বিশ্বকাপে শিরোপার হ্যাটট্রিক অস্ট্রেলিয়ার
লড়াই করতে জানে তারা, সেটা আরো একবার দেখালো বটে শ্রীলঙ্কানরা। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে যেভাবে ব্যাট করে গেলেন মাহেলা জয়াবর্ধনে, চামারা সিলভা তিলকরত্নে দিলশানরা তার প্রশংসা করতেই হয়। কিন্তু দিনটা যে তাদের ছিল না, ছিল অ্যাডাম গিলক্রিস্টের।
তার এক কথায় অসাধারণ এক ইনিংস এমনই এক চূড়ায় পৌঁছে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, অমন লড়াইয়ের পরও তার নাগাল পায়নি শ্রীলঙ্কানরা। ৩৬ ওভারে ৮ উইকেটে ২১৫ রান তুলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫৩ রানের হার মেনে নিতে হয়েছে তাদের। জয় হয়েছে ‘অন্য গ্রহের ক্রিকেট’ খেলতে থাকা অস্ট্রেলিয়ারই। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে নতুন এক ইতিহাস গড়েছে তারা বিশ্বকাপে শিরোপার হ্যাটট্রিক করে।
এমন একটা ম্যাচের পর দুদলের খেলোয়াড়রা দর্শকদের করতালি আশা করতেই পারেন। কিন্তু কেনসিংটন ওভালের গ্যালারি থেকে করতালি নয়, জুটলো দুয়োধ্বনি। সেটা অবশ্য তাদের প্রতি নয়, অস্ট্রেলিয়ার প্রতিও নয়Ñ আয়োজকদের প্রতি! বৃষ্টি, দর্শকহীনতা, অব্যবস্থাপনার চূড়ান্ত রূপটি চূড়ান্ত খেলার দিনই দেখা গেছে, আর তাই ধৈর্য ধরে রাখতে পারেননি দর্শকরা!
বিশ্বকাপের ফাইনাল, কিন্তু তাতে শ্রীলঙ্কানরা আসলে হেরেছে একা গিলক্রিস্টেরই কাছে। এর আগের দুটি বিশ্বকাপের ফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন, শনিবার করলেন সেঞ্চুরি। আর সে কি সেঞ্চুরি! ৭২ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটা ১৪৯-এ থামার আগে পর্যন্ত মনে হচ্ছিল ৩৮ ওভারের ম্যাচেই হয়তো ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটি করে ফেলবেন তিনি! তার ওই খুনে ব্যাটিংয়ের সুবাদেই বৃষ্টিতে ৩৮ ওভারে সীমিত নিজেদের ইনিংসে ৪ উইকেটে ২৮১ রান তোলে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার টার্গেট ছিল ২৮২, তবে মাঝে বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাদের টার্গেট নির্ধারিত হয় ৩৬ ওভারে ২৬৯। তবে ৩৩ ওভার শেষে আম্পায়াররা শ্রীলঙ্কানদের আলোর স্বল্পতার কথা জানালে সুযোগ নিয়ে সাজঘরে ফিরে যান চামিন্ডা ভাস আর লাসিথ মালিঙ্গা।
নাটকের শুরু সেখানেই। খেলা শেষ হয়ে গেছে মনে করে অস্ট্রেলিয়ানরা জয়োৎসব শুরু করে দেয় মাঠে, মাঠকর্মীরাও প্রস্তুতি নিতে থাকেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। কিন্তু আম্পায়ার আলিম দারের মনে ছিল অন্য ভাবনা, তিনি অস্ট্রেলিয়ানদের গিয়ে জানান তখনো খেলা শেষ হয়নি! অনেক আলোচনা, তর্ক-বিতর্কের পর সেই তিনটি ওভার খেলার জন্য আবার মাঠে নামেন ভাস-মালিঙ্গা। কিন্তু তাতে এমন কিছু লাভ হয়নি, প্রায় সন্ধ্যার অন্ধকারে ওই তিন ওভার ব্যাটিং করে মালিঙ্গার উইকেটটি হারিয়ে শেষ পর্যন্ত ২১৫ রান পর্যন্ত পৌছাতে পারে শ্রীলঙ্কা।
মাঝের ওই বৃষ্টির সময়ই লড়াকু চরিত্রটা দেখিয়েছে শ্রীলঙ্কানরা। দ্বিতীয় উইকেটে সনাৎ জয়াসুরিয়া আর কুমার সাঙ্গাকারার ১১৬ রানের জুটি লড়াইয়ে রেখেছিল তাদের, তবে তিন ওভারের ব্যবধানে তাদের দুজনকেই হারিয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থায় নেমেছিল বৃষ্টি। ততক্ষণে পার হয়ে গেছে ২০ ওভার, তার মানে খেলা বন্ধ হয়ে গেলেই হার। তাই ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন জয়াবর্ধনে আর চামারা সিলভা।
