যেখানে সবাই সবার মুখোমুখি
মঙ্গলবার কিংস্টনের স্যাবাইনা পার্কে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড। ওই ম্যাচে দুদলের একাদশে যারা থাকবেন, পারফরম্যান্সের বিচারে তাদের পাশাপাশি দাঁড় করালে কেমন হয়? এই বিশ্বকাপ এবং ক্যারিয়ারের পারফরম্যান্স বিবেচনায় রেখেই দুদলের এই তুলনা।
১. স্টিভেন ফ্লেমিং বনাম সনাৎ জয়াসুরিয়া
দুজনই বাঁহাতি, এক সময় মিডল অর্ডারে ব্যাট করতেন, এখন করেন ওপেন। এই বিশ্বকাপে নিজেদের দলের অন্যতম ব্যাটিং স্তম্ভও। সেই বিবেচনাতেই তাদের পাশাপাশি রাখা। নইলে ফ্লেমিং আর জয়াসুরিয়ার আসলে কোনো তুলনাই হয়না। ‘মাতারা হারিকেন’ জয়াসুরিয়া মাঠে নামা মানেই ঝড়, প্রতিপক্ষের বোলারদের হৃৎকম্প। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক জয়াসুরিয়া এই বিশ্বকাপেই দুটি সেঞ্চুরিসহ করেছেন ৪০৩ রান, গড় ৫০.৩৭ এবং স্ট্রাইক রেট যথারীতি একশর ওপরে। অন্য দিকে নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিং মোটেই ঝড় তোলার লোক নন, তার ব্যাটিংয়ে আছে এক ধরনের অলস সৌন্দর্য। ৯ ম্যাচে একটি সেঞ্চুরিসহ তিনি ৪৪.০০ গড়ে করেছেন ৩৫২ রান, স্ট্রাইক রেট ৮৬.৯১। সন্দেহ নেই ইনিংসের সূচনায় এই দুজনের সাফল্যের ওপরই নির্ভর করবে শ্রীলংকা আর নিউজিল্যান্ডের ইনিংসের গতিপথ।
জয়াসুরিয়ার প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই থাকবে তার বাঁহাতি স্পিন, ওয়ানডে ক্যারিয়ারে প্রায় ১২ হাজার রানের পাশাপাশি ২৯০টি উইকেট পেয়েছেন যিনি তাকে অলরাউন্ডার না বলে উপায় নেই। ফ্লেমিংয়ের সেটা নেই, কিন্তু আছে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেটাও কম কিছু নয়।
২. উপুল থারাঙ্গা বনাম পিটার ফুলটন
ওপেনিংয়ে জয়াসুরিয়া আর ফ্লেমিংয়ের সঙ্গে ওপেন করতে নামবেন এই দুই তরুণ। এই বিশ্বকাপে ফর্ম বিবেচনায় একটু এগিয়ে রাখতে হবে ফুলটনকে, ৭ ম্যাচে দুটি হাফসেঞ্চুরিসহ তার সংগ্রহ ২৫১। ৯ ম্যাচে থারাঙ্গারও হাফসেঞ্চুরি দুটি, রান একটু কম-২১৯। কিন্তু ক্যারিয়ারের কথা বিবেচনায় রাখলে থারাঙ্গাকেই বেশি বিপজ্জনক মনে হবে। ৫২ ম্যাচেই ৬টি সেঞ্চুরি এই বাঁহাতির, ৩৫ ম্যাচে একবারই মাত্র তিন অংক ছুঁয়েছেন ফুলটন।
৩. স্কট স্টাইরিস বনাম মাহেলা জয়াবর্ধনে
এই বিশ্বকাপে তারা দুজনই নিজেদের দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে স্টাইরিস করেছেন ৪৬২ রান, তারচেয়ে একটি ইনিংস বেশি খেলে জয়াবর্ধনের সংগ্রহ ৪১৪ রান। স্টাইরিসের আরেকটি বড়ো প্লাস পয়েন্ট তার দারুণ কার্যকর মিডিয়াম পেস বোলিং, এই বিশ্বকাপেই ৯টি উইকেটও পেয়ে ম্যান অফ দি টুর্নামেন্ট হওয়ার লড়াইয়ে ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে। তবে রান কম করলেও এই বিশ্বকাপে দলের বিপদে জুটি গড়ার ক্ষেত্রে জয়াবর্ধনের ভূমিকা ভুলে গেলে চলবে না। অধিনায়ক হিসেবে অবশ্য ফ্লেমিংয়ের মতো পয়েন্ট পাবেন না তিনি।
৪. ক্রেইগ ম্যাকমিলান বনাম তিলকরত্নে দিলশান
তারা দুজনই মূলত ব্যাটসম্যান, কিন্তু দলের প্রয়োজনে একটু-আধটু বোলিংও করতে জানেন। এই কাজটায় ইদানিং দিলশানই বেশি নিয়মিত, শ্রীলংকা তার অফস্পিনকে বেশ কাজে লাগাচ্ছে। এই বিশ্বকাপে ৭ ইনিংসে ১৭৩ রান করার পাশাপাশি নিয়েছেন তিনটি উইকেট, সঙ্গে যোগ করে নিন তার দুর্দান্ত ফিল্ডিংও। ম্যাকমিলানও এই বিশ্বকাপে অনেক দিন পর কাজে লাগাচ্ছেন তার হাল্কা মিডিয়াম পেস বোলিং, তবে দিলশানের চেয়ে ব্যাটসম্যান হিসেবে একটু হলেও এগিয়ে থাকবেন ১৯৬ ওয়ানডেতে সাড়ে চার হাজারেরও বেশি (৪৬৮২) রান করা ম্যাকমিলান। এই বিশ্বকাপের ৯ ম্যাচে তার সংগ্রহ ২০৩ রান এবং তিনটি উইকেট।
