২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার হ্যাটট্রিকের পথে শেষ বাধা শ্রীলঙ্কা

ফুটবলে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারের একটা কথা চিরস্মরণীয়,“ফুটবল এমন একটা খেলা যেখানে লড়াই চলে ৯০ মিনিট ধরে, তবে শেষ পর্যন্ত জার্মানি জেতে।” বিশ্বকাপে ক্রিকেটকেও অস্ট্রেলিয়া এমন খেলা বানিয়ে ছেড়েছে যেখানে প্রতিপক্ষ থাকে, তবে শেষ পর্যন্ত জেতে অস্ট্রেলিয়াই। শনিবার বার্বাডোজের ফাইনালে এ নিয়মের ব্যতিক্রম ঘটাতে শ্রীলঙ্কা দল মরীয়া। পারলেই অস্ট্রেলিয়ার জয়ের ধারায় ছেদ, হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন চুরমার এবং মাহেলা জয়াবর্ধনের দলের বিশ্বজয়ের আনন্দে ফেটে পড়া! লিখেছেন আসিফ আহমেদ রম্য

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 12:58 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার একবার বলেছিলেন,“ফুটবল এমন একটা খেলা যেখানে খেলা হয় ৯০ মিনিট ধরে, তবে শেষ পর্যন্ত জার্মানি জেতে।” ’৮৬-র বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার কথাটাকে একটু ঘুরিয়ে অনায়াসেই বলা যায়,“ক্রিকেট এমন একটা খেলা যেখানে টস হয়, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং হয়, তার পর জয় হয় অস্ট্রেলিয়ার!” বিশ্বকাপে তো কথাটা একেবারে অবধারিত বলে মনে হয়। ওয়ানডের সেরা টুর্নামেন্টে অস্ট্রেলিয়া শেষ কবে হেরেছিল তা মনে করার জন্য পিছিয়ে যেতে হবে আট বছর আগে। ১৯৯৯ বিশ্বকাপের প্রথম রাউন্ডে পাকিস্তানের কাছে হেরে যাবার পর ক্রিকেটের মহাযজ্ঞে আর কখনো পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়নি অস্ট্রেলীয়দের। বিশ্বকাপে টানা ২৮ ম্যাচে তারা অপরাজিত। ’৯৯-এর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই অবিস্মরণীয় ম্যাচটা ‘টাই’ করার পর টানা ২২ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। এবং সংখ্যাটা বাইশেই থেমে যাওয়ার পক্ষে কথা বলার মতো মানুষ খুব বেশি পাওয়া যাবে না এই মুহূর্তে। এবারের বিশ্বকাপে রিকি পন্টিংয়ের দল যেভাবে খেলছে তাতে শনিবারের ফাইনালে তাদের হেরে যাওয়াটাকে অঘটনও বলা যেতে পারে। সব কিছুর যোগ-বিয়োগ শেষে বলতেই হচ্ছে, কেনসিংটন ওভালের দ্বৈরথে রিকি পন্টিংয়ের দল ফেভারিট।

তবে খেলাটার নাম ক্রিকেট বলেই আগে থেকে কাউকে বিজয়ী ঘোষণা করা ভীষণ ঝুঁকিপূর্ণ। এটা ঠিক যে, ফাইনালের আগ পর্যন্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াই সেরা। শুধু সেরা বললে অবশ্য অন্যায়ই করা হবে পন্টিংয়ের দলের প্রতি। গত দেড় মাস ধরে যে ক্রিকেটটা তারা খেলছেন সেটাকে দেখে যে কারো ‘ভিন্ন গ্রহের ক্রিকেট’ মনে হতে বাধ্য! পুরো দলই খেলছে অবিশ্বাস্য ক্রিকেট। এক দিন কেউ একটু ব্যর্থ হলে সেটা পুষিয়ে দিচ্ছেন অন্য কেউ। দলের প্রত্যেক সদস্যের শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে আত্মবিশ্বাস। দলীয় সংহতিও অতুলনীয়।

শ্রীলঙ্কাও অবশ্য কম আত্মবিশ্বাসী নয়। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে জয়াবর্ধনের দল যোগ্যতাবলেই আজ শিরোপার দ্বারপ্রান্তে। সুপার এইটে শুধু অস্ট্রেলিয়ার সঙ্গেই তারা পেরে ওঠেনি। তবে সেই ম্যাচে ভাস-মুরালি-মালিঙ্গার অনুপস্থিতিতে শ্রীলঙ্কানদের বোলিং ছিল একেবারেই সাদামাটা। ব্যাটিংয়ে অবশ্য কোনো ঘাটতি ছিল না। কিন্তু জয়াসুরিয়া-জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশানরা থাকার পরও সেই ম্যাচে ২২৬ রানে অলআউট হয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপের জন্য এটা তো কোনো কঠিন লক্ষ্য নয়। ৭ দশমিক ২ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় পেতেও তাই তাদের সমস্যাই হয়নি।

ফাইনালে সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার সুযোগ শ্রীলঙ্কার সামনে। অস্ট্রেলিয়াও কি ১১ বছর আগের এক হিসাব মেটানোর জন্য উদগ্রীব নয়? ’৯৬ বিশ্বকাপে তাদের শিরোপা-স্বপ্ন তো ভেঙ্গে গিয়েছিল এই শ্রীলঙ্কার হাতেই। ফাইনালে অরবিন্দ ডি সিলভার দুর্দান্ত এক সেঞ্চুরি দেখতে দেখতে প্রতিশোধস্পৃহায় পন্টিংয়ের হৃদয় কি ছটফট করে ওঠেনি? ১১ বছর পর আরেকটি বিশ্বকাপের ফাইনালে সেদিনের প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না অস্ট্রেলীয় অধিনায়ক। তবে শুধু প্রতিশোধই নয়, তার সামনে এখন ইতিহাসের পাতায় জায়গা করে নেয়ারও সুবর্ণ সুযোগ। ফাইনাল জিতলেই বিশ্বকাপে প্রথম দল হিসাবে হ্যাটট্রিক শিরোপার অধিকারী হবে অস্ট্রেলিয়া। রেকর্ড বুকে নিজের নামটা স্থায়ী করে রাখার এমন সুযোগ তো আর পাবেন না পন্টিং!

