাগাচ্ছিল, তখনই তামিলদের বোমা হামলার পরিণতিতে কলম্বোর বেশীরভাগ অংশই ডুবে যায় অন্ধকারে। শ্রীলঙ্কান সেনাবাহিনী পাল্টা মিসাইল ছৃঁড়লে অবশ্য রাতের আকাশে আলো ঠিকই দেখতে পারছিলেন লোকজন। পার্লামেন্টের কাছে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে থাকা ২২ বছর বয়সী কিচেন অ্যাসিস্ট্যান্ট মেথসিরি কুলাসেকারা ওই আলো দেখে প্রথমে ভুল বুঝেছিলেন, “প্রথমে ভেবেছিলাম, এই ম্যাচ উপলক্ষ্যে আতশবাজি পোড়ানো হচ্ছে। পরে বুঝলাম, ওগুলো ট্রেসার বুলেট। লোকজন তাড়াতাড়ি সেখান থেকে পালালো। জায়ান্ট স্ক্রিনেও আর খেলা দেখানো হচ্ছিল না।”

পানশালা আর রেষ্টুরেন্টগুলো চটজলদি বন্ধ করে দেওয়া হয়। পুলিশও বন্ধ করে দেয় শহরের প্রধান সড়কগুলো। দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পর যখন আবার তা চালু করা হয়, তখন বার্বাডোজে প্রায়ান্ধকারে নিয়মরক্ষার আনুষ্ঠানিকতা সারছিল শ্রীলঙ্কা। জয়াবর্ধনেদের মুখেও তখন রাজ্যের অন্ধকার!