হাবিবুল বাশারই অধিনায়ক থাকছেন
একটু দেরীতে হলেও অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বগুণ এবং দলের ওপর এর প্রভাবটা বুঝতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ব্যাট হাতে তার ব্যর্থতায় হুট করেই ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার আলোচনা উঠলেও এখন সেটা চাপা দিয়ে ফেলারই ইচ্ছা দেশের ক্রিকেট প্রশাসনের। শনিবার পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সভাশেষে এমনই জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন।
ওই সভাতে ডাকা হয়েছিল তিন নির্বাচককেও। সেখানে বিভিন্ন বিষয়ে তাদের ব্যাখ্যা যেমন চাওয়া হয়েছে, তেমনি অধিনায়ক হাবিবুল সম্পর্কেও নিজেদের মতামত জানাতে হয়েছে নির্বাচকদের। পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রধান শাহীনের কথা থেকে বোঝা যাচ্ছে, নির্বাচকদের মত হাবিবুলের পক্ষেই ছিল,“ হাবিবুলের ব্যাপারে নির্বাচকদেরও জিজ্ঞেস করেছিলাম আমরা। তারা বলেছেন, এক টুর্নামেন্টের ব্যর্থতা দিয়ে তাকে বিচার করা ঠিক হবে না। তাছাড়া, ওর নেতৃত্বেই বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। দলের খেলোয়াড়রাও ওকে খুব মান্য করে। আমরাও নির্বাচকদের বক্তব্যের সঙ্গে একমত। মনে হয় না, আমরা অধিনায়ক পদে কোনো পরিবর্তন করবো। তবে চূড়ান্ত ঘোষণাটা দেওয়া হবে ৩০ এপ্রিল ভারত সিরিজের দল হাতে পাওয়ার পর।”
কিন্তু এমনও আলোচনা চলে আসছে যে, ভারত সিরিজেই ওয়ানডে থেকে সন্মানজনকভাবে বিদায়ের সুযোগ দেওয়া হবে হাবিবুলকে। এবং বোর্ড সেটা তাকে জানিয়েও দেবে। অবশ্য শাহীন জানাচ্ছেন অন্যরকম। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেশকে সেরা বিশ্বকাপ সাফল্য এনে দেওয়া অধিনায়কের ওপরই ছেড়ে দেওয়া হবে,“ হাবিবুল এখন ঢাকার বাইরে। শুনেছি ২ মে ফিরবে। ফিরলে ওর সঙ্গেও আমরা বসবো। তবে এটা নিশ্চিত, বোর্ডের তরফ থেকে কোনো সিদ্ধান্ত ওর ওপর চাপিয়ে দেওয়া হবে না। হাবিবুল যদি চায় ওয়ানডে আর খেলবে না, তাহলে অবসর নেবে। এবিষয়ে ওর সিদ্ধান্তকেই আমরা গুরুত্ব দেব।”
তার মানে এ যাত্রা ওয়ানডে অধিনায়কত্ব টিকছে তো বটেই, এর মেয়াদ আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও উঁকি দিয়েছে। শনিবারের সভায় বিশ্বকাপে দলের সঙ্গে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে থাকা প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরের ম্যাচেই জাভেদ ওমরকে বসিয়ে শাহরিয়ার নাফীসকে একাদশে ফেরানোর ব্যাখ্যা চাওয়া হয়। ফারুকের জবাবে দ্বিমত নেই বলেই জানালেন শাহীন,“উইনিং কম্বিনেশন ভেঙ্গে জাভেদকে ড্রপ করা হয়েছিল। নির্বাচকরা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে অবশ্য আমরা সন্তুষ্টই হয়েছি।” আর জবাবদিহির এই চর্চাটাকে ভালোই মনে হয়েছে ফারুকের,“আমি মনে করি, সবকিছুরই একটা জবাবদিহিতা থাকা উচিত। এতে অনেকক্ষেত্রেই ভুল বোঝাবুঝিটা কম হয়।” পর্যায়ক্রমে কোচ এবং দলের খেলোয়াড়দেরও পারফরম্যান্স মূল্যায়ন কমিটিতে ডাকা হবে বলে জানালেন শাহীন। শনিবারের সভার মাধ্যমে অবশ্য এতদিন নিষ্ক্রিয় হয়ে থাকা এই কমিটি কিছুটা হলেও সক্রিয় এলো।