এমন অনন্য অর্জনের পাশাপাশি আর্থিক পুরস্কারের অংকটাও দারুণ লোভনীয়। ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের চেকটা থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে পন্টিং জানাচ্ছেন ফাইনালে আরো পরাক্রমশালী হয়ে উঠবে তার দল,“যখনই কোনো বড় ম্যাচ সামনে এসে দাঁড়ায়, অস্ট্রেলিয়া আরো উজ্জীবিত হয়ে ওঠে। আমাদের পারফরম্যান্স ক্রমশ ভালো হচ্ছে। ফাইনালে আরো উন্নতি করার ক্ষমতা আমাদের রয়েছে।” এসব যে বাগাড়ম্বর নয় তার প্রমাণ প্রায় এক দশক ধরেই দিয়ে চলেছে বিশ্বের সেরা দলটা। এবারের বিশ্বকাপও ব্যতিক্রম নয়। দলের প্রত্যেকেই আছেন দারুণ ফর্মে। বিশেষ করে হেইডেন (এ আসরে এ পর্যন্ত করেছেন ৬২১ রান), পন্টিং (৫০২) ও মাইকেল ক্লার্ক (৪২৮) ব্যাট হাতে এবং বোলিংয়ে ম্যাকগ্রা (২৫ উইকেট), শন টেইট (২৩) ও ব্র্যাড হগের (২০) চোখধাঁধানো নৈপুণ্যর যোগফলে অস্ট্রেলিয়া খুব সহজেই এখন শিরোপার সবচেয়ে বড় দাবীদার।

মাহেলা জয়াবর্ধনেও বোধহয় সে কথা স্বীকার করবেন। ফাইনালে তার দলের চেয়ে অস্ট্রেলীয়দের যে এগিয়ে রাখতে হবে, তা-ও কি অস্বীকার করতে পারবেন? তবে অস্ট্রেলিয়া যতই ‘অজেয়’ হোক না কেন, ২০০৭ বিশ্বকাপের শেষ ম্যাচে নিজেদের পিছিয়ে রাখতে রাজি নন শ্রীলঙ্কান অধিনায়ক,“আমরা শ্রীলঙ্কার নিজস্ব ধরনে ক্রিকেটটা খেলি। অস্ট্রেলিয়া খেলে তাদের মতো। আমরা ভালোই জানি কিভাবে খেলে জয় পাওয়া যায়। আমাদের কিছু নিজস্ব পরিকল্পনা রয়েছে। আর সে অনুযায়ীই আমরা খেলে থাকি।”

সেসব পরিকল্পনা এই টুর্নামেন্টে বেশির ভাগ ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে বলেই শ্রীলঙ্কার সামনে এখন বিশ্বকাপের দ্বিতীয় শিরোপার হাতছানি। জয়াবর্ধনে (এ পর্যন্ত ৫২৯ রান) নিজে আছেন দুর্দান্ত ফর্মে। চার দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলেছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। অধিনায়কের মতো জয়াসুরিয়া (৪০৪ রান), চামারা সিলভাদের (৩২৯) ব্যাটংও দ্যুতি ছড়াচ্ছে দারুণভাবে। আর বোলিং আক্রমণে শ্রীলঙ্কা তো এই বিশ্বকাপের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ দল। চামিন্ডা ভাস (১৩ উইকেট) ও লাসিথ মালিঙ্গা (১৬) প্রায় প্রত্যেক ম্যাচে শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন শ্রীলঙ্কাকে। এবং তার পরে মুত্তিয়া মুরালিধরন। এখনো কোনো ঘোষণা দেননি, তবে বিশ্বকাপ শেষে তার ওয়ানডে থেকে অবসর নেয়ার জোর গুঞ্জন রয়েছে। আপাতত সে কথা মুখে না এনে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন মুরালি। ২৩ উইকেট প্রাপ্তি তারই প্রতিফলন। শনিবার ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরানো অফব্রেক আর ‘দুসরা’র ঝাঁপি নিয়ে, বর্ণিল ক্যারিয়ারের সমস্ত অভিজ্ঞতা উজাড় করে মুরালি চাইবেন অস্ট্রেলিয়াকে ‘বধ’ করতে, ১১ বছর আগের শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সুখস্মৃতিময় দিনটাকে ফিরিয়ে আনতে।

একটাই শুধু সমস্যা-সামনে মহাশক্তিধর অস্ট্রেলিয়া। বিশ্বকাপে যারা হারতে ভুলে গেছে, যাদের সামনে এবার খড়কুটোর মতো উড়ে গেছে সব প্রতিপক্ষ। তবে ভালো দলেরও তো খারাপ দিন আসে। ’৮৩ বিশ্বকাপের ফাইনালে যেমন এসেছিল সেই সময়ের প্রবল পরাক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের। ভারতের কাছে লয়েডের দলের পরাজয় আজো এক বিস্ময় হয়ে আছে বিশ্বকাপ ইতিহাসে। শ্রীলঙ্কা জিতলে ততটা বিস্মিত হওয়ার কিছু নেই। এ আসরে একটা কাজই করতে বাকি রেখেছে মাহেলা জয়াবর্ধনের দল-অস্ট্রেলিয়াকে হারানো। শনিবার কেনসিংটন ওভালে সেটা পারবে তো?