৫. কুমার সাঙ্গাকারা বনাম ব্রেন্ডন ম্যাককালাম
ব্যাটসম্যান হিসেবে খুব খারাপ নন ব্রেন্ডন ম্যাককালাম, এই টুর্নামেন্টেই বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটা গড়েছেন তিনি। কিন্তু তারপরও ১৯৬ ওয়ানডেতে ৫৪৯৫ রানের মালিক সাঙ্গাকারার সঙ্গে আসলে তার কোনো তুলনা হয় না এই বিবেচনায়। সাঙ্গাকারা আগে ব্যাটসম্যান, স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই ঢুকতে পারেন দলে। উইকেটের পিছনে গ্লাভস হাতেই বা তাকে পিছিয়ে রাখবেন কি করে? মুত্তিয়া মুরালিধরনকে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরাই বুঝতে পারেনা, কিন্তু তিনি তো দিনের পর দিন উইকেট সামলে যাচ্ছেন তার বলেই। এই বিশ্বকাপে ব্যাট হাতে একটু ম্লান সাঙ্গাকারা, তারপরও কিন্তু ৯ ম্যাচে তিনটি ফিফটি তার, রান ২৭৮। ম্যাককালামের সম্বল ওই একটাই হাফসেঞ্চুরি, সংগ্রহও সাদামাটাÑ ৬ ইনিংসে তিনি করেছেন মোটে ১১৭ রান!
৬. চামারা সিলভা বনাম হামিশ মার্শাল
শ্রীলঙ্কান লাইন আপে চামারা সিলভা এখন অপরিহার্য এক ব্যাটসম্যান। মিডল অর্ডারের শেষ জায়গাটিতে তার কার্যকারিতা জানাবে পরিসংখ্যানইÑ বিশ্বকাপের ৯ ম্যাচে চারটি হাফসেঞ্চুরিসহ তার সংগ্রহ ৩০৮ রান। অন্য দিকে লু ভিনসেন্টের ইনজুরির কারণে দলে সুযোগ পাওয়া মার্শাল এখনো দলেই নিয়মিত নন। নিউজিল্যান্ডের লাইন আপে তিন নম্বর জায়গাটা নিয়ে রস টেলরের সঙ্গে দারুণ লড়াই-ই হবে তার। শেষ দুটি ম্যাচে টেলর খারাপ করায় তার কপাল খোলারই সম্ভাবনা বেশি, আর সুযোগ পেলে সেটাকে যে তিনি কাজে লাগাতে জানেন সেটা দেখিয়েছেন এই টুর্নামেন্টেই। তিন ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েই একটি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
৭. জ্যাকব ওরাম বনাম রাসেল আরনল্ড
একটা সময় ছিল, যখন আরনল্ডের পরিচয় ছিল অলরাউন্ডার হিসেবে। এখনো তিনি সেটাই, তবে আজকাল তার অফস্পিন খুব একটা কাজে লাগে না শ্রীলঙ্কার। সাত নম্বরে ব্যাট করতে নামেন বলে দল বিপদে না পড়লে ব্যাট হাতেও তেমন কিছু করার সুযোগ থাকে না। তবে থাকলে সেটা করতে ভোলেন না তিনি, এই বিশ্বকাপে একবারই তার ব্যাটের দিকে তাকাতে হয়েছিল শ্রীলঙ্কাকে, সেদিন তিনি করেছেন হাফসেঞ্চুরি। ৭ ইনিংসে ব্যাট করে ১০৩ রান, কিন্তু এসব ইনিংসের বেশিরভাগেই তিনি ব্যাট করতে নেমেছেন আসলে শেষ ৫ ওভারে! তুলনায় ওরামকে এগিয়ে রাখতে হচ্ছে, কারণ নিউজিল্যান্ডের ব্যাটিং-বোলিং দু বিভাগেই তার ওপর নির্ভরতা অনেক বেশি। তিন নম্বরেই বল হাতে নেন তিনি, ব্যাট করেন ছয় নম্বরে। এবং কোনোটাতেই কম যান না। অন্তত পরিসংখ্যান তা-ই বলছে। ৮ ম্যাচে ১৬২ রানের পাশে তার শিকার ৯ উইকেট।
৮. মুত্তিয়া মুরালিধরন বনাম ড্যানিয়েল ভেট্টরি
দুজনই নিজেদের দলের সেরা স্পিনার। কিন্তু সর্বকালের সেরা অফস্পিনার মুরালিধরনের সাফল্যের পাশে ভেট্টরিরটাকে বামন মনে হতেই পারে। ওয়ানডেতে ৪৪০ উইকেটের মালিক মুরালিধরন এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট শিকারী। ১৯৬ ম্যাচে ১৯৪ উইকেট শিকারী বাঁহাতি স্পিনার ভেট্টরি ৯ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। তবে একটা জায়গায় এগিয়ে থাকবেন তিনি, তার ব্যাটিং। নিউজিল্যান্ডের পক্ষে এমনকি ওপেন করারও অভিজ্ঞতা আছে তার!
