২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন ব্যাটিংয়ের রহস্য স্কোয়াশ বল!

শনিবার বিশ্বকাপের ফাইনাল যারা দেখেছেন তারা সাক্ষী অ্যাডাম গিলক্রিস্টের অতিমানবীয় এক ইনিংসের। বিশ্বকাপ ইতিহাসের সেরা সেঞ্চুরি দেখতে দেখতে কমবেশি সবাই রোমাঞ্চিত হয়েছেন। কিন্তু কেউ কি জানেন এই অসাধারণ সেঞ্চুরির পেছনের রহস্যটা? আসল রহস্য, গ্লাভসের ভেতরে একটা স্কোয়াশ বল!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

অবিশ্বাস্য শোনালেও কথাটা সত্য। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করার পর গিলক্রিস্টের ইনিংসটা শেষ হয়েছে ১৪৯ রানে। ১০৪ বলে খেলা ইনিংসে ১৩ চারের পাশে ছিল বিশাল বিশাল ৮টি ছক্কা। অস্ট্রেলিয়াকে টানা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর ইনিংসটি খেলে বিশ্বকাপ ট্রফিতে চুমু দিয়ে ফিরে গিলক্রিস্ট নিজেই খুললেন রহস্যের ঝাঁপি, ‘‘আমি খুব উজ্জীবিত ছিলাম। তাছাড়া আমার একটা বার্তাও দেওয়ার ছিল অস্ট্রেলিয়ায়। জানানোর ছিল যে আমার গ্লাভসের ভেতরে কিছু আছে।’’

৭২ বলে ৭ চার ও ছয় ছক্কায় সেঞ্চুরির পর অভিবাদনের জবাব দিয়ে বাঁ হাতটাকে ডান হাত দিয়ে দেখাচ্ছিলেন গিলক্রিস্ট। কেন? তার জবাবটা দিলেন এভাবে, ‘‘দেশে একজন (বব মিউলম্যান) আমাকে ব্যাটিংয়ের ব্যাপারে সহায়তা করেন। অনুশীলনের সময় নিচের দিকের হাতের গ্লাভসের ভেতর একটি স্কোয়াশ বল রাখি, গ্রিপ ঠিক রাখার জন্য। বিশ্বকাপে এরকম করার কথা ভাবলেও করা হয়ে উঠছিল না।’’

সেটা তিনি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে করলেন এবং ফলও পেলেন। গিলক্রিস্ট বলছিলেন, ‘‘পার্থে ইনডোরের অনুশীলন শেষ করার সময় তার সঙ্গে আমার যখন শেষ কথা হয় তখন সে বলেছিল, ‘যদি তুমি এটা ব্যবহার কর, তাহলে সেঞ্চুরি করার পর ওটা আমাকে দেখিয়ে প্রমাণ দিও যে তা ব্যবহার করেছ।’ তার কথা রেখেছি আমি।’’

গত বিশ্বকাপেই ফাইনালের ইতিহাসের সবচেয়ে বড় ইনিংসটি খেলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। শনিবার বেশ কয়েকটি রেকর্ড গড়ার পথে পন্টিংয়ের ১৪০ রানের ইনিংসটিও ছাড়িয়ে গেছেন টানা তিনটি বিশ্বকাপের শিরোপা-জয়ী দলের সদস্য গিলক্রিস্ট। ১৪৯ রানের অতিমানবীয় ইনিংস খেলার বিশ্বাসটা গিলক্রিস্ট নাকি দলের কাছ থেকেই পেয়েছেন। তার কথায়, ‘‘দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও আর যারা দলের সঙ্গে আছে,তাদের কাছ থেকেই এই বিশ্বাসটা পেয়েছি। ওই বিশ্বাসই আমাকে সুযোগ করে দিয়েছে মাঠে গিয়ে স্বাধীনতা নিয়ে খেলার।’’

বিশ্বকাপে এর আগে ৩০ ম্যাচ খেললেও একটা সেঞ্চুরিও মেলেনি গিলক্রিস্টের। সেটা তিনি পেয়েছেন এবারের ফাইনালে এসে। তবে ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে কিন্তু হাফ সেঞ্চুরি ছিল। তার মানে, প্রতিবারই ফাইনালে বড় একটি ভূমিকা থাকে তার।

আর এবার যা করলেন তাতে প্রতিপক্ষ অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকেও বলতে হলো, ‘‘অসাধারণ একটা ইনিংস। দুর্ভাগ্য হলো, প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে সেটা দেখতে হলো আমার।’’