পন্টিং প্রতিজ্ঞাপূরণ আর জয়াবর্ধনে জয়োল্লাসের অপেক্ষায়
সৌরভ গাঙ্গুলীর সঙ্গে স্বভাবগতভাবে মাহেলা জয়াবর্ধনের কোনো মিল নেই। অধিনায়ক হিসাবে ‘প্রিন্স অব কলকাতা’র শরীরী ভাষা অনেক বেশি আক্রমণাত্মক ছিল জয়াবর্ধনের চেয়ে। তবে একটা দিক দিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক এখন সৌরভের পাশে দাঁড়িয়ে!
২০০১-এর ভারত সফরে এক ম্যাচে টসের আগে স্টিভ ওয়াহকে প্রায় আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলেন সৌরভ। আর বৃহস্পতিবার দু দলের বিচ ফটো সেশনে রিকি পন্টিংকে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হলো জয়াবর্ধনের জন্য! এ কি ফাইনালের আগে প্রতিপক্ষ অধিনায়কের ওপর চাপ সৃষ্টির চেষ্টা?
জয়াবর্ধনে অবশ্য তা মানতে চাননি। গলফ খেলে ফটোসেশনে দেরিতে পৌঁছানোর জন্য তিনি দায়ী করলেন যোগাযোগ অব্যবস্থাপনা ও তীব্র যানজটকে। পন্টিং জানতে চেয়েছিলেন,“তুমি কি একটু দেরি করে ফেললে না?” দীর্ঘক্ষণ অপেক্ষার যন্ত্রণা সয়েছেন বলে বিরক্তিও হয়তো মিশিয়েছিলেন প্রশ্নটাতে। নম্র স্বভাবের জয়াবর্ধনে উত্তরে অকপটে জানালেন,“সত্যি বলছি, অনুষ্ঠানটা সম্পর্কে আমি কিছুই জানতাম না।”
জয়াবর্ধনেকে যারা চেনেন, তারা নির্দ্বিধায় মেনে নেবেন, এই দেরি অনিচ্ছাকৃত হওয়াই স্বাভাবিক। প্রতিপক্ষের ওপরে চাপ প্রয়োগের জন্য এ ধরনের কৌশল অবলম্বন আর যে-ই করুক না কেন, শ্রীলঙ্কার অধিনায়ক যে করবেন না তা নিয়ে বাজি ধরার লোকের হবে না। বরং জয়াবর্ধনে ব্যাট দিয়েই প্রতিপক্ষকে চাপে ফেলতে আগ্রহী। সেমিফাইনালে তা ভালোমতোই বুঝতে পেরেছে নিউজিল্যান্ড! তবে শুধু ব্যাটসম্যান জয়াবর্ধনেই নয়, অধিনায়ক জয়াবর্ধনেও এই সময়ের মহাবিস্ময়। অধিনায়ক হিসাবে প্রথম বিশ্বকাপেই দলকে ফাইনালে নিয়ে যাওয়ার কৃতিত্ব ক’জনেরই আছে! ফিল্ডিংয়ের সময় সতীর্থদের সব সময় উদ্বুদ্ধ করা, বোলারদের ব্যবহারে চাতুর্য, ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়া-সব মিলিয়ে অধিনায়ক হিসেবে জয়াবর্ধনে এখন পরিনত, বিশ্বকাপটাও দারুণ কাটছে তার।
বিশ্বকাপের গত আসর কিন্তু ভয়াবহ ছিল তার জন্য। ৭ ইনিংসে তার ব্যাট শ্রীলংকাকে দিয়েছিল মাত্র ২১ রান। পরিনামে ওয়ানডে ক্যারিয়ারই পড়ে গিয়েছিল হুমকির মুখে। তখন কে ভাবতে পেরেছিল সেই জয়াবর্ধনেই ২০০৭ বিশ্বকাপে ফাইনালের আগে ১০ ম্যাচে ৬৬ দশমিক ১২ গড়ে ৫২৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন! সেমিফাইনালে তার ১০৯ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংসটা তো বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা। সেটা যে তার বিবেচনায় ওয়ানডে ক্যারিয়ারেরই সেরা ইনিংস তা ওই ম্যাচ শেষেই জানিয়েছিলেন শ্রীলংকা অধিনায়ক।