তৃতীয় ওভারেই উপুল থারাঙ্গার উইকেটটি হারাতে হলেও দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে দারুণ জবাবই দিচ্ছিলেন কুমার সাঙ্গাকারা আর সনাৎ জয়াসুরিয়া। কিন্তু তিন ওভারের ব্যবধানে দুজনকেই ফিরিয়ে দিয়ে ব্র্যাড হগ ও মাইকেল ক্লার্ক আবার অস্ট্রেলিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করেছেন ম্যাচে। তার ওপর নুতন আপদ হয়ে এসেছে বৃষ্টি, খেলা বন্ধ হলেই হেরে যাচ্ছেন বুঝতে পেরে বৃষ্টির মধ্যেই ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মাহেলা জয়াবর্ধনে আর চামারা সিলভা।
কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মাঝে কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ করতে হয়েছিল, সে কারণেই ম্যাচের দৈর্ঘ আরো দু ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।
বাঁহাতি চায়নাম্যান বোলার হগের বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিংয়ের হাতে ক্যাচ দেওয়ার আগে সাঙ্গাকারা খেলেছেন ৫২ বলে ৫৪ রানের রানের দারুণ এক ইনিংস। অন্যপ্রান্তে জয়াসুরিয়াও ছিলেন সমান আক্রমণাত্মক, ৬৭ বলে তার সংগ্রহ ৬৪। আরেক বাঁহাতি স্পিনার ক্লার্কের বলে বোল্ড হওয়ার আগে তিনি মেরেছেন নয়টি বাউন্ডারি।
তবে এই দুজনের বিদায়ের পর রান তুলতে আরো বেশি সংগ্রাম করতে হয়েছে শ্রীলঙ্কানদের। তবু হাল ছেড়ে না দিয়ে এমনকি ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে হলেও ব্যাটিং চালিয়ে গেছেন তারা। মাঝে একদফা বৃষ্টি বিরতির পর ফিরে ওই আস্কিং রেটের চাপেই ভেঙ্গে পড়েছে শ্রীলঙ্কার ইনিংস।
জয়াবর্ধনেকে দিয়েই শুরু। শেন ওয়াটসনকে সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তিনি। ১৯ রান করা শ্রীলঙ্কান অধিনায়ক অবশ্য নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন, ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার স্টিভ বাকনর তাকে আউট ঘোষণা করলেও বলটি লেগস্টাম্প মিস করতো বলেই মনে হয়েছে রিপ্লে দেখে।
এরপর দারুণ এক থ্রোয়ে দিলশানকে (১৪) রানআউট করেছেন ক্লার্ক, আর ‘দুই বিদায়ী’র লড়াইয়ে জয় হয়েছে গ্লেন ম্যাকগ্রার, তার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন এ ম্যাচেই অবসরের ঘোষণা দেওয়া রাসেল আরনল্ড (১)।
এর আগে অ্যাডাম গিলক্রিস্টের ব্যাটে ঝড় বৃষ্টি বিঘিœত এই ম্যাচে নির্ধারিত ৩৮ ওভারে টস জিতে ব্যাট করতে নামা বিশ্বচ্যাম্পিয়নদের এনে দিয়েছে ৪ উইকেটে ২৮১ রান।
এই বাঁহাতির তাণ্ডবের সামনে শ্রীলঙ্কার প্রায় সব বোলারকেই মনে হয়েছে অসহায়। সবচেয়ে বেশি করে দিলহারা ফার্নান্ডো, ৫ ওভারের প্রথম স্পেলে ৫৬ রান দিয়েছেন এই তরুণ পেসার। ৪১ রানে তাকে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন গিলক্রিস্ট, কিন্তু নিচু হয়ে আসা বলটি হাতে জমাতে পারেননি তিনি। তবে দ্বিতীয় স্পেলে ফিরে সেই ফার্নান্ডোই শেষ পর্যন্ত আউট করেছেন তাকে। বাউন্সারে পুল করতে গিয়ে আকাশে বল তুলে দিয়ে গিলক্রিস্ট হয়েছেন চামারা সিলভার ক্যাচ। তবে তার আগে বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন তিনি, মাত্র ১০৪ বলের এই ইনিংসটি সাজিয়েছেন আটটি ছক্কা আর ১৩টি বাউন্ডারিতে। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরিটি করার পথে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট-কিপার ব্যাটসম্যান।
