২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে সবাই সবার মুখোমুখি

ফাইনাল মানে সেরা দুটি দলের লড়াই। অনেক অঘটনের পরও কিন্তু এবারের বিশ্বকাপে শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। খেলোয়াড়দের ফর্ম, ধারাবাহিকতা আর দলগত ভারসাম্যের বিচারে সেরা দুটি দলই মুখোমুখি হচ্ছে ২৮ এপ্রিলের চূড়ান্ত লড়াইয়ে! সন্দেহ নেই, ‘ভিনগ্রহের ক্রিকেট’ খেলতে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাটিংয়ে বিস্ফোরক উপাদান আর বোলিংয়ের ভারসাম্যে এই মুহূর্তে পাল্লা দিতে পারে কেবল শ্রীলঙ্কাই। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মাঠে নামার আগে তারপরও কিন্তু একটু এগিয়ে রাখতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদেরই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বিশ্লেষণ বলছে সে কথাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 11:05 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

১. ম্যাথু হেইডেন (৯) বনাম সনাৎ জয়াসুরিয়া (৯)

দুজনই বাঁহাতি। ইনিংসের শুরুতে ঝড় তোলায় পারদর্শী। সেই ঝড়ের আভাস ভালোই টের পাওয়া যাচ্ছে এই বিশ্বকাপে। অথচ এই বিশ্বকাপে খেলারই কথা ছিল না তাদের কারোরই। জয়াসুরিয়া তো অবসরই নিয়ে ফেলেছিলেন, এই মাস ছয়েক আগেও অস্ট্রেলিয়া দলে হেইডেন ছিলেন অবাঞ্ছিত! বিশ্বকাপের আগেই দলে ফিরেছেন, আর সে কি ফেরা! এই বিশ্বকাপেই তিনটি সেঞ্চুরি করেছেন ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার সাফল্যের রূপকার জয়াসুরিয়া, আর শচীন টেন্ডুলকারের গড়া এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন হেইডেন। ফাইনালে মাত্র ৫৩ রান করলেই এই রেকর্ডটা হয়ে যাবে তার। জয়াসুরিয়ার প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই থাকবে তার বাঁহাতি স্পিন, ওয়ানডে ক্যারিয়ারে প্রায় ১২ হাজার রানের পাশাপাশি ২৯০টি উইকেট পেয়েছেন যিনি তাকে অলরাউন্ডার না বলে উপায় নেই। তুলনায় ১৪৪ ওয়ানডেতে সাড়ে পাঁচ হাজার রানের মালিক হেইডেনের ক্যারিয়ার রেকর্ডটাকেও একটু অনুজ্জ্বলই দেখাবে। কিন্তু ফর্ম আর ধারাবাহিকতার বিচারে সেটুকু পুষিয়ে দিচ্ছেন হেইডেন। দশে ৯ করে পাচ্ছেন দুজনই।

২. উপুল থারাঙ্গা (৬) বনাম মাইকেল ক্লার্ক (৮)

ইনিংস ওপেন করার অভিজ্ঞতা আছে মাইকেল ক্লার্কেরও, কিন্তু হেইডেন ফেরার পর থেকেই তিনি আবার ফিরেছেন মিডল অর্ডারে। থারাঙ্গা অবশ্য বরাবরই জয়াসুরিয়ার সঙ্গী। তার মতোই বাঁহাতি, তার মতোই বিস্ফোরকও। তবে সমস্যা একটাই, ধারাবাহিকতার অভাব। এই বিশ্বকাপেই তার তিনটি হাফসেঞ্চুরি, কিন্তু সেমিফাইনালে তৃতীয়টি করার আগে তাকে বাদ দেওয়া উচিত হবে কি না আলোচনা হচ্ছিল তা নিয়েই। ক্লার্ক অতোটা আগ্রাসী নন, কিন্তু ব্যাটিংয়ের সৌন্দর্য আর ধারাবাহিকতা বিবেচনায় একটু এগিয়ে রাখতে হবে তাকে। বিশ্বকাপেই ৮ ইনিংসে ৪২৮ রান করেছেন তিনি, সঙ্গে প্রয়োজনে তার বাঁহাতি স্পিন বোলিংটাও কাজে লাগানো যায় মনে রাখলে আরেকটু বেশি নম্বর পাবেন এই ডানহাতি ব্যাটসম্যান।

৩. রিকি পন্টিং (৮) বনাম মাহেলা জয়াবর্ধনে (৮)

