শ্রীলংকার জন্য ‘বোনাস’ প্রেরণা
কলম্বোর ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবে জড়ো হয়েছিলেন শ্রীলঙ্কার ’৯৬ বিশ্বকাপ বিজয়ী বীর ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন এই বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রত্যেক সদস্যের বাবা-মা এবং কয়েক জন তারকা অ্যাথলেট।
উদ্দেশ্য একটাই-বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য খেলোয়াড়দের উজ্জীবিত করা। মঙ্গলবার জ্যামাইকার কিংস্টনে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া শ্রীলঙ্কা দলকে শুভকামনা জানিয়ে সবার স্বাক্ষর করা একটি ফ্যাক্স পাঠিয়েছেন তারা, বের করেছেন র্যালিও।
সোমবার এই চমকপ্রদ উদ্যোগের মধ্যমণি ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ’৯৬ বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করা ডি সিলভা ছাড়াও দলকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছেন রোশান মহানামা, হাশান তিলকরত্নে, রমেশ কালুভিতারানা, উপুল চন্দনা, কুমারা ধর্মসেনা ও রবীন্দ্র পুষ্পকুমারা। ২০০০ সালের সিডনি অলিম্পিকে মেয়েদের ২০০ মিটারে ব্রোঞ্জজয়ী সুশান্তিকা জয়াসিংহে এবং এশিয়াডে তিনটি সোনাজয়ী দময়ন্তী দর্শাও ছিলেন তাদের সঙ্গে। ছিলেন ’৭৪ এশিয়াডে পুরুষদের রূপাজয়ী রিলে দলের সদস্য সুনীল জয়াবর্ধনেও। ওই অনুষ্ঠানেই টেলিফোনে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও মুত্তিয়া মুরালিধরন।
