আর্নল্ড জানালেন, ফাইনালই তার শেষ
বিশ্বকাপ থেকে অবসরের ঘোষণা দেওয়া খেলোয়াড়দের তালিকায় এবার যোগ হলো রাসেল আর্নল্ডের নাম। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান ২৮ তারিখের বিশ্বকাপ ফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে কলম্বোর ননডেসক্রিপ্ট ক্লাবের হয়ে ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার।
শ্রীলঙ্কা ক্রিকেটের মূখপাত্র সামান্থা আলগামা মিডিয়াকে জানিয়েছেন আর্নল্ডের এই সিদ্ধান্ত, ‘‘জ্যামাইকাতে দলের ম্যানেজার মাইকেল টিসেরাকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে রাসেল। সেটা এখন আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে জানানো হয়েছে।’’
পরে অবশ্য আর্নল্ড নিজেও শ্রীলংকার দ্য আইল্যান্ড পত্রিকাকে বলেছেন,“ আমি মনে করি (অবসর নেয়ার) এটাই ঠিক সময়।” ২০০৭ বিশ্বকাপে এ পর্যন্ত ৮২-র বেশি স্ট্রাইকরেটে ১০ ম্যাচে ১১৭ রান করা আর্নল্ড তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেছেন,“ (বিশ্বকাপের পর) আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবো বলে মনে হয় না। মনের আনন্দের জন্য এমনি একটু-আধটু খেলবো হয়তো। তবে খেলোয়াড় না থাকলেও অন্যভাবে খেলাটার সঙ্গে থাকতে চাইবো আমি।”
১৯৯৭ সালে ওপেনার হিসেবে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন রাসেল আর্নল্ড। পরে দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাট করে ৪৪ টেস্টে এ পর্যন্ত ২৮ দশমিক ১১ গড়ে করেছেন ১৮২১ রান। অবশ্য টেস্ট দলে অনেকদিন ধরেই আর্নল্ড অনিয়মিত। শ্রীলংকার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৪ সালের অস্ট্রেলিয়া সফরে। ওয়ানডেতেও ২০০৩ সালের পর থেকে কখনো দলে, কখনো বাইরে-এভাবেই কেটেছে। তবু ভাগ্যবানই বলতে হবে তাকে। ক্যারিয়ার শেষ হচ্ছে বিশ্বকাপ ফাইনাল দিয়ে-এমন ভাগ্য ক’জনের হয়? ১৭৯ ম্যাচে ৩৫ গড়ে ৩৫০০ রান-ওয়ানডে রেকর্ড এমনিতেই বেশ ভালো। দেখা যাক, ফাইনালে এ রেকর্ডে রাসেল আর্নল্ড আর কতটা উজ্জ্বলতা দিতে পারেন।
