২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা : শুধুই মাঠের লড়াই নয়!

টেস্ট, ওয়ানডে– আন্তর্জাতিক ক্রিকেটের এই দুটি ফরম্যাটেরই একেবারে শুরু থেকে সঙ্গী অস্ট্রেলিয়া। সে তুলনায় শ্রীলঙ্কা ক্রিকেটের জগতে একেবারেই নবীন, অস্ট্রেলিয়ার একশতাব্দী পরে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অভিষেক। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মধ্যেকার ক্রিকেট সম্পর্ক মোটেই নতুন কিছু নয়। আর এই দুদলের মধ্যে মাঠের লড়াইয়ের বাইরেও আছে অন্য রকম একটা লড়াই! বিস্তারিত জানাচ্ছেন সুমন হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 11:26 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথের গল্পটা বিশ্বখ্যাত। অ্যাশেজের বাইরেও কিন্তু আরেকটা জমজমাট দ্বৈরথ আছে অস্ট্রেলিয়ানদের। শ্রীলঙ্কার সঙ্গেই। না বললেও চলে এক সময়ের ঔপনিবেশিক প্রভুদের দেশ ইংল্যান্ড থেকে ক্রিকেটের পদচারণা ছড়িয়েছে এই দুদেশেই, তবে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কান ক্রিকেটের সাত-সতেরোর সন্ধান করতে গিয়ে পাওয়া যাচ্ছে আরো মজার মজার খবর।

আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কানদের আনুষ্ঠানিক পদচারণার শুরু সত্তর দশকের মাঝামাঝিতে। আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে ১৯৭৫ সালের বিশ্বকাপেই প্রথম স্বীকৃত ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পায় শ্রীলঙ্কা। সে তুলনায় অস্ট্রেলিয়া তো একেবারে ক্রিকেটের ‘আদ্যিকালের বদ্যিবুড়ো’-টেস্ট ক্রিকেটের সূচনা লগ্ন থেকেই এর সঙ্গী। তবে শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্পর্কের সূচনাও কিন্তু সেই আদিযুগেই! শ্রীলঙ্কা সফর করা প্রথম বিদেশী ক্রিকেট দল অস্ট্রেলিয়াই, এবং সেটা ১৮৮৪ সালের ঘটনা! ইংল্যান্ডে খেলতে যাওয়ার পথে তখনকার সিলোন দ্বীপে যাত্রাবিরতিতে একটি কি দুটি ম্যাচ খেলেছিল বিলি মারডকের অস্ট্রেলিয়া দল।

অস্ট্রেলিয়ায় ক্রিকেটের ইতিহাস অবশ্য আরেকটু পুরনো। ঊনিশ শতকের ষাটের দশকেই অভিবাসী ব্রিটিশদের সঙ্গে ‘অ্যাবরিজিন’ মানে অস্ট্রেলিয়ার আদিবাসীদের ক্রিকেট ম্যাচ হয়েছিল বলে জানা যায়। ১৮৬৮ সালে তো অস্ট্রেলিয়ান আদিবাসীদের একটি ক্রিকেট দল ইংল্যান্ড সফরও করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট সেই আদিবাসীদের হাত ধরে নয়, অভিবাসী শ্বেতাঙ্গদের হাত ধরেই। মারডকের নেতৃত্বে যে দলটা শ্রীলঙ্কা সফর করেছিল সেটাও ছিল শ্বেতাঙ্গদেরই দল।

ইতিহাসে শ্রীলঙ্কা আর ক্রিকেটের সম্পর্কেরও এটাই সর্বপ্রাচীন সূত্র। ওই ম্যাচ বা সিরিজের শ্রীলঙ্কা দলে কারা ছিলেন জানার উপায় নেই, তারপর আরো অনেকদিন উল্লেখ পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কান ক্রিকেটেরও। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেলেও আরো অনেক দিন ক্রিকেটের জগতে তাদের পদচারণা সীমিত ছিল এমসিসির মতো সৌখিন দলের সফরের মধ্যেই।