মিডল অর্ডারে দলের মূল ভরসা তারা, নিজেদের দলের কান্ডারিও। যখন ফর্মে থাকেন, পন্টিং আর জয়াবর্ধনের ব্যাটিং দেখাটাও এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই বিশ্বকাপে সেই ফর্মের ছাপটা পাওয়া যাচ্ছে নিয়মিতই। ১০ ম্যাচে দুজনেরই একটি করে সেঞ্চুরি আর চারটি করে ফিফটি। রান পাঁচশ’র ওপরে। ক্যারিয়ারের বিবেচনায় তুলনা চলে না ২৭৯ ম্যাচে প্রায় সাড়ে দশ হাজার রানের মালিক পন্টিংয়ের সঙ্গে ২৪৪ ম্যাচে ৬৬৬২ রানের মালিক জয়াবর্ধনের, তবু এই বিশ্বকাপের বিবেচনায় সমান নম্বর পাচ্ছেন দুজন।

৪. অ্যাডাম গিলক্রিস্ট (৭) বনাম কুমার সাঙ্গাকারা (৬)

তাদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ, এই বিশ্বকাপে নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করছেন না। তারপরও দশ ম্যাচে গিলক্রিস্টের সংগ্রহ ৩০৪ রান, সাঙ্গাকারার ২৯৬। উইকেটের পিছনে দাঁড়িয়ে তাদের ভূমিকাটাও কিন্তু ভুলে গেলে চলবে না! প্রতিভার প্রতি সুবিচার করলে নিজেদের দিনে এদের যে কেউ একাই হয়ে উঠতে পারেন ম্যাচের ভাগ্য নির্ধারক! তারপরও অভিজ্ঞতা আর ক্যারিয়ারের ধারাবাহিকতার বিচারে একটু এগিয়ে রাখতে হচ্ছে গিলক্রিস্টকে।

৫. অ্যান্ড্রু সাইমন্ডস (৭) বনাম তিলকরত্নে দিলশান (৭)

দিলশান মূলত ব্যাটসম্যান, কিন্তু তার অকেশনাল অফস্পিনটাও প্রয়োজনের মুহূর্তে বেশ কাজে লাগে। কিন্তু সাইমন্ডস আক্ষরিক অর্থেই একজন অলরাউন্ডার। ১৭০ ওয়ানডেতে ১২৩ উইকেটের পাশে চার হাজারের বেশি রান, সাধে তো আর তাকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে দলে রাখা হয়নি! তুলনায় ১১৯ ম্যাচে ২২৯৫ রান আর ৪১ উইকেটের মালিক দিলশান পরিসংখ্যানের বিচারে তার পাশে দাঁড়াতেই পারেন না। কিন্তু ইনজুরি থেকে সেরে ওঠার পর এখনো ঠিক পুরো ফর্ম ফিরে পাননি বলে বিশ্বকাপের বিচারে সাইমন্ডস আবার একটু পিছিয়ে। ৭ ইনিংসে তার মোটে ১৬৬ রান, বোলিং আর ফিল্ডিংটাও সেভাবে করতে পারছেন না। দিলশানের রানও এমন কিছু বেশি নয়, ৮ ইনিংসে ২০৩ কিন্তু বরাবরের মতোই তার বোলিং এবং বিশেষ করে ফিল্ডিংটা কাজে লাগছে। তাই আপাতত দুজনকেই দিতে হচ্ছে সমান পয়েন্ট।

৬. মাইকেল হাসি (৫) বনাম চামারা সিলভা (৬)

এই বিশ্বকাপের আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ব্যাটসম্যানের স্বীকৃতিটা ছিল হাসিরই। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের দুর্দান্ত ফর্ম তাকে ব্যাট করার তেমন সুযোগ দেয়নি, যেটুকু পেয়েছেন সেটাও কাজে লাগাতে পারেননি বলে এই বাঁহাতিকে মনে হচ্ছে অনুজ্জ্বল। আর চামারা সিলভা শ্রীলঙ্কার প্রথম চার ম্যাচেই টানা ফিফটি করেছিলেন, তবে তারপর থেকে তার ব্যাটও সেভাবে আর হাসছে না। ক্যারিয়ারে সাফল্যের ধারাবাহিকতার বিবেচনায় একটু বেশি পয়েন্ট পেতে পারতেন হাসি, কিন্তু বিশ্বকাপের ৬ ইনিংসে মোটে ৮৭ রান করায় ৯ ইনিংসে ৩২৯ রান করা সিলভাকেই একটু এগিয়ে রাখতে হচ্ছে।

৭. শেন ওয়াটসন (৬) বনাম রাসেল আরনল্ড (৫)