নিজের অষ্টম বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি পুরণ করার পরের বলেও একবার আউট হয়ে যেতে পারতেন গিলক্রিস্ট, কিন্তু লাসিথ মালিঙ্গার বলে তার দেওয়া ক্যাচটি রাখতে পারেননি কুমার সাঙ্গাকারা। ভাগ্য আরো একবার পাশে দাঁড়িয়েছে এই দুঃসাহসীর, লং অন দিয়ে উড়িয়ে মারার চেষ্টায় তার তুলে দেওয়া বল গিয়ে পড়েছে দুই শ্রীলঙ্কার ফিল্ডারের মাঝে। তখন তার রান ১৩২। বোঝাই যাচ্ছে, টুর্নামেন্টের অন্যতম সেরা ফিল্ডিং সাইড শ্রীলঙ্কার ফিল্ডিংটাও এলোমেলো করে দিয়েছে গিলক্রিস্টের ঝড়।
ম্যাথু হেইডেনের সঙ্গে মাত্র ২২ ওভার ৫ বলে ১৭২ রানের অসাধারণ এক ওপেনিং জুটি গড়েছেন তিনি, তাতে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের অবদান মাত্র ৩৮। লাসিথ মালিঙ্গার বলে মাহেলা জয়াবর্ধনের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেওয়ায় শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটা ভাঙতে পারেননি হেইডেন।
উইকেট হাতে থাকায় গিলক্রিস্টের বিদায়ের পর অধিনায়ক পন্টিং আর অ্যান্ড্রু সাইমন্ডসও সুযোগ পেয়েছিলেন ঝড় তোলার। কিন্তু ওই ইনিংসের পর আর কোনো কিছুই চোখে লাগার কথা নয়। রান আউট হওয়ার আগে পন্টিংয়ের ৩৭ আর সাইমন্ডসের ২১ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসদুটিও তাই চোখে লাগছে না। ইনিংস শেষ হওয়ার সময় সাইমন্ডসের সঙ্গী ছিলেন মাইকেল ক্লার্ক (৮)।
অস্ট্রেলিয়ার পক্ষে রানের দেখা পাননি কেবল একজনই ব্যাটসম্যান, রানরেট বাড়াতে ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া শেন ওয়াটসনকে বোল্ড করে দিয়ে মালিঙ্গা পেয়েছেন তার দ্বিতীয় সাফল্য। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র তিনিই পেয়েছেন অস্ট্রেলিয়ানদের খানিকটা সমীহ, ৮ ওভারে দিয়েছেন ৪৯ রান।
বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলা শেষে কেনসিংটন ওভালের এই ম্যাচ মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর। ৫০ ওভারের পরিবর্তে তাই ৩৮ ওভারে সীমিত করা হয়েছে ম্যাচটা। এতে একেক দলের তিনজন করে বোলার সর্বোচ্চ ৮ ওভার করে বোলিং করতে পারবেন, বাকিরা পারবেন সর্বোচ্চ ৭ ওভার করে। আর পাওয়ার প্লে থাকবে ১৫ ওভার, প্রথম ১০ ওভারের পর একবারই ৫ ওভারের জন্য সেটা নিতে হবে ফিল্ডিংরত দলকে।
এর আগে সকাল থেকে থেমে থেমে হতে থাকা বৃষ্টির ফাঁকেই কোনো রকমে সারা গেছে মুদ্রা নিক্ষেপের আনুষ্ঠানিকতা, তাতে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং বেছে নিয়েছেন ব্যাটিং। কিন্তু তারপরই আবার নেমেছে বৃষ্টি, এমন মুষল ধারায় যে পারলে মাঠকর্মীরা ঢেকে রাখেন পুরো মাঠ! সেই বৃষ্টি থেমে খেলা শুরুর সিদ্ধান্ত নিতে নিতে পেরিয়ে গেছে আড়াই ঘন্টা!
এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা কোনো দলেই কোনো পরিবর্তন নেই। সেমিফাইনালের একাদশ নিয়েই ফাইনালেও নেমেছে দুদলই।
অস্ট্রেলিয়া : ৩৮ ওভারে ২৮১/৪ (গিলক্রিস্ট ১৪৯, হেইডেন ৩৮, পন্টিং ৩৭, সাইমন্ডস অপরাজিত ২৩, ওয়াটসন ৩, ক্লার্ক অপরাজিত ৮, অতিরিক্ত ২৩, ভাস ০/৫৪, মালিঙ্গা ২/৪৯, ফার্নান্ডো ১/৭৪, মুরালিধরন ০/৪৪, দিলশান ০/২৩, জয়াসুরিয়া ০/৩৩)
শ্রীলঙ্কা : ৩৬ ওভারে ২১৫/৮ (থারাঙ্গা ৬, জয়াসুরিয়া ৬৩, সাঙ্গাকারা ৫৪, জয়াবর্ধনে ১৯, সিলভা ২১, দিলশান ১৪, আরনল্ড ১, ভাস অপরাজিত ১১, মালিঙ্গা ১০, ফার্নান্ডো অপরাজিত ১, অতিরিক্ত ১৫, ব্র্যাকেন ১/৩৪, টেইট ০/৪২, ম্যাকগ্রা ১/৩১, ওয়াটসন ১/৪৯, হগ ১/১৯, ক্লার্ক ২/৩৩, সাইমন্ডস ১/৬)
ফল : অস্ট্রেলিয়া ৫৩ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)
ম্যান অফ দি ম্যাচ : অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)