জয়াবর্ধনের সেরা টেস্ট ইনিংসটাও কিন্তু অধিনায়ক হিসাবেই খেলা। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তার ৩৭৪ রান টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেই অসাধারন ইনিংস খেলার পথে কুমার সাঙ্গাকারার (২৮৭) সঙ্গে তার ৬২৪ রানের জুটি টেস্ট ক্রিকেট তো বটেই ফার্স্ট ক্লাস ক্রিকেটেরও সর্বোচ্চ। তার ঠিক আগে মারভান আতাপাত্তুর ইনজুরির কারণে ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসাবে অভিষেক । অভিষেক-পর্বও এক কথায় অবিস্মরণীয়। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে প্রথম বারের মতো হোয়াইটওয়াশ করার কৃতিত্ব তার নেতৃত্বেই দেখায় শ্রীলংকা।
২০০৬-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে সেমিফাইনালে তুলতে না পারার দুঃখটা এই বিশ্বকাপে ভুলিয়ে দিচ্ছেন জয়াবর্ধনে। ব্যাটসম্যান ও অধিনায়ক দুই ভূমিকাতেই ২৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন পরিণত। মাঠের বাইরেও তার ভূমিকা সবার শ্রদ্ধা অর্জন করার মতো। সুপার এইটের শেষ তিন ম্যাচে ১৭ রান করা উপুল থারাঙ্গাকে সেমিফাইনালেও সুযোগ দেয়া হবে কি না, এ নিয়ে একটা একরকম সিদ্ধান্তহীনতাই ছিল শ্রীলংকা শিবিরে। থারাঙ্গার এই দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন জয়াবর্ধনে, জানালেন নিউজিল্যান্ডের বিপক্ষে এই বাঁহাতি ব্যাটসম্যান ইনিংস সূচনাই করবেন। তারপর? ৭৩ রানের এক লড়াকু ইনিংস খেলে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন থারাঙ্গা আর তার গড়ে দেয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে শ্রীলংকাও চলে এলো ফাইনালে।
জয়াবর্ধনের আপাতত একটা কাজই বাকি। শনিবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা উপহার দেয়া। ’৯৬ বিশ্বকাপে দলে ছিলেন না জয়াবর্ধনে। লাহোরের সেই ফাইনাল টিভিতে দেখেছিলেন তখনকার ১৮ বছরের তরুণ। গত আসরে দলে ছিলেন, তবে পুরো আসর কেটেছে হতাশায়। এবার ফাইনালের আগেই ৫২৯ রান করে ৪ বছর আগের দুঃস্বপ্নকে অবশ্য ধূলোয় মিশিয়ে দিয়েছেন। এবার ওয়ানডের সবচেয়ে মর্যাদার শিরোপা যোগ হলে তো সাফল্যের ষোলো কলাই পূরণ হয়ে যায়!
ফাইনালে মাহেলা জয়াবর্ধনের প্রতিপক্ষ রিকি টমাস পন্টিং। অস্ট্রেলিয়া অধিনায়ক যে কতটা ক্ষমতাধর ব্যাটসম্যান সেটা তো প্রতিনিয়তই অনুভব ও উপভোগ করছে ক্রিকেট দুনিয়া। ছেলেবেলায় পন্টিং ‘এক দিন রিকি টেস্ট ক্রিকেট খেলবে’ লেখা টি-শার্ট উপহার পেয়েছিলেন দাদীর কাছ থেকে। সেই ছেলে বড় হয়ে শুধু টেস্টই নয়, ওয়ানডেতেও আবির্ভূত হয়েছেন বোলারদের আতঙ্ক হিসাবে। টেস্টে তার ৩৩ টি সেঞ্চুরি, আর ওয়ানডেতে ২৩টি। কাকতালীয়ভাবে গত বিশ্বকাপের শেষ আর এবারের প্রথম সেঞ্চুরি এসেছে পন্টিংয়ের ব্যাট থেকেই। গতবারের ফাইনালে ভারতের বিপক্ষে তার সেই মহাকাব্যিক ইনিংসটা শুধু বিশ্বকাপেরই নয়, ওয়ানডে ইতিহাসেরও অন্যতম সেরা। ১২১ বলে অপরাজিত ১৪০ রানের ইনিংসটা একেবারে দুমড়ে-মুচড়ে দিয়েছিল সৌরভ গাঙ্গুলীর ভারতকে। বোলারদের সামনে এবারও একই রূপে আবির্ভূত পন্টিং। সেঞ্চুরি ঐ একটিই (স্কটল্যান্ডের বিপক্ষে), তবে তার সঙ্গে ৪টা ফিফটি যোগ হওয়ায় ফাইনালের আগে ৮ ইনিংসে ৭১ দশমিক ৭১ গড়ে তার সংগ্রহ ৫০২ রান। স্ট্রাইক রেটও দুর্দান্ত-৯৫ দশমিক ৯৮। ব্যাটসম্যান পন্টিং সম্পর্কে আরেকটি তথ্যও বেশ চমকপ্রদ। ক্যারিয়ারের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত অ্যাডাম গিলক্রিস্টের চেয়েও ওয়ানডেতে তার ছক্কা বেশি! ফাইনালের আগ পর্যন্তগিলক্রিস্টের ছক্কা ১২৭টা, আর পন্টিংয়ের ১৩১টা! গত দেড় বছরে পন্টিং টেস্টে সেঞ্চুরি করেছেন ১৩ টি, যার মধ্যে ‘জোড়া’ অর্থাৎ এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন দু বার। ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই বিশ্বকাপেই।
ব্যাটসম্যানের মতো অধিনায়ক হিসাবেও দারুন সফল পন্টিং। অধিনায়ক স্টিভ ওয়াহর অভাব যে অস্ট্রেলিয়া বিন্দুমাত্র বুঝতে পারেনি তার কারণ একটাই-রিকি টমাস পন্টিংয়ের সুচতুর, ক্ষুরধার, আক্রমণাত্মক নেতৃত্ব। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে কি পেয়েছেন বলার চেয়ে কি পাননি তা বলাই বোধহয় সহজ! ২০০৩ বিশ্বকাপ, ২০০৬-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, ৮৫ বছর পর অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা-অর্জনের তালিকাটা দেখে অস্ট্রেলিয়ার প্রত্যেক সাবেক অধিনায়কই ঈর্ষা করবেন পন্টিংকে। এখন তার একটাই লক্ষ্য-শনিবারও অস্ট্রেলিয়ার বিজয়নিশান উড়িয়ে ক্লাইভ লয়েডের পাশে দাঁড়ানো। এখন পর্যন্ত এই এক জনেরই অধিনায়ক হিসাবে টানা দু বার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছে। অবশ্য ফাইনালে জিতলে এক হিসাবে লয়েডকেও ছাড়িয়ে যাবেন পন্টিং। টানা তিন বিশ্বকাপের শিরোপা তো জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের অধিনায়ক। ফাইনাল জেতার জন্য সেটাও কম অনুপ্রেরণা নয়।
কথা হলো, প্রেরণা তো ছিল, আছে ,থাকবেও। কিন্তু সামর্থে শনিবার কে পারবেন প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে? পন্টিং যেমন পণ করেছেন টানা তৃতীয় শিরোপা জেতাবেনই অস্ট্রেলিয়াকে, জয়াবর্ধনেও আছেন জয়োৎসবে মাতার অপেক্ষায়। শেষ পর্যন্ত জয় হবে কার?