একটা সময় ছিল, যখন আরনল্ড ছিলেন শ্রীলঙ্কা দলের অপরিহার্য এক অলরাউন্ডার। তবে ব্রিজটাউনে তিনি যে মাঠে থেকেই অবসরের ঘোষণা দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেটাও এক অর্থে বিস্ময়করই। বিশ্বকাপের আগে অনেকদিন দলের বাইরে ছিলেন তিনি, বিশ্বকাপে হঠাৎ করেই দলে এলেও এমন কিছু করেননি। একটি ফিফটিসহ ৮ ইনিংসে মাত্র ১১৭ রান তার, বোলিংয়ের সুযোগ পেয়েছেন মোটে ১০ ওভার, তাতে তার শিকার তিন উইকেট। তুলনায় ইনজুরির সঙ্গে যুদ্ধ করে ফেরা ওয়াটসনই বেশি উজ্জ্বল, পাঁচ ইনিংসে তারও একটাই ফিফটি কিন্তু রান ১৪২। উইকেট তিনটাই, কিন্তু তার বোলিংটা অস্ট্রেলিয়ার কাজে লেগেছে অনেক বেশি। তাই একটু এগিয়ে থাকছেন ওয়াটসন।

৮. মুত্তিয়া মুরালিধরন (৯) বনাম ব্র্যাড হগ (৭)

নিজেদের দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার। এই একটাই বিবেচনা, নইলে সর্বকালের সেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে বাঁ হাতি লেগস্পিনার ব্র্যাড হগের কোনো তুলনাই হয় না। ওয়ানডেতে ৪৫৫ উইকেটের মালিক মুরালিধরন এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট শিকারী। ১০৫ ম্যাচে ১৩২ উইকেট শিকারী হগও কিন্তু কম সফল নন, ১০ ম্যাচে ২০ উইকেট পেয়েছেন তিনি! তবু মুরালিধরন এগিয়ে থাকবেন যোজন যোজন ব্যবধানে।

৯. চামিন্ডা ভাস (৮) বনাম গ্লেন ম্যাকগ্রা (৯)

অনেক দিন ধরে নিজেদের দলের ফাস্ট বোলিংয়ের ভারটা সামলাচ্ছেন তারা দুজন। আরো একটা মিল আছে, ফাইনালের আগে দুজনেরই ঝুলিতে শিকারসংখ্যা সমান, ৩৮২! তবে ম্যাকগ্রার (২৪৯) চেয়ে প্রায় অর্ধশত ম্যাচ বেশি খেলেছেন ভাস (২৯৮)। শুধু এই বিবেচনাতেই নয়, এই বিশ্বকাপে ফর্মের বিচারেও অনেক এগিয়ে থাকবেন ম্যাকগ্রা। ১০ ম্যাচে তার শিকার ২৫ উইকেট, ভাসের ৯ ম্যাচে ১৩। শুধু একটা জায়গাতেই কিছু বাড়তি পয়েন্ট পাবেন ভাস, তার ব্যাটিং।

১০. শন টেইট (৮) বনাম লাসিথ মালিঙ্গা (৮)

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে ঝড় তুলছেন তারা দুজনই। লাসিথ মালিঙ্গারটা বেশি চোখে পড়ছে কারণ দলের অন্য ফাস্ট বোলারদের তুলনায় তিনি একটু বেশি সফল, অন্য দিকে ম্যাকগ্রার সাফল্যে আড়াল হয়ে যাচ্ছেন টেইট। নইলে ১০ ম্যাচে ২৩ উইকেট শিকারী টেইটকে ৭ ম্যাচে ১৬ উইকেট পাওয়া মালিঙ্গার চেয়ে পিছিয়ে রাখার কোনো কারণ নেই।

১১. নাথান ব্র্যাকেন (৭) বনাম দিলহারা ফার্নান্ডো (৫)/ফারভিজ মাহারুফ (৬)

পেস বোলিংয়ে নতুন বলের দুই বোলারের পর কে, এই প্রশ্নে শ্রীলঙ্কা এখনো সিদ্ধান্তহীনতায়। বোলার হিসেবে ১১১ ম্যাচে ১৩০ উইকেট শিকারী দিলহারা ফার্নান্ডোকে বেশি কার্যকর বিবেচনা করা হয়, যদিও পরিসংখ্যান বলছে ৬৬ ম্যাচে ৮০ উইকেট শিকারী ফারভিজ মাহারুফ মোটেই পিছিয়ে নেই। এই বিশ্বকাপের বিচারে তো নয়ই, ৬ ম্যাচে মাহারুফের শিকার যেখানে ৯ উইকেট, ফার্নান্ডোর মাত্র চারটি। সঙ্গে তার দারুণ কার্যকর ব্যাটিং তো আছেই। তার ওপর সেমিফাইনালে যে মার খেয়েছেন ফার্নান্ডো, তারপর তিনি বাদ পড়তেই পারেন। কিন্তু তৃতীয় পেসার হিসেবে লড়াইটা আসলে তাদের নিজেদের মধ্যেই, ৬৬ ম্যাচে ১১১ উইকেট শিকারী ব্র্যাকেন এগিয়ে থাকবেন স্পষ্ট ব্যবধানে, এই বিশ্বকাপের বিচারেও। টুর্নামেন্টে ৯ ম্যাচে গত বছর ওয়ারডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীর শিকার ১৫ উইকেট।