ফাইনালের আগেই মুরালির সেই ভয়ঙ্কর রূপ
ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রার পর বিশ্বকাপে উইকেট শিকারের হাফসেঞ্চুরি করলেন মুত্তিয়া মুরালিধরনও। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর স্পিনের জাদুকর এখন ফাইনালের প্রতীক্ষায়। সেখানে প্রতিপক্ষ যে-ই হোক, সমস্যা নেই মুরালিধরনের।
৩১ রানে ৪ উইকেট নিয়ে সেমিফাইনালে কিউইদের ধসিয়ে দেওয়ার কাজে নেতৃত্ব দিয়েছেন মুরালিধরন। ফাইনালের দিকে চোখ রেখে তার ভাবনা, ‘‘দুটি দলই কঠিন, এখানকার উইকেটও কঠিন। আমাদের তাই ভিন্ন রকমের কিছু করতে হবে। অপেক্ষা করে দেখি কারা ফাইনালে আসে। তাদের জন্য প্রস্তুত থাকবো আমরা।’’
ফাইনাল নিশ্চিত করা ম্যাচে ৪ উইকেট নিয়ে ৪ বিশ্বকাপে মুরালিধরনের উইকেট এখন ৫৩টি। তার সামনে আছেন শুধু গ্লেন ম্যাকগ্রা (৬৭ টি)ও ওয়াসিম আকরাম (৫৫)। মঙ্গলবারের সেমিফাইনালেই ম্যাকগ্রাকে ছাড়িয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা নিয়েছিলেন মুরালিধরন (দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য ম্যাকগ্রা আবার ছাড়িয়ে গেছেন তাকে)। ৯ ম্যাচে সবাইকে গড়ে (১৩ দশমিক ৩৪) পেছনে ফেলে মুরালিধরনের শিকার এবার এখন ২৩ উইকেট।
২০০৭ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে শুরু থেকেই ম্যাকগ্রার সঙ্গে চলছে মুরালিধরনের লড়াই। তবে ম্যাকগ্রার চেয়ে একটি দিক দিয়ে এগিয়ে লঙ্কান অফস্পিনার। অস্ট্রেলিয়ান পেসারের এটি শেষ বিশ্বকাপ। মুরালিধরন এখনও নিশ্চিত করেননি এটাই তার শেষ কিনা। ২০০৭ বিশ্বকাপ তার শেষ না হলে ২০১১ সালের আসরেও দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে ম্যাকগ্রাকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডে পেছনে ফেলার সুযোগও মুরালিধরনের সামনে থাকছে।
২০১১ নয়, মুরালিধরনের সব মনযোগ এখন ২০০৭ বিশ্বকাপের ফাইনাল ঘিরে। এমনিতে তার স্পিন বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্ক। তার ‘দুসরা’ আরো ভয়ানক। এর সঙ্গে সম্প্রতি যোগ করেছেন নতুন কৌশল। আম্পায়ার ও উইকেটের মাঝখান দিয়ে ঢুকে বোলিং করা। তাতে ব্যাটসম্যানদের বোকা বানানোর অনন্দটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মুরালিধরন।
মুরালিধরনের নিজের কথায়, ‘‘এই সময়টাতে অ্যারাউন্ড দ্য উইকেটে আমি খুব ভালো বোলিং করছি। নতুন এই কৌশলটা আমাকে দারুণ সহায়তা করতে পারে। যখন আপনি দেখতেই পান না যে বলটা কোনদিক দিয়ে আসছে, তখন কাজটা কঠিন হয়ে যায়। আশা করি, ভবিষ্যতেও এটি আমাকে সহায়তা করবে, আরো উইকেট পাবো।” মুরালিধরন বলেছেন, ‘‘ব্যাটসম্যানরা স্পিনের জন্য তৈরি থাকে কিন্তু আমি দুসরা দিলে তা থেকে বেশি উপকার পাই।’’
১৯৯৬ থেকে শুরু করে ২০০৭ এর সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপে মোট ৩০ ম্যাচ খেলেছেন মুরালিধরন। ক্যারিয়ারে যেখানে ২৯৬ ম্যাচে অর্জিত ৪৫৫ উইকেটের গড় ২২ দশমিক ৫৮, সেখানে বিশ্বকাপে ১৮ দশমিক ৮৬। ৫ উইকেট অবশ্য বিশ্বকাপে নেওয়া হয়নি। তবে ১৯ রানে ৪ উইকেটের সেরা পারফরম্যান্সটা এবারই এসেছে।
বিশ্বকাপে ৩০ ম্যাচের মধ্যে মুরালিধরনের খেলা ২১ ম্যাচেই দল জিতেছে, ৮টিতে হেরেছে। একটিতে ফল হয়নি। হারা ম্যাচগুলোর দুটিতে ২ উইকেট করে আর বাকিগুলোতে পেয়েছেন ১টি করে উইকেট। ক্যারিয়ারের ইকনোমি রেট ৩ দশমিক ৮৪, বিশ্বকাপে আরো কম, ৩ দশমিক ৭৬। হারা ম্যাচগুলোতেও এর কাছাকাছি, মাত্র ৩ দশমিক ৭৭। মুরালিধরন হিসেবী সবসময়ই।
অস্ট্রেলিয়া আর মুরালিধরন দ্বৈরথটা বহু আগের। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে দল জিতলেও মুরালিধরন পেয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে ১০ ওভারে দিয়েছিলেন মাত্র ৩১ রান। আর কখনো বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেখা হয়নি। এবার একটা সুযোগ ছিল সুপার এইটে, কিন্তু তাকে সেই ম্যাচে দেওয়া হয় বিশ্রাম। তবে এবার ফাইনালে অস্ট্রেলিয়া আসুক বা দক্ষিণ আফ্রিকা, মুরালিধরন কিন্তু তৈরি।