১৯৭৫ সালের আইসিসি ট্রফির মধ্য দিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটে যে নতুন জোয়ারের সূচনা, তার হাত ধরে ১৯৮১ সালে তারা পেয়ে যায় ক্রিকেটের এলিট ক্লাব টেস্ট পরিবারে প্রবেশাধিকার। কিন্তু হলে কি হবে, পরের দেড় দশক ধরে শ্রীলঙ্কার অবস্থা ছিল অনেকটা আজকের বাংলাদেশের মতোই। অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভার মতো বেশ কিছু ভালো ব্যাটসম্যান ছিলেন বলে তাদের ব্যাটিংটা একটু সমীহ পেতো, কিন্তু অন্য টেস্ট দলগুলোর সঙ্গে লড়াইয়ে তারা নিয়মিতই হারতো। ১৯৯৬ বিশ্বকাপের আগে তাই নিউজিল্যান্ডের গ্রেট রিচার্ড হ্যাডলি যখন মন্তব্য করলেন এই টুর্নামেন্ট জিততে পারে রানাতুঙ্গার দল, তখন অনেকেই একে পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দিয়েছিলেন!

হ্যাডলির ওই মন্তব্যের সঙ্গেও কিন্তু একটা যোগসূত্র আছে অস্ট্রেলিয়ার। ওই বছরের গোড়ার দিকে অস্ট্রেলিয়া সফরে গিয়েই প্রথম নজর কেড়েছিল শ্রীলঙ্কা, একজন হাফ-অস্ট্রেলিয়ান হাফ-শ্রীলঙ্কানের হাত ধরে। তিনি ডেভ হোয়াটমোর। সনাৎ জয়াসুরিয়া আর রুমেশ কালুভিতারানার বিধ্বংসী ওপেনিং জুটিরও শুরু সেখানেই।

১৯৯৬ বিশ্বকাপে ওই জুটির অভাবনীয় সাফল্য বদলে দিয়েছে ওয়ানডে ক্রিকেটের ব্যকরণকেই। ওই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গেই দেখা হয়েছিল রানাতুঙ্গার দলের। সেই দেখায় একটা প্রতিশোধের ব্যাপার ছিল। অন্য রকম প্রতিশোধ, নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে সেবার শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়ানরা। ফাইনালে তার একটা জবাব দেবেন, এমন কথা প্রকাশ্যেই বলেছিলেন শ্রীলঙ্কান বোর্ডের কর্মকর্তারা।

অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার পরের সফরে শুরু হয় আরেক লড়াই। সে লড়াইয়ের আলোচিত চরিত্র মুত্তিয়া মুরালিধরন। তার বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ নতুন নয়, নতুন ব্যাপার ঘটিয়েছিলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হেয়ার-রস এমারসনরা। চাকিংয়ের অভিযোগে মুরালিধরনকে নো ডাকার পর প্রতিবাদে অর্জুনা রানাতুঙ্গা দল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন!

এরপরও অস্ট্রেলিয়ানদের কাছে এমন বিরূপ সংবর্ধনা অনেকবারই পেয়েছেন সর্বকালের সেরা অফস্পিনার। শেন ওয়ার্নের সঙ্গে টেস্টে ক্রিকেটে উইকেট শিকারের রেকর্ড গড়ার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বিতা আরো রসদ জুগিয়েছে সেই লড়াইয়ে। এক পর্যায়ে তো আর কখনো অস্ট্রেলিয়ায় খেলবেন না এমন ঘোষণাই দিয়ে বসেছিলেন মুরালিধরন।

ওয়ার্ন অনেক দূর এগিয়ে যাওয়ার পর সেই উত্তেজনা অনেকটাই থিতিয়ে এসেছে, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ এখনো কেবলই ক্রিকেট ম্যাচ নয়-তারচেয়েও বেশি কিছু। আর সেটা যদি হয় বিশ্বকাপের ফাইনাল, তাহলে তো কথাই নেই।