৯. চামিন্ডা ভাস বনাম জেমস ফ্র্যাংকলিন
এই বিশ্বকাপে নতুন বল হাতে তারা দুজনই পালন করছেন ‘সাহায্যকারী’র ভূমিকা। সঙ্গে ব্যাট হাতে প্রয়োজনে ঝড় তোলার ক্ষমতা আছে দুজনেরই। কিন্তু অভিজ্ঞতা আর ধারাবাহিকতার বিচারে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থাকবেন ভাস। আসলে তো তিনিই নতুন বলে শ্রীলঙ্কার প্রথম পছন্দ, লাসিথ মালিঙ্গা তার অনেক সঙ্গীর একজন। ওয়ানডেতে ৩৮১ উইকেটের মালিক ভাস বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে পেয়েছেন ১২ উইকেট, যদিও ব্যাট হাতে বড় কিছু করার প্রয়োজন হয়নি। ফ্র্যাংকলিনের অভিজ্ঞতা মোটে ৬৪ ম্যাচের, তাতে ৬২ উইকেটের মালিক এই পেসার এই বিশ্বকাপের ৮ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট, তবে দুটি ইনিংসে দারুণ খুনে ব্যাটিং করায় সর্বশেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন ৬ নম্বরে ব্যাট করার।
১০. শেন বন্ড বনাম লাসিথ মালিঙ্গা
ইনজুরি সেরে দলে ফেরা এই দুই স্পিডস্টারকে ঘিরেই সবচেয়ে বেশি আকর্ষণ ছড়াচ্ছে এই ম্যাচ। গতির লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি বন্ড এগিয়ে থাকবেন আরেক জায়গায়ওÑ এই বিশ্বকাপে বোলারদের মধ্যে তার ইকনমি রেটই সবচেয়ে ভালো। ওভারপ্রতি মাত্র ২ দশমিক ৫৮ রান দিয়ে ৭ ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট। তবে মালিঙ্গা তারচেয়ে এক ম্যাচ কম খেললেও পেয়েছেন ১৫ উইকেট।
১১. মাইকেল ম্যাসন/মার্ক গিলেস্পি বনাম দিলহারা ফার্নান্ডো/ফারভিজ মাহারুফ
পেস বোলিংয়ে নতুন বলের দুই বোলারের পর কে, এই প্রশ্নে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড দু দলই আছে সিদ্ধান্তহীনতায়। বিশ্বকাপে সাফল্যের বিবেচনায় শ্রীলঙ্কার মাহারুফ (৬ ম্যাচে ৯ উইকেট) আর নিউজিল্যান্ডের ম্যাসনকে (৫ ম্যাচে ৩ উইকেট) এগিয়ে রাখতে হবে। কিন্তু অতীত রেকর্ড বিবেচনায় রেখে সুযোগ পাবেন হয়তো ৫ ম্যাচে ৪ উইকেট পাওয়া ফার্নান্ডো আর ২ ম্যাচে কোনো উইকেটই না পাওয়া মার্ক গিলেস্পি। স্যাবাইনা পার্কের উইকেট বলেই এমন ভাবতে হচ্ছে। নইলে ৫ ম্যাচে ৭ উইকেট পাওয়া অফ স্পিনার জিতান প্যাটেলকেও বেছে নিতে পারে নিউজিল্যান্ড। পরিসংখ্যানই বলছে, পছন্দ যা-ই হোক শেষ পর্যন্ত, এখানে একটু এগিয়ে থাকবে শ্রীলঙ্কাই। মাহারুফ খেললে তো কথাই নেই, তার ব্যাটিংটাও কাজে লাগবে তখন